TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে কলার চালানের নামে আসা ২৪০ কেজি কোকেন জব্দ

দক্ষিণ আমেরিকা থেকে কলার চালানের আড়ালে যুক্তরাজ্যে পাচার হওয়া ২৪০ কেজি কোকেন জব্দ করেছে ইউকে বর্ডার ফোর্স। পোর্টসমাউথ ডকসে চালানো এই অভিযানে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক রাস্তার বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ পাউন্ড, যা সংঘবদ্ধ অপরাধচক্রের জন্য বড় আর্থিক ধাক্কা হিসেবে দেখছে তদন্তকারীরা।

ঘটনাটি ঘটে ২০২৬ সালের জুলাইয়ের শেষ সপ্তাহে। এমভি আটলান্টিক ক্লিপার (MV Atlantic Klipper) নামের একটি রেফ্রিজারেটেড কার্গো জাহাজে তল্লাশি চালিয়ে কলার ক্রেটের ভেতরে লুকিয়ে রাখা এই বিপুল পরিমাণ ক্লাস ‘এ’ মাদক উদ্ধার করা হয়।

তদন্তে জানা গেছে, জাহাজটি দক্ষিণ আমেরিকা থেকে যাত্রা শুরু করে ক্যারিবিয়ান হয়ে পোর্টসমাউথে পৌঁছেছিল। ইউরোপে কোকেন পাচারের ক্ষেত্রে কলার চালানকে দীর্ঘদিন ধরেই অপরাধচক্রের অন্যতম কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এই অভিযান যৌথভাবে পরিচালনা করে ইউকে বর্ডার ফোর্স ও ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA)। অভিযানে সহায়তা দেয় জয়েন্ট অপারেশনস ইউনিট, যা হ্যাম্পশায়ার পুলিশ ও থেমস ভ্যালি পুলিশের সমন্বয়ে পরিচালিত হয়।

উদ্ধার করা কোকেন পরে একটি গোপন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এনসিএর জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা মাত্তেও সোলে বলেছেন, এই জব্দ অভিযানের ফলে অপরাধচক্র বিপুল মুনাফা থেকে বঞ্চিত হয়েছে, যা ভবিষ্যতে আরও অপরাধে ব্যবহৃত হতে পারত।

তিনি আরও জানান, এই চালানের সঙ্গে জড়িত সংঘবদ্ধ অপরাধী নেটওয়ার্ককে শনাক্ত করতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মাদকের উৎস, পরিবহন রুট এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপগামী ফল ও কৃষিপণ্যের চালানকে ব্যবহার করে কোকেন পাচারের প্রবণতা নতুন নয়। তবে পোর্টসমাউথে ২৪০ কেজি কোকেন জব্দের এই ঘটনা আবারও দেখিয়ে দিল, আন্তর্জাতিক মাদকচক্র বৈধ বাণিজ্যিক পণ্যের আড়াল ব্যবহার করে যুক্তরাজ্যের বাজারে মাদক প্রবেশ করানোর চেষ্টা অব্যাহত রেখেছে।

সূত্রঃ ন্যাশনাল ক্রাইম এজেন্সি\বিবিসি

এম.কে

আরো পড়ুন

নতুন সীমান্ত ব্যবস্থায় ভোগান্তি ঠেকাতে ব্রিটেনে ফরাসি সীমান্তরক্ষী বৃদ্ধি

অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষঃ তুলসী গ্যাবার্ড

প্রতিটি প্রাপ্ত বয়স্কের জন্য বুস্টার জ্যাব নিশ্চিত করা হবে: বরিস জনসন

অনলাইন ডেস্ক