TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

নতুন আইনে ব্রিটেনে চিকিৎসক হওয়ার স্বপ্ন ভাঙছে বিদেশি গ্র্যাজুয়েটদেরঃ ইউকে ছাড়ার প্রস্তুতি

যুক্তরাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার প্রশিক্ষণে ব্রিটিশ মেডিকেল গ্র্যাজুয়েটদের অগ্রাধিকার দেওয়ার নতুন আইনের কারণে বিদেশে প্রশিক্ষণ নেওয়া অনেক তরুণ চিকিৎসকের ব্রিটেনে কাজ করার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে। কেউ দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ ইতোমধ্যে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবায় কাজ করার পরিকল্পনা বাদ দিয়েছেন।

গত মার্চে কার্যকর হওয়া ‘মেডিকেল ট্রেনিং (প্রায়োরিটাইজেশন) অ্যাক্ট’-এর আওতায় যুক্তরাজ্যের মেডিকেল স্কুল থেকে স্নাতক হওয়া চিকিৎসক এবং নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন কয়েকটি শ্রেণির আবেদনকারী বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার প্রশিক্ষণে অগ্রাধিকার পাচ্ছেন।

বিশেষজ্ঞ প্রশিক্ষণ চিকিৎসকদের জিপি (জেনারেল প্র্যাকটিশনার) অথবা নির্দিষ্ট বিষয়ে কনসালট্যান্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ধাপ। বিদেশে প্রশিক্ষণ নেওয়া চিকিৎসকরাও আবেদন করতে পারবেন। তবে অগ্রাধিকার তালিকায় না থাকলে তাদের আবেদন বিবেচনা করা হবে অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থীদের পর। ফলে নিয়োগ পরীক্ষায় বা র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকলেও তারা পিছিয়ে পড়তে পারেন।

যুক্তরাজ্যের মেডিকেল স্কুল থেকে ডিগ্রি অর্জনকারীরা সাধারণত অগ্রাধিকার পান। অন্যদিকে, যুক্তরাজ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ বা নির্দিষ্ট অভিবাসন-সংক্রান্ত যোগ্যতা না থাকা বিদেশি চিকিৎসকদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। তবে যুক্তরাজ্যে আগে প্রশিক্ষণ নেওয়া, নাগরিকত্ব বা নির্দিষ্ট আবাসন-সংক্রান্ত যোগ্যতার ভিত্তিতে কিছু বিদেশি চিকিৎসকও অগ্রাধিকার পেতে পারেন।

সরকারের দাবি, সীমিতসংখ্যক প্রশিক্ষণ পদের জন্য প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে প্রশিক্ষিত চিকিৎসকদের পেশাগত সুযোগ সুরক্ষিত করতেই এই আইন করা হয়েছে।

তবে নাফিল্ড ট্রাস্টের বিশ্লেষণে দেখা গেছে, নতুন আইনের পর বিশেষজ্ঞ প্রশিক্ষণে বিদেশে প্রশিক্ষণ নেওয়া চিকিৎসকদের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে। এনএইচএস ইংল্যান্ডের প্রাথমিক পরিসংখ্যান বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, ২০২৫ সালে বিশেষজ্ঞ প্রশিক্ষণের জন্য গৃহীত মোট প্রস্তাবের ২৮ শতাংশ পেয়েছিলেন অগ্রাধিকার তালিকার বাইরে থাকা চিকিৎসকরা। ২০২৬ সালে সেই হার কমে দাঁড়িয়েছে মাত্র ১ দশমিক ৮ শতাংশে।

গ্রিসে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করা ২৭ বছর বয়সী এফতিকিয়া কিউসি ২০২৪ সালে শিশু বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন নিয়ে ব্রিটেনে আসেন। তার লক্ষ্য ছিল একসময় এনএইচএসের কনসালট্যান্ট হওয়া এবং সারাজীবন যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবায় কাজ করা।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে উচ্চ টিউশন ফি দিয়ে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। কিন্তু এনএইচএসে পূর্ব অভিজ্ঞতা না থাকায় চিকিৎসাসংক্রান্ত চাকরি পেতে সমস্যায় পড়েন। চাকরি ছাড়া অভিজ্ঞতা অর্জন সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত ইউসিএলে সংক্রামক রোগবিষয়ক গবেষণায় কাজ শুরু করেন।

গবেষণার কাজ ভালো লাগলেও চিকিৎসক হিসেবে কাজ করার ইচ্ছা ছিল তার। নতুন অগ্রাধিকার ব্যবস্থা চালুর পর বিশেষজ্ঞ প্রশিক্ষণে সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও কমে যায়। ফলে ২০২৭ সালে গ্রিসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেখানে প্রাপ্তবয়স্কদের সংক্রামক রোগ বিষয়ে বিশেষজ্ঞ প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এফতিকিয়া বলেন, যুক্তরাজ্যে এসে যদি চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ না থাকে, তাহলে এখানে আসার কারণ কী? তবে ব্রিটেনে পড়াশোনা এবং এখানকার শিক্ষকদের কাছ থেকে পাওয়া সহযোগিতার অভিজ্ঞতার জন্য তিনি কৃতজ্ঞ।

ভারতীয় চিকিৎসক ২৫ বছর বয়সী সারাধা মুথুকুমারও যুক্তরাজ্যে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বর্তমানে তিনি আবুধাবিতে বসবাস করছেন।

এনএইচএসে চিকিৎসা-সংক্রান্ত অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি একা লন্ডনে এসেছিলেন। কয়েক মাস ধরে বিভিন্ন কনসালট্যান্টকে ই-মেইল করার পর দুটি অবৈতনিক ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টের সুযোগ পান। এসব প্রশিক্ষণে চিকিৎসকরা এনএইচএসের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন, তবে বেতন পান না।

ইন্টারনাল মেডিসিন প্রশিক্ষণের জন্য জাতীয় পর্যায়ের র‌্যাঙ্কিংয়ে ১ হাজার ৩০২তম অবস্থানে থেকেও কোনো প্রশিক্ষণ পদের প্রস্তাব পাননি সারাধা। তার ধারণা, আগের নিয়োগব্যবস্থা বহাল থাকলে এই অবস্থান থেকে সুযোগ পাওয়ার সম্ভাবনা ভালো ছিল।

তিনি জানান, এনএইচএসের নিয়োগব্যবস্থা ‘ওরিয়েল’-এ নতুন কোনো সুযোগ এসেছে কি না, তা দেখার জন্য প্রতিদিন অপেক্ষা করতেন। কখনো অতিরিক্ত কয়েকটি প্রশিক্ষণ পদ যুক্ত হওয়ার খবর পেলেও শেষ পর্যন্ত তার কাছে কোনো প্রস্তাব আসেনি।

সারাধা বলেন, নতুন অগ্রাধিকার ব্যবস্থার কারণে তাকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নতুন করে ভাবতে হয়েছে। এখন তিনি নিজ দেশের কাছাকাছি কোথাও চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ নেওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন। তবে এখনো প্রশিক্ষণের কোনো পদ পাননি।

ভারতে প্রশিক্ষণ নেওয়া আরেক চিকিৎসক, যিনি পরিচয় প্রকাশ করতে চাননি, জানিয়েছেন, এনএইচএসে চাকরি পাওয়ার পরও বিদেশি চিকিৎসকদের পেশাগত উন্নতির পথ কঠিন হতে পারে।

তিনি ২০২১ সাল থেকে এনএইচএসের বিভিন্ন হাসপাতালে কাজ করেছেন। তার অভিযোগ, বিদেশি চিকিৎসকদের অনেক ক্ষেত্রে দৈনন্দিন সেবা দেওয়ার কাজে ব্যবহার করা হলেও জ্যেষ্ঠ পদে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ দেওয়া হয় না। স্বল্পমেয়াদি চাকরির চুক্তির কারণেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

তার ভাষায়, এনএইচএস ট্রাস্টগুলো বিদেশি চিকিৎসকদের অনেক সময় শুধু সেবা দেওয়ার জনবল হিসেবে বিবেচনা করে এবং তাদের দক্ষতা প্রমাণের সুযোগ দেয় না। পরে তার চাকরির চুক্তি নবায়ন করা হয়নি এবং তিনি ব্রিটেন ছেড়ে চলে গেছেন। তবে তার চুক্তি নবায়ন না হওয়ার কারণ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং এর সঙ্গে নতুন অগ্রাধিকার আইনের সরাসরি সম্পর্কও প্রতিষ্ঠিত হয়নি।

অন্যদিকে, ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) প্রশিক্ষণ পদের তীব্র প্রতিযোগিতা মোকাবিলায় অগ্রাধিকার ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে। তবে যুক্তরাজ্যে কর্মরত স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া চিকিৎসকদের, বিশেষ করে বিদেশি গ্র্যাজুয়েটদের জন্য চাকরির স্থায়িত্ব ও পেশাগত উন্নতির সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগের এক প্রভাব মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ১২ হাজার ৮৩৩টি বিশেষজ্ঞ প্রশিক্ষণ পদের জন্য প্রতিযোগিতা করেছিলেন যুক্তরাজ্যে প্রশিক্ষিত ১৫ হাজার ৭২৩ জন এবং বিদেশে প্রশিক্ষিত ২৫ হাজার ২৫৭ জন চিকিৎসক।

সরকারের বক্তব্য, নতুন ব্যবস্থা করদাতাদের অর্থে চিকিৎসকদের প্রশিক্ষণে করা বিপুল বিনিয়োগ সুরক্ষিত করবে এবং এনএইচএসের জন্য আরও টেকসই জনবল গড়ে তুলতে সহায়তা করবে। একই সঙ্গে আন্তর্জাতিক চিকিৎসকদের আবেদন করার সুযোগও বহাল থাকবে।

সূত্রঃ দ্য আই পেপার

এমকে

আরো পড়ুন

ইংল্যান্ডে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে

অনলাইন ডেস্ক

লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভঃ আটক প্রায় ৫০

যে দ্বীপে চাকরি নিলে ঘণ্টায় মিলবে দেড় হাজার টাকা