ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাবের মতো মুখঢাকা পোশাক নিষিদ্ধ এবং স্কুলের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার বিধান রেখে শিক্ষা সংস্কার আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের এই আইনে প্রথম বর্ষের শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না।
গত ২৬ নভেম্বর ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে আইনটি পাস হয়। ভোটাভুটিতে এর পক্ষে ১৪২ জন এবং বিপক্ষে ১১২ জন আইনপ্রণেতা ভোট দেন। চারজন ভোটদানে বিরত ছিলেন। এর আগে ২০ নভেম্বর পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আইনটি অনুমোদিত হয়। ফলে উভয় কক্ষের অনুমোদনের মধ্য দিয়ে শিক্ষা সংস্কার আইনটি পাসের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, স্কুল চলাকালে শিক্ষার্থীরা বোরকা ও নিকাবের মতো পোশাক পরতে পারবে না, যেগুলোতে মুখ সম্পূর্ণ বা আংশিকভাবে ঢাকা থাকে। আইন অমান্য করলে সর্বোচ্চ এক হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। কোনো অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী আইনটি লঙ্ঘন করলে তার বাবা-মা অথবা আইনি অভিভাবককে দায়ী করা হতে পারে।
শুধু পোশাকসংক্রান্ত বিধিনিষেধ নয়, বিদেশি শিক্ষার্থীদের ইতালির শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও ভালোভাবে যুক্ত করার বিষয়টিও আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ লক্ষ্যে বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্স চালুর ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের লক্ষ্য, ভাষাগত সমস্যার কারণে শিক্ষার্থীরা যেন শ্রেণিকক্ষের পাঠদান ও স্কুলের পরিবেশ থেকে পিছিয়ে না পড়ে।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন আইনটি বৃহত্তর শিক্ষা সংস্কার কর্মসূচির অংশ। এর উদ্দেশ্য ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম যথাসময়ে শুরু করা, জাতীয় পুনরুদ্ধার ও স্থিতিস্থাপকতা পরিকল্পনার (পিএনআরআর) আওতায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের ইতালির মূলধারার শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিতে সহায়তা করা।
গত ২১ সেপ্টেম্বর মিলানে এক জনসভায় মেলোনি প্রথম এই শিক্ষা সংস্কারের পরিকল্পনার কথা জানান। তখন স্কুলে মুসলিম ছাত্রীদের বোরকা ও নিকাব পরার প্রসঙ্গে তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের মুখ খোলা রেখে স্কুলে আসতে হবে। তার বক্তব্য ছিল, ইতালিতে এমন কোনো সংস্কৃতিকে উৎসাহিত করা হবে না, যা কিশোরী বা তরুণীদের মুখ ঢেকে চলতে উৎসাহ দেয়।
বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণের বিষয়েও ওই জনসভায় নিজের অবস্থান তুলে ধরেন মেলোনি। তিনি জানান, স্কুলে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কত হবে, সে বিষয়ে একটি সীমা নির্ধারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইতালীয় ভাষায় দুর্বল শিক্ষার্থীদের অভিভাবকদের ভাষা শেখার বাধ্যবাধকতা এবং স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করার বিষয়ও সংস্কার প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।
এরপর গত ২৫ সেপ্টেম্বর মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করে। প্রায় দুই মাস পর পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদনের মধ্য দিয়ে সংস্কার আইনটি পাস হলো।
তবে সরকারের এই উদ্যোগ নিয়ে ইতালির বিরোধী দলগুলো সমালোচনা করেছে। তাদের অভিযোগ, নতুন আইন দেশটির শিক্ষা ব্যবস্থার প্রকৃত সমস্যাগুলোর সমাধান করবে না। বরং বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করা এবং পোশাকের ওপর বিধিনিষেধ আরোপের মতো পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে।
সূত্রঃ এএফপি
এমকে

