TV3 BANGLA
আন্তর্জাতিক

জান্নাতে যাওয়ার আশা ট্রাম্পের, কিন্তু শত্রুদের ক্ষমা করতে নারাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মৃত্যুর পর তিনি স্বর্গে যেতে চান এবং একজন ধর্মীয় ব্যক্তি হিসেবে তার বিশ্বাস, তাত্ত্বিকভাবে তিনি স্বর্গে যাবেন। তবে স্বর্গে যাওয়ার জন্য রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে হলে তিনি তা করতে পারবেন না বলে জানিয়েছেন। এমনকি কয়েকজন রাজনৈতিক প্রতিপক্ষকে তিনি আজীবন ঘৃণা করবেন বলেও মন্তব্য করেছেন। তার এই বক্তব্য ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ সাংবাদিক রস ডাউথার্টের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। মৃত্যুর পর তার সঙ্গে কী ঘটবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি একজন ধর্মীয় ব্যক্তি এবং তাত্ত্বিকভাবে তার স্বর্গে যাওয়ার কথা। তবে তিনি আশা করেন, মৃত্যুর পর স্বর্গে যাবেন এবং নরকে যেতে চান না।

সাক্ষাৎকারের একপর্যায়ে সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, স্বর্গে যাওয়ার জন্য যদি সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি কিংবা সাবেক প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমা করতে হয়, তাহলে তিনি কি তা পারবেন?

জবাবে ট্রাম্প বলেন, তিনি যদি এমন ব্যক্তিদের ক্ষমা করেন, তাহলে তিনি আর নিজের প্রকৃত সত্তায় থাকবেন না। তার মতে, এসব রাজনৈতিক প্রতিপক্ষ অত্যন্ত অসৎ এবং দেশের জন্য ক্ষতিকর। তিনি নিজের দেশকে এসব ব্যক্তির চেয়ে অনেক বেশি ভালোবাসেন বলেও মন্তব্য করেন।

সাংবাদিক সরাসরি জানতে চান, তাহলে কি তার উত্তর ‘না’? ট্রাম্প বলেন, তিনি সৎভাবে উত্তর দিতে চান এবং উত্তর হচ্ছে না। পরে সাংবাদিক আবারও তাকে প্রশ্ন করেন, ঈশ্বরের বিচারের মুখোমুখি হওয়ার আগেও কি তিনি শত্রুদের ক্ষমা করতে পারবেন না?

এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি সম্ভবত তা পারবেন না। কারণ, কয়েকজন শত্রুকে তিনি ঘৃণা করেন এবং সব সময় ঘৃণা করে যাবেন।

সাক্ষাৎকারে খ্রিস্টধর্মের ক্ষমা ও উদারতার শিক্ষার প্রসঙ্গও উঠে আসে। সাংবাদিক ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন, চার্লি কার্কের স্মরণসভায় তার স্ত্রী এরিকা কার্ক শত্রু ও প্রতিপক্ষকে ক্ষমা করার বিষয়ে আবেগপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের পর ট্রাম্প নিজেও তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘৃণা করার কথা বলেছিলেন।

সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, জীবনে এত সুযোগ-সুবিধা ও সাফল্য পাওয়ার পরও ঈশ্বরের সামনে দাঁড়িয়ে তিনি কি নিজের কয়েকজন শত্রুকে ক্ষমা করতে পারবেন না? ট্রাম্প তখনও নিজের অবস্থানে অনড় থাকেন এবং স্বীকার করেন, কয়েকজন রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি তার ঘৃণা কখনো শেষ হবে না।

সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের রাজনৈতিক বিরোধীদের মধ্যে সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন উল্লেখযোগ্য। এসব ব্যক্তির সঙ্গে ট্রাম্পের রাজনৈতিক ও আইনি বিরোধ দীর্ঘদিনের।

ট্রাম্পের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের একাংশ তার ধর্মীয় বিশ্বাসের বক্তব্যের সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ঘৃণার অবস্থানকে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন। তবে সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই তার বক্তব্যকে ব্যক্তিগত সততার প্রকাশ হিসেবে তুলে ধরেছেন।

সূত্রঃ সিবিএস নিউজ

এমকে

আরো পড়ুন

এবার রাশিয়ার কাছ থেকে বড় ধাক্কা খেল ভারত!

গৃহযুদ্ধের মুখে পড়তে যাচ্ছে ইসরাইল, নেতানিয়াহুর কপালে ভাঁজ

মণিপুরে নতুন করে সহিংসতায় ৫ জন নিহত, মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা