TV3 BANGLA
আন্তর্জাতিক

প্রিন্স উইলিয়ামের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় কাপুরের মৃত্যুতে কারিশমা কাপুরের সন্তানদের ঠকানোর অভিযোগ

ভারতীয় ধনকুবের ও ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী সঞ্জয় কাপুরের প্রায় ২.৫ বিলিয়ন পাউন্ডের পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ আরও জটিল হয়ে উঠেছে। সমঝোতার জন্য দীর্ঘ ১৫ দফা বৈঠকেও কোনো সমাধান না আসায় ভারতের সুপ্রিম কোর্ট মধ্যস্থতা প্রক্রিয়া বন্ধ করে দিয়েছেন। এখন পারিবারিক ট্রাস্টের সম্পদ এবং উত্তরাধিকার নিয়ে আইনি লড়াই আদালতেই চলবে।

প্রিন্স উইলিয়ামের দীর্ঘদিনের বন্ধু হিসেবে পরিচিত সঞ্জয় কাপুর ২০২৫ সালের ১২ জুন ইংল্যান্ডের উইন্ডসরে পোলো খেলার সময় অসুস্থ হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, খেলার সময় তার মুখে মৌমাছি ঢুকে গিয়েছিল বা মৌমাছির হুলে আক্রান্ত হয়েছিলেন। পরে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে জানা যায়।

সঞ্জয় কাপুরের মা রানি কাপুর এবং তার স্ত্রী প্রিয়া সচদেব কাপুরের মধ্যে ‘আরকে ফ্যামিলি ট্রাস্ট’-এর সম্পদ নিয়ে বিরোধ চলছে। আদালতে জানানো হয়েছে, এই ট্রাস্টের সম্পদের মূল্য প্রায় ৩০ হাজার কোটি রুপি, যা ব্রিটিশ মুদ্রায় আনুমানিক ২.৫ বিলিয়ন পাউন্ড।

গত বৃহস্পতিবার ভারতের সাবেক প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে ১৫ দফা মধ্যস্থতার পরও দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় সুপ্রিম কোর্ট প্রক্রিয়াটি বন্ধ করে দেন। আদালত জানান, কোনো পক্ষকে জোর করে সমঝোতায় বাধ্য করা যায় না।

আদালতে রানি কাপুরের আইনজীবীরা জানিয়েছেন, তিনি পারিবারিক ট্রাস্ট থেকে ৬ হাজার কোটি রুপি, অর্থাৎ প্রায় ৪৯০ মিলিয়ন পাউন্ড এবং অন্যান্য সম্পদ দাবি করছেন। তার অভিযোগ, তার সম্মতি ও বিষয়টি সম্পর্কে পূর্ণ ধারণা ছাড়াই তার মালিকানাধীন সম্পদ ট্রাস্টে স্থানান্তর করা হয়েছে। ট্রাস্টের অর্থ ও সম্পদ কীভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে প্রিয়া সচদেব কাপুর ও তার পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে সঞ্জয় কাপুরের প্রথম স্ত্রী বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ানের সঙ্গেও উত্তরাধিকার নিয়ে বিরোধ চলছে। ২০০৩ সালে কারিশমাকে বিয়ে করেছিলেন সঞ্জয়। ২০১৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

দিল্লি হাইকোর্টে দায়ের করা পৃথক মামলায় সামাইরা ও কিয়ান তাদের বাবার ব্যক্তিগত সম্পত্তির অংশ দাবি করেছেন। তাদের অভিযোগ, সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার স্ত্রী প্রিয়া যে উইল বা শেষ ইচ্ছাপত্র আদালতে উপস্থাপন করেছেন, সেটি জাল ও তৈরি করা।

সন্তানদের আইনজীবীদের দাবি, ২০২৫ সালের ২১ মার্চ তারিখ উল্লেখ করা ওই উইলটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে তাদের সৎমা বাবার ব্যক্তিগত সম্পত্তির নিয়ন্ত্রণ পান এবং সন্তানদের উত্তরাধিকার সীমিত হয়ে যায়। নথিতে নামের বানানে অসঙ্গতি, ভুল ঠিকানা, সম্পদের পূর্ণ তালিকা না থাকা এবং ডিজিটালভাবে নথি তৈরি ও পরিবর্তনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগও তুলেছেন তারা। বাবার মৃত্যুর আগে উইলটি কেন প্রকাশ করা হয়নি, সেই প্রশ্নও তুলেছেন সন্তানরা।

তবে প্রিয়া সচদেব কাপুর এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীদের বক্তব্য, প্রাথমিকভাবে উইলটি বৈধ এবং সন্তানদের অভিযোগ অনুমাননির্ভর। দিল্লি হাইকোর্ট অভিযোগগুলো বিচারিক প্রক্রিয়ায় যাচাই করার বিষয় হিসেবে বিবেচনা করছে।

২০২৬ সালের এপ্রিলে দিল্লি হাইকোর্ট বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সঞ্জয় কাপুরের সম্পদ সংরক্ষণের নির্দেশ দেন। একই সঙ্গে তার স্ত্রীকে সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে নিষেধ করা হয়। কয়েকটি ব্যাংক হিসাব ও অন্যান্য সম্পদের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়। আদালত পর্যবেক্ষণ করেন, উইল নিয়ে উত্থাপিত সন্দেহজনক বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটিকে সঞ্জয় কাপুরের শেষ বৈধ ইচ্ছাপত্র হিসেবে গ্রহণ করা যাবে না।

সঞ্জয় কাপুর ছিলেন অটোমোটিভ প্রযুক্তি প্রতিষ্ঠান সোনা কমস্টারের চেয়ারম্যান। ২০১৫ সালে তার বাবা সুরিন্দর কাপুরের মৃত্যুর পর তিনি সোনা গ্রুপের দায়িত্ব নেন। ফোর্বসের হিসাব অনুযায়ী, মৃত্যুর সময় তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ৮৪০ মিলিয়ন পাউন্ড।

এখন ভারতের সুপ্রিম কোর্টে পারিবারিক ট্রাস্ট ও রানি কাপুরের সম্পদ দাবির বিষয়টি এগোবে। অন্যদিকে দিল্লি হাইকোর্টে সঞ্জয় কাপুরের উইলের বৈধতা এবং সন্তানদের উত্তরাধিকার দাবি নিয়ে বিচারিক কার্যক্রম চলবে।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

বৈরুত হামলার পর চরম উত্তেজনাঃ ইসরাইলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

হত্যার চেষ্টা চালালে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে জেতাতে মার্কিনিদের প্রভাবিত করতে চাইছে রুশ গণমাধ্যমঃ গোয়েন্দা কর্মকর্তা