TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে প্রথমবার ফার্মেসিতেই শিশুদের ফ্লু টিকাঃ সোমবার থেকে শুরু হচ্ছে বুকিং

যুক্তরাজ্যে ফ্লু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকায় শিশুদের টিকাদান কার্যক্রম আরও সম্প্রসারণ করেছে দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস। এবারই প্রথমবারের মতো স্কুলে ফ্লু টিকা নিতে না পারা শিশুদের জন্য ফার্মেসিতে টিকা দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে।

স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী সোমবার থেকে এনএইচএস অ্যাপ অথবা এনএইচএসের ‘ফাইন্ড আ ফার্মেসি’ ওয়েবপেজের মাধ্যমে টিকা নেওয়ার জন্য বুকিং করা যাবে। মঙ্গলবার থেকে শুরু হবে টিকাদান। ইংল্যান্ডজুড়ে ৬ হাজারের বেশি হাইস্ট্রিট ফার্মেসিতে এই সেবা পাওয়া যাবে। দুই ও তিন বছর বয়সী শিশুরাও এ কর্মসূচির আওতায় টিকা নিতে পারবে।

এনএইচএস ইংল্যান্ডের জাতীয় মেডিকেল পরিচালক অধ্যাপক ফ্র্যাঙ্কি সোর্ডস বলেন, শীতকালীন ভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। এতে এনএইচএসের ওপর চাপ তৈরি হচ্ছে এবং পরিবারের বড়দিনের পরিকল্পনাও ব্যাহত হতে পারে। শিশু, পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব অভিভাবকের সন্তানের টিকা প্রয়োজন, তাদের দ্রুত অ্যাপয়েন্টমেন্ট বুক করার আহ্বান জানান তিনি।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএর প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি দশকের মধ্যে নভেম্বর মাসে ফ্লু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত সপ্তাহে প্রতি এক লাখ মানুষের মধ্যে হাসপাতালে ভর্তির হার ছিল ৯ জন। এর আগের সপ্তাহে এই হার ছিল ৫ জন। ২০২৫ সালের একই সময়ে এই হার ছিল প্রতি এক লাখে ৪ দশমিক ৯ জন।

এ ছাড়া ফ্লু-জাতীয় উপসর্গ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসা রোগীর সংখ্যাও মৌসুমি প্রত্যাশিত মাত্রার চেয়ে বেশি বলে জানিয়েছে সংস্থাটি।

ইতোমধ্যে ইংল্যান্ডের রিসেপশন থেকে ইয়ার ১১ পর্যন্ত ৩৫ লাখের বেশি শিশুকে ফ্লুর টিকা দেওয়া হয়েছে। তবে যারা স্কুলে টিকা নিতে পারেনি, তাদের জন্য ফার্মেসিতে এই নতুন সুযোগ চালু করা হচ্ছে।

ইউকেএইচএসএর ফ্লু টিকাদান কর্মসূচির প্রধান ডা. সুজানা ম্যাকডোনাল্ড বলেন, স্কুলপড়ুয়া শিশুদের ফ্লুর টিকা শুধু তাদের নিজেদের সুরক্ষিত রাখে না, বরং ছোট ভাইবোন এবং বয়স্ক দাদা-দাদি, নানা-নানিসহ ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যদেরও সুরক্ষা দেয়। দুই বছর বা তার বেশি বয়সী সব শিশুকে প্রতি শীত মৌসুমে ফ্লুর টিকা দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, টিকা না নেওয়া শিশুদের মধ্যে ফ্লু আক্রান্ত হয়ে প্রতিবছর হাজার হাজার অপ্রয়োজনীয় হাসপাতালে ভর্তির ঘটনা ঘটে। টিকা শিশুদের হাসপাতালে ভর্তি হওয়া থেকে রক্ষা করতে পারে, এমনকি জীবনও বাঁচাতে পারে।

এনএইচএসের তথ্য অনুযায়ী, ফ্লুর উপসর্গ সাধারণত দ্রুত দেখা দেয়। এর মধ্যে রয়েছে হঠাৎ উচ্চমাত্রার জ্বর, শরীর ব্যথা, অতিরিক্ত ক্লান্তি, শুকনো কাশি, গলাব্যথা ও মাথাব্যথা। শিশুদের ক্ষেত্রে কানে ব্যথা, চোখে অস্বস্তি, গ্রন্থি ফুলে যাওয়া, ঘুমের সমস্যা, ক্ষুধামন্দা এবং স্বাভাবিকের তুলনায় কম সক্রিয় হয়ে পড়ার লক্ষণও দেখা যেতে পারে।

সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত সাবান ও গরম পানি দিয়ে হাত ধোয়া, কাশি বা হাঁচির সময় টিস্যু কিংবা কনুই দিয়ে মুখ ঢেকে রাখা এবং জ্বর বা অসুস্থতা থাকলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে এনএইচএস।

শ্বাসকষ্ট, হঠাৎ বুকে ব্যথা কিংবা কাশির সঙ্গে রক্ত বের হলে জরুরি চিকিৎসা নেওয়ার জন্য ৯৯৯ নম্বরে ফোন অথবা নিকটস্থ জরুরি বিভাগে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসা-সংক্রান্ত পরামর্শের জন্য এনএইচএস ১১১ নম্বরেও যোগাযোগ করা যাবে।

সূত্রঃ স্কাই নিউজ

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট সংকট, ছাঁটাই হচ্ছে কর্মী

ইউকে জুড়ে ব্ল্যাকআউট: জেনে নিন আপনার বাড়িতে কখন বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ইমিগ্রেশন রেইড,১২ জন ভারতীয় গ্রেফতার

নিউজ ডেস্ক