TV3 BANGLA
বাংলাদেশ

মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন স্পিকারেরঃ বললেন—পাকিস্তানকে দুর্বল করাই ছিল দিল্লির লক্ষ্য

পাকিস্তান সফরে গিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি দাবি করেছেন, একাত্তরে বাঙালিদের সহায়তা করা ভারতের মূল উদ্দেশ্য ছিল না; বরং পাকিস্তানকে দুর্বল করাই ছিল দেশটির প্রধান লক্ষ্য। তার এই বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং ঢাকা-ইসলামাবাদ কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এসব মন্তব্য করেন। ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি বলেন, ১৯৭১ সালে বাঙালিরা মূলত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিল। কিন্তু তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করেছিল।
২৭ নভেম্বর প্রকাশিত ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও দ্য প্রিন্টের প্রতিবেদনে স্পিকারের এসব বক্তব্য উঠে এসেছে। পাকিস্তান সফরে গিয়ে তার এই মন্তব্যকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য হিসেবে তুলে ধরা হয়েছে।
২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে সরকারি সফরে রয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদ স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সফরে স্পিকারের সঙ্গে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী। সফরকালে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও বৈঠক করেন।
ভারতের ভূমিকা নিয়ে বক্তব্যের পাশাপাশি শেখ হাসিনার ১৫ বছরের শাসনামল নিয়েও সমালোচনা করেন স্পিকার। তার অভিযোগ, ওই সময়ে বাংলাদেশ কার্যত একটি প্রতিবেশী দেশের ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল। তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। ১৯৭৫ সালে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালুর বিষয়েও তিনি আক্ষেপ প্রকাশ করেন। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে উল্লেখ করেন।
শেখ হাসিনার ভারত অবস্থান নিয়েও মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, হাসিনা বাংলাদেশে ফিরে এলে তাকে কারাগারে যেতে হবে। ভারত তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ না করলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে বলে জানান তিনি। এ ছাড়া আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ হিসেবে আখ্যায়িত করেন বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কাশ্মীর ইস্যুতেও পাকিস্তানের অবস্থানের সঙ্গে সুর মিলিয়ে স্পিকার বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী এ সমস্যার সমাধান হওয়া উচিত। ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রার্থীর প্রতি পাকিস্তানের সমর্থনের প্রশংসা করেন।
বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথাও উল্লেখ করেন স্পিকার। তার দাবি, ঢাকায় অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ফাইনালে গ্যালারির প্রায় সব দর্শক পাকিস্তানকে সমর্থন করেছিলেন।
এদিকে পাকিস্তানে স্পিকারের দেওয়া বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১৮২ জন নাগরিক। ২৯ নভেম্বর প্রকাশিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা স্পিকারের বক্তব্যকে মুক্তিযুদ্ধের স্বীকৃত ইতিহাসকে বিকৃত ও প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন কবি নির্মলেন্দু গুণ, লেখক নূরুন নবী, রাজনীতিক পঙ্কজ দেবনাথ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক ও সংগীতশিল্পী মনিরা রউনক বুবলী। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, আইনজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বও এতে স্বাক্ষর করেছেন।
বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ছিল ইতিহাসের প্রতিষ্ঠিত বাস্তবতা। প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়া, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পক্ষে জনমত গঠন এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারত মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১৯৭১ সালের ডিসেম্বরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেয় ভারতীয় সেনাবাহিনীও।
উল্লেখযোগ্য বিষয় হলো, হাফিজ উদ্দিন আহমেদ নিজেও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি একসময় পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন। পরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর বিক্রম খেতাবে ভূষিত হন। ফলে তার পাকিস্তান সফর এবং সেখানে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে দেওয়া বক্তব্য বিশেষ রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব পেয়েছে।
বিশ্লেষকদের কাছে এ সফর ও বক্তব্যের গুরুত্ব আরও বেড়েছে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের টানাপোড়েন এবং ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের নতুন ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে। পাকিস্তানের পার্লামেন্টের পক্ষ থেকেও সফরটিকে দুই দেশের সংসদীয় সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বর্ণনা করা হয়েছে।
সূত্রঃ  দ্য প্রিন্ট \ ইন্ডিয়া টুডে
এমকে

আরো পড়ুন

ইসকন ইস্যুতে পুলিশের ‘ভুয়া বক্তব্য’ প্রকাশ করেছে রয়টার্স

বিএনপির নেতৃত্বে আসতে যাচ্ছেন কি জাইমা রহমান!

এবার ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার