15.1 C
London
August 25, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ট্রাম্পের নির্দেশ অমান্য, গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ নিহত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের নির্দেশ অমান্য করে গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত ১২ ঘণ্টায় দখলদার বাহিনীর হামলায় আরও ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। একই সময়ের মধ্যে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন। মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, ধ্বংসস্তূপে আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেই জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ।

গাজায় যুদ্ধের পাশাপাশি দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে মৃতের সংখ্যা বাড়ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশু দুর্ভিক্ষে মারা গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত দুর্ভিক্ষ বা অপুষ্টিতে ৪৫৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৫৪ জন শিশু।

চলতি বছরের মে মাসে ইসরায়েল জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর ত্রাণ কার্যক্রম এড়িয়ে নিজস্ব “গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন” নামে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপে সমর্থন জানায়। তবে এই উদ্যোগের পরই অঞ্চলটিতে খাদ্যসংকট ও দুর্ভিক্ষ আরও তীব্র হয়ে ওঠে। ইসরায়েলি বাহিনী এখনো খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে, এতে শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি।

এম.কে
০৪ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

ভিয়েতনামে ১২শো কোটি ডলার প্রতারণা মামলায় রিয়েল এস্টেট ধনকুবেরের মৃত্যুদণ্ড

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

ইরানে হামলা করতেও পারি, নাও করতে পারিঃ ট্রাম্প