TV3 BANGLA
(Image: Quicksilver)
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে প্রবেশের জন্য পাসপোর্টের ছবির সঙ্গে মিলিয়ে প্লাস্টিক সার্জারিঃ তুরস্কে সক্রিয় পাচারচক্র

অন্যের পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশের উদ্দেশ্যে অভিবাসীদের চেহারা বদলে দিচ্ছেন তুরস্কের কিছু চিকিৎসক ও কসমেটিক সার্জন। প্লাস্টিক সার্জারি, বোটক্স, ফিলার এবং চুল প্রতিস্থাপনের মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে মুখের মিল তৈরি করা হচ্ছে। যুক্তরাজ্যে মানবপাচারকারী চক্রের কর্মকাণ্ড নিয়ে চ্যানেল ফোরের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে জানায়, তুরস্কের ইস্তাম্বুলে অবস্থানরত কয়েকজন চিকিৎসক অর্থের বিনিময়ে অভিবাসীদের মুখমণ্ডলে পরিবর্তন আনতে রাজি হয়েছেন। তাদের উদ্দেশ্য, কালোবাজার থেকে সংগ্রহ করা অন্য ব্যক্তির আসল পাসপোর্টের ছবির সঙ্গে অভিবাসীদের চেহারার যতটা সম্ভব মিল তৈরি করা, যাতে তারা সেই পাসপোর্ট ব্যবহার করে বিমানে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারেন।

চ্যানেল ফোরের ডিসপ্যাচেস অনুষ্ঠানের ‘আন্ডারকভার: ব্রিটেনস পিপল স্মাগলার্স’ শীর্ষক অনুসন্ধানে একজন প্রতিবেদক নিজেকে ইরানি অভিবাসী পরিচয় দিয়ে বিষয়টি যাচাই করেন। তার সঙ্গে ছিলেন চ্যানেল ফোরের প্রযোজক ইয়াসমিনারা খান, যিনি নিজেকে ওই প্রতিবেদকের ব্রিটিশ-ইরানি বান্ধবী হিসেবে পরিচয় দেন।

অনুসন্ধানী দল ইস্তাম্বুলের একটি অভিজাত এলাকার ক্লিনিকে গিয়ে এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে। প্রতিবেদককে অন্য একজনের পাসপোর্টের ছবি দেখিয়ে জানানো হয়, ওই ছবির ব্যক্তির মতো দেখতে হতে হবে, যাতে তিনি সেই পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে যেতে পারেন।

ছবি দেখে চিকিৎসক প্রতিবেদকের ভ্রু, চোখের নিচের অংশ ও গালের গঠনের পার্থক্য চিহ্নিত করেন। এরপর চোখের নিচে ফিলার, গালের পরিবর্তন এবং চোখের বাইরের অংশে বোটক্স প্রয়োগের প্রস্তাব দেন। এসব প্রক্রিয়ার মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে চেহারার মিল বাড়ানো সম্ভব বলে জানান তিনি।

চিকিৎসক তাৎক্ষণিকভাবে কাজ শুরু করার প্রস্তাবও দেন। বোটক্স ও ফিলারের একটি প্যাকেজের জন্য ২২ হাজার তুর্কি লিরা, যা প্রতিবেদনে প্রায় ৩৩০ পাউন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে, ছাড়মূল্য দেওয়ার কথা জানান তিনি।

অন্য এক ব্যক্তি, যিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেন, অনুসন্ধানী দলের কাছে অস্ত্রোপচার ও ইনজেকশনসহ প্রায় ১৪ হাজার পাউন্ডের একটি প্যাকেজের প্রস্তাব দেন। তার দাবি, অস্ত্রোপচারের পর চেহারা স্বাভাবিক হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। তবে নিরাপত্তা পরীক্ষায় ওই ব্যক্তি পাস করতে পারবেন, এমন নিশ্চয়তা দেননি তিনি। বরং ফোন থেকে কথোপকথন ও পাসপোর্টের ছবি মুছে ফেলার পরামর্শ দেন।

ওই ব্যক্তি পরে আইনজীবীর মাধ্যমে অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি অবৈধ অভিবাসনে সহায়তা করেন না এবং এ উদ্দেশ্যে কোনো কসমেটিক সার্জারির ব্যবস্থাও করেননি। তার বক্তব্য, ফোনের তথ্য মুছে ফেলার পরামর্শ ছিল সাধারণ গোপনীয়তা রক্ষার পরামর্শ, যা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

অনুসন্ধানে মানবপাচারকারীদের ব্যবহৃত এনক্রিপ্টেড সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলের তথ্যও উঠে এসেছে। এসব চ্যানেলে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার পরিবর্তে বিমানে করে যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছিল। ‘সেলফ-ডিপ্লয়েড’ নামে একটি পাচারকারী নেটওয়ার্কের টেলিগ্রাম চ্যানেলে অনুসন্ধানের সময় প্রায় ১৪ হাজার সদস্য ছিল। তাদের বেশির ভাগকে ইরানি ও আফগান নাগরিক বলে ধারণা করা হয়েছে।

চক্রটির কাছে বিভিন্ন ব্যক্তির আসল পাসপোর্টের একটি ডেটাবেজ রয়েছে বলে অনুসন্ধানে জানা যায়। এসব পাসপোর্ট ব্যবহার করে অভিবাসীদের বিমানে ওঠার ব্যবস্থা করা হয়। একটি পাসপোর্টের জন্য অভিবাসীদের কাছ থেকে সর্বোচ্চ ২১ হাজার পাউন্ড পর্যন্ত নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এক পাচারকারী দাবি করেন, পাসপোর্টের ছবির সঙ্গে মিলিয়ে দিতে তারা যাত্রীদের মুখে ফিলার প্রয়োগ করেছেন। চোয়ালের গঠন ও মুখের বৈশিষ্ট্য মিলিয়ে দেওয়ার পর তাদের বিমানে তুলে দেওয়া হয়েছে। অন্য একজন জানান, সম্প্রতি চুল পাতলা হয়ে যাওয়া এক ব্যক্তিকে চুল প্রতিস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছিল।

অনুসন্ধানে ‘মিরিয়াম’ ছদ্মনামে পরিচয় দেওয়া এক ইরানি নারীর ঘটনাও উঠে এসেছে। ওই নারী ২০২২ সালে অন্যের পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করেন বলে জানান। পাসপোর্টের ছবির সঙ্গে মিল তৈরি করতে ইস্তাম্বুলের একটি ক্লিনিকে তিনি ইনজেকশন নেন। তার উদ্দেশ্য ছিল মুখে বলিরেখা তৈরি করা এবং চোখের পাতা কিছুটা ঝুলিয়ে দেওয়া, যাতে ৬৫ বছর বয়সী এক নারীর ছবির সঙ্গে তার চেহারার মিল হয়।

পরবর্তী সময়ে ওই নারী তার ১৮ বছর বয়সী মেয়েকেও তুরস্ক থেকে যুক্তরাজ্যে নিয়ে আসার ব্যবস্থা করেন। মেয়ের জন্য ২০ হাজার পাউন্ডের বেশি দামের একটি পাসপোর্ট সংগ্রহ করা হয়, যার ছবিতে থাকা নারী মেয়েটির চেয়ে অন্তত ১০ বছরের বড় ছিলেন। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে পাচারকারী তাকে আশ্বস্ত করে বলেন, মেয়ের চেহারাও পরিবর্তন করে দেওয়া হবে। পরে মেয়েটির মুখেও ইনজেকশন প্রয়োগ করা হয় এবং সে বিমানে করে যুক্তরাজ্যে প্রবেশ করতে সক্ষম হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

চ্যানেল ফোরের অনুসন্ধানী দল অন্তত ছয়জন চিকিৎসকের নাম পেয়েছে, যারা ইস্তাম্বুলে অভিবাসীদের পাসপোর্টের ছবির সঙ্গে চেহারা মেলাতে সহায়তা করছেন বলে অভিবাসীরা অভিযোগ করেছেন।

এ ছাড়া লিভারপুলে একজন মানবপাচারকারীর সঙ্গে সাক্ষাতের পর অনুসন্ধানী দলকে নগদ ৫৮ হাজার পাউন্ডের বিনিময়ে আসল পাসপোর্ট ব্যবহার করে দুজনকে যুক্তরাজ্যে নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়। অভিবাসীদের কীভাবে যুক্তরাজ্যে প্রবেশ করানো হবে, তা নিয়ে অনলাইন ওয়েবিনারও আয়োজন করে চক্রটি।

সাবেক ব্রিটিশ বর্ডার ফোর্সের মহাপরিচালক টনি স্মিথ গোপনে ধারণ করা ভিডিওগুলো দেখে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, কাউকে অন্য ব্যক্তির মতো দেখাতে কসমেটিক সার্জারি ব্যবহারের এমন ঘটনা আগে তিনি দেখেননি। তার মতে, এটি অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশে সহায়তার প্রমাণ এবং গুরুতর অপরাধ। বিষয়টি ন্যাশনাল ক্রাইম এজেন্সির তদন্ত করা উচিত।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) জানিয়েছে, মানবপাচার ও সংগঠিত অবৈধ অভিবাসন প্রতিরোধে তাদের প্রায় ১০০টি তদন্ত চলমান রয়েছে। তুরস্কে সংস্থাটির কর্মকর্তারাও কাজ করছেন। সংগঠিত অভিবাসন অপরাধ দমন তাদের মোট কার্যক্রমের প্রায় ২৫ শতাংশ জুড়ে রয়েছে।

অন্যদিকে, ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্যের ছবির সঙ্গে মিল থাকা পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণের চেষ্টা পরিচিত নথি জালিয়াতির একটি ধরন। ভুয়া পরিচয় শনাক্ত করতে বর্ডার ফোর্স গোয়েন্দা তথ্য, নথিপত্র যাচাই এবং বায়োমেট্রিক পরীক্ষা ব্যবহার করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, শুধু কারও পাসপোর্টের ছবির মতো দেখতে হওয়া মানেই বায়োমেট্রিক নিরাপত্তা পরীক্ষা এড়িয়ে যাওয়া নয়। বিমান সংস্থা ও বিদেশি অংশীদারদের সঙ্গে কাজ করে এ ধরনের জালিয়াতি এবং এর পেছনে থাকা অপরাধী নেটওয়ার্ক প্রতিরোধ করা হচ্ছে।

অনুসন্ধানী অনুষ্ঠানটি ৩০ নভেম্বর রাত ৮টায় চ্যানেল ফোরে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে হোসপাইপ নিষেধাজ্ঞাঃ আইন ভাঙলে £১,০০০ জরিমানা

যুক্তরাজ্য জুড়ে আগের চেয়ে অনেক বেশি শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করছেঃপরিসংখ্যান

যুক্তরাজ্যে কলার চালানের নামে আসা ২৪০ কেজি কোকেন জব্দ