TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে এক ডাক্তারের অশ্লীল কাণ্ডঃ জুনিয়র সহকর্মীকে দেখালেন নিজের যৌন ভিডিও

কর্মস্থলে নিজের ঊর্ধ্বতন অবস্থানের অপব্যবহার করে এক জুনিয়র নারী সহকর্মীকে নিজের অশ্লীল ভিডিও ও ছবি দেখানোর অভিযোগে ইউনিভার্সিটি হসপিটাল কভেন্ট্রির গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সিনিয়র ক্লিনিক্যাল ফেলো ডা. স্টাভরোস দিমিত্রিয়াদিসকে ছয় মাসের জন্য সাময়িক বরখাস্ত করেছে মেডিকেল প্র্যাকটিশনার্স ট্রাইব্যুনাল সার্ভিস (MPTS)।

 

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, হাসপাতালের ব্যস্ত নার্স স্টেশনে দায়িত্ব পালনরত অবস্থায় ডা. দিমিত্রিয়াদিস ইচ্ছাকৃতভাবে নিজের মোবাইল ফোনের গ্যালারি থেকে একটি অশ্লীল ছবি এবং নিজের যৌন কর্মকাণ্ডের ভিডিও এক জুনিয়র সহকর্মীকে দেখান। ভিডিওটি দেখানোর সময় তিনি বিদ্রূপাত্মক হাসি দিচ্ছিলেন বলেও ট্রাইব্যুনালে উল্লেখ করা হয়।

প্যানেলের মতে, এই আচরণ ছিল স্পষ্টভাবে যৌন উদ্দেশ্যপ্রণোদিত এবং একজন সিনিয়র চিকিৎসক হিসেবে তার পদমর্যাদা ও ক্ষমতার অপব্যবহার। এ ধরনের আচরণ কর্মক্ষেত্রের পেশাগত নীতিমালা ও নিরাপদ কর্মপরিবেশের পরিপন্থী বলে মন্তব্য করা হয়।

শুনানিতে আরও উঠে আসে, ভিডিও দেখানোর ঘটনার প্রায় দুই মাস আগে একই সহকর্মীর কাঁধে হাত রেখে ডা. দিমিত্রিয়াদিস বলেছিলেন, তিনি যুক্তরাজ্য ছাড়ার আগে তার সঙ্গে যৌন সম্পর্ক করতে চান। ট্রাইব্যুনাল এই ঘটনাকেও অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য আচরণের অংশ হিসেবে বিবেচনা করেছে।

ঘটনার পর ভুক্তভোগী সহকর্মী বিষয়টি হাসপাতালের সেফগার্ডিং টিমকে জানান। এরপর হাসপাতাল অভ্যন্তরীণ তদন্ত শুরু করে এবং বিষয়টি জেনারেল মেডিকেল কাউন্সিল (GMC)-এর কাছে পাঠানো হয়। তদন্ত ও শুনানি শেষে ট্রাইব্যুনাল চিকিৎসকের বিরুদ্ধে ছয় মাসের স্থগিতাদেশের সিদ্ধান্ত দেয়।

নিজের পক্ষে বক্তব্যে ডা. দিমিত্রিয়াদিস জানান, ঘটনার পর তিনি পেশাগত সীমারেখা, যৌন অসদাচরণ এবং কর্মস্থলে হয়রানি প্রতিরোধ বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণমূলক কোর্স সম্পন্ন করেছেন। তবে ট্রাইব্যুনাল মনে করেছে, তার আচরণ একজন চিকিৎসকের জন্য প্রত্যাশিত পেশাগত মান ও জনআস্থার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং এজন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।

এই রায়ের মাধ্যমে যুক্তরাজ্যের স্বাস্থ্যখাতে কর্মক্ষেত্রে যৌন অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং পেশাগত আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নিয়ন্ত্রক সংস্থাগুলোর কঠোর অবস্থান আবারও স্পষ্ট হলো।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

হোটেল নির্ভরতা কমাতে সামরিক ঘাঁটিতে আশ্রয়প্রার্থী স্থানান্তর শুরু যুক্তরাজ্যে

ব্রিটিশ মিউজিয়ামের কাছে পুরাকীর্তি ফেরত চাইছেন চীনারা

হিথ্রো থেকে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বাতিল