বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক ও তারকা পেসার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চ্যুয়াল সভায় তদন্ত কমিটির করা সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে, নারী দলের সাবেক নির্বাচক ও সাবেক এই ম্যানেজারকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কিছুতে সম্পৃক্ত করবে না বিসিবি।
এর আগে, অস্ট্রেলিয়া প্রবাসী নারী দলের ক্রিকেটার জাহানারা আলম এক ইউটিউবারকে দেয়া সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। অভিযোগ তদন্ত করে দেখতে বিসিবি তদন্ত কমিটি গঠন করলে জাহানারা তাদের কাছেও লিখিতভাবে একই অভিযোগ করেন।
তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্বাধীন তদন্ত কমিটি মঞ্জুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে প্রাথমিক প্রমাণ পেয়েছে। কমিটি জাহানারার করা চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পেলেও বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে অসদাচরণের প্রমানিত হয়েছে।
চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, মঞ্জুরুল ইসলাম বাংলাদেশের ঘরোয়া বা আন্তর্জাতিক—কোনো পর্যায়ের ক্রিকেট কার্যক্রমেই সম্পৃক্ত থাকতে পারবেন না। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেটের সঙ্গে কাজ করলেও দেশে ফিরে কোনো দায়িত্ব পালনের সুযোগ থাকছে না। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) চাকরি করা মঞ্জুরুল অবশ্য গত বছরের ৩০ জুনের পর থেকেই বিসিবির কোনো দায়িত্বে নেই।
এ ছাড়া, জাহানারা আলম ব্যক্তিগতভাবে আইনি পদক্ষেপ নিতে চাইলে তাকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রিকেটাঙ্গনে পেশাদার পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এম.কে

