TV3 BANGLA
ছবি: ফ্রান্সেসকা আলবানিজের সৌজন্যে
আন্তর্জাতিক

জাতিসংঘের বিশেষ দূতকে কোস্টারিকায় প্রবেশে বাধাঃ বিমানবন্দর থেকেই নিলেন সম্মানসূচক ডক্টরেট

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজেকে কোস্টারিকায় প্রবেশ করতে দেয়নি দেশটির কর্তৃপক্ষ। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে সান হোসে আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে রাখা হয়। কোস্টারিকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের উদ্দেশ্যে দেশটিতে গেলেও শেষ পর্যন্ত বিমানবন্দরে বসেই ভার্চুয়ালি সেই ডিগ্রি গ্রহণ করতে হয়েছে তাকে।
বৃহস্পতিবার কোস্টারিকার সান হোসে বিমানবন্দরে পৌঁছানোর পর ইতালীয় নাগরিক আলবানিজেকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এরপর টানা দুই রাত বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করতে হয় তাকে। শনিবার তিনি সেখান থেকে মেক্সিকোর উদ্দেশে রওনা হন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ত্রাসবাদের সঙ্গে কথিত সম্পর্কের বিষয়ে একটি সতর্কবার্তা এবং জাতীয় নিরাপত্তার বিবেচনায় আলবানিজেকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে কোন দেশ বা কর্তৃপক্ষের কাছ থেকে এই সতর্কবার্তা এসেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কোস্টারিকা।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি বলেন, আলবানিজেকে প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্ত মানবাধিকারের প্রতি কোস্টারিকার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ফ্রান্সেসকা আলবানিজে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে ইসরাইলের সামরিক অভিযান, দখলদারত্ব এবং গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে সোচ্চার। বিশেষ করে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের কঠোর সমালোচক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত তিনি। তার এই অবস্থানের কারণে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয় তাকে।
বিমানবন্দরে অবস্থান করেই কোস্টারিকা বিশ্ববিদ্যালয় থেকে ভার্চুয়ালি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন আলবানিজে। পরে তিনি কোস্টারিকার কর্তৃপক্ষের সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কোনো প্রভাব রয়েছে কি না, তা তদন্তের আহ্বান জানান।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কোস্টারিকার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরাইল। অন্যদিকে, শনিবার মেক্সিকো সিটিতে পৌঁছানোর পর আলবানিজেকে ফুল দিয়ে স্বাগত জানান তার সমর্থকরা।
ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে জাতিসংঘের একজন বিশেষ দূতকে কোনো সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত প্রকাশ না করে প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মানবাধিকার ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।
সূত্রঃ  দ্য গার্ডিয়ান
এমকে

আরো পড়ুন

সীমান্তে কড়াকড়িতে জার্মানিতে অনিয়মিত অভিবাসন কমেছে

সবুজে ছেয়ে যাচ্ছে সৌদি আরবের মক্কা

ইরানে পারমাণবিক হামলা চালানোর ‘সম্ভাবনা’ নাকচ করলো হোয়াইট হাউস