11.1 C
London
October 27, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

জার্মানিতে গৃহকর্মীর জিহ্বা পেরেক দিয়ে বোর্ডে আটকে দেওয়ার অভিযোগঃ আদালতে বিচার শুরু

জার্মানিতে এক গৃহকর্মীকে প্রায় পাঁচ বছর ধরে নির্যাতন ও শারীরিকভাবে নিপীড়নের অভিযোগে এক দম্পতির বিচার শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে ওই নারীর জিহ্বা পেরেক দিয়ে একটি বোর্ডে আটকে দেওয়া হয় এবং তাকে প্লায়ার্স দিয়ে নিজের দাঁত তুলে ফেলতে বাধ্য করা হয়। এ ছাড়া তাকে বেসবল ব্যাট দিয়ে মারধর ও আগুন জ্বালানোর কাজে ব্যবহৃত বার্নার দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান–এর প্রতিবেদন অনুযায়ী, জার্মানির লোয়ার স্যাক্সনি অঞ্চলে অভিযুক্ত অলিভার এবং ডাগমারকে ব্রাউনশভাইগ আঞ্চলিক আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিজ বাড়িতে কাজ করা পরিচয় প্রকাশ না করা এক নারীকে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ এনেছেন কৌঁসুলিরা।

অভিযোগপত্র অনুযায়ী, নির্যাতনের কয়েকটি ঘটনার ভিডিও ধারণ করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত দম্পতি এখনো কোনো মন্তব্য করেননি বলে জার্মান সংবাদমাধ্যম বিল্ডের বরাতে জানিয়েছে দ্য সান।

প্রতিবেদন অনুযায়ী, নির্যাতনের সময় ওই নারীর দাঁতের সংখ্যা কমে যেতে দেখেছিলেন প্রতিবেশীরা। তারা বাড়িটি থেকে চিৎকারের শব্দও শুনেছিলেন বলে জানিয়েছেন। তবে ওই নারী দীর্ঘদিন ধরে চুপ ছিলেন। পরে এক পরিচিত ব্যক্তির কাছে নিজের ওপর নির্যাতনের কথা প্রকাশ করেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয় এবং পরবর্তী সময়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় অভিযুক্ত দম্পতির ২৯ বছর বয়সী মেয়ে এবং তার ৫৪ বছর বয়সী সঙ্গীর বিরুদ্ধেও জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলার বিচারপ্রক্রিয়ায় ২০২৭ সালের মার্চ পর্যন্ত মোট ১৯টি শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় দত্তক নেওয়া তিন শিশুকে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগে আরেক দম্পতির বিরুদ্ধে মামলার খবরও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এরিকা লিন সায়ার, এবং তার স্বামী ক্লিফোর্ড গেইল সায়ার–এর বিরুদ্ধে শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

জ্যাকসন কাউন্টি শেরিফের দপ্তরের বিবৃতি অনুযায়ী, শিশুদের অনাহারে রাখা, শ্বাসরোধ করা এবং ঘরের বিভিন্ন জিনিস দিয়ে মারধরের অভিযোগ রয়েছে। এরিকার বিরুদ্ধে শিশুদের অবাধ্যতার শাস্তি হিসেবে খালি পায়ে নুড়িপাথরের ওপর দৌড়াতে বাধ্য করা, বিছানায় বিড়ালের ময়লা ছড়িয়ে দেওয়া এবং খেলনার ওপর কুকুরের মল মাখিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার ওই বাড়িতে অভিযান চালিয়ে তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে শিশুদের অবহেলাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

সূত্রঃ দ্য সান ও জার্মান সংবাদমাধ্যম বিল্ড

এমকে

আরো পড়ুন

ট্রাম্পের কঠোর শর্তে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত তীব্র, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে উত্তেজনা

নিউজ ডেস্ক

পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে নিষেধাজ্ঞা নিয়ে ব্রাসেলসে ইইউর উচ্চপর্যায়ের আলোচনা

সিএনএনের বিশ্লেষণঃ ইরানে হামলা করলে ইরাক-ফাঁদে পড়তে পারেন ট্রাম্প