14.6 C
London
May 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

তীব্র গরমে ইংল্যান্ডের দরিদ্র ও সংখ্যালঘুরা বসবাস করছে অতিরিক্ত উত্তপ্ত ঘরে

ইংল্যান্ডের নিম্ন আয়ের পরিবার, সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ এবং যাদের ছোট শিশু রয়েছে—তাদের ঘরবাড়ি অতিরিক্ত গরম হয়ে ওঠার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি। রেজোলিউশন ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, দেশের দরিদ্রতম এক-পঞ্চমাংশ পরিবারের প্রায় অর্ধেক (৪৮%) এমন ঘরে বাস করে যা বিপজ্জনকভাবে গরম হয়ে ওঠে, যেখানে ধনীতম এক-পঞ্চমাংশের ক্ষেত্রে এই হার মাত্র ১৭%।
গবেষণায় আরও দেখা যায়, স্যোশাল হাউজিংয়ের বাসায় ভাড়া থাকা দুই-তৃতীয়াংশ মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বেসরকারি ভাড়া বাসার ক্ষেত্রে এই হার ৫৫% এবং নিজের বাড়ির মালিকদের ক্ষেত্রে মাত্র ১৭%। ছোট ফ্ল্যাট, ছোট বাড়ি ও অতিরিক্ত জনাকীর্ণ বাসস্থান গরমে দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। লন্ডনের মতো শহরে “আরবান হিট আইল্যান্ড” প্রভাবের কারণে ঝুঁকি আরও বেশি—রাজধানীতে ৫৩% ঘর গরমে ঝুঁকিপূর্ণ, যা রাজধানীর বাইরে ৩১%।

তাপপ্রবাহজনিত অতিরিক্ত গরম কেবল অস্বস্তি নয়, বরং স্বাস্থ্যঝুঁকিও তৈরি করে। ঘরের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে হৃদরোগ, শ্বাসকষ্ট, ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ এবং হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। বিশেষত বয়স্কদের মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। গবেষণায় বলা হয়েছে, ইংল্যান্ডে বর্তমানে এক-পঞ্চমাংশ বাড়ি গ্রীষ্মে অতিরিক্ত গরম হয়, আর ভবিষ্যতে এ হার এক-তৃতীয়াংশে পৌঁছাতে পারে।

কর্মক্ষেত্রেও গরমের প্রভাব স্পষ্ট। যুক্তরাজ্যের প্রতি চারজন কর্মীর একজন এমন কাজে যুক্ত যেখানে হিট স্ট্রেসের ঝুঁকি রয়েছে। আয়ের দিক থেকে ধনী এক-তৃতীয়াংশ মানুষের ঝুঁকি গড়ের চেয়ে কম হলেও, ৫০ বছরের বেশি বয়সী শ্রমিকদের ৩১% হিট স্ট্রেসের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত। বঞ্চিত এলাকার অফিসকর্মীরা তুলনামূলক কম এয়ার কন্ডিশনিং সুবিধা পান।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নতুন বাড়ি নির্মাণের বর্তমান মান জলবায়ু পরিবর্তনজনিত ভবিষ্যতের আরও তীব্র গরম মোকাবেলায় যথেষ্ট নয়। তারা সরকারের আসন্ন “ফিউচার হোমস স্ট্যান্ডার্ড” নীতিতে গ্রীষ্মে ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি, ছাদে প্রতিফলিত রঙ, সঠিক বাতাস চলাচলের নকশা, বাইরের শাটার, এবং শহরে পর্যাপ্ত গাছপালা রোপণের মতো পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।

সরকার জানিয়েছে, বিল্ডিং রেগুলেশন অনুযায়ী নতুন বাড়ি অতিরিক্ত গরমের ঝুঁকি কমানোর মতো করে নির্মাণ করতে হবে এবং “ফিউচার হোমস স্ট্যান্ডার্ড” পরামর্শে এ সুরক্ষা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিদ্যমান বাড়িগুলো ঠান্ডা রাখতে “বয়লার আপগ্রেড স্কিম”-এর আওতায় এয়ার-এয়ার হিট পাম্প ব্যবহারের বিষয়টিও বিবেচনাধীন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

ব্রেক্সিট-পরবর্তী ইইউ নাগরিকদের বসবাসের অধিকার নিয়ে কঠোর অবস্থানে যুক্তরাজ্য সরকার

ব্রেক্সিটের পরে ইইউ নাগরিকদের ইউকে হতে বহিষ্কার নতুন সংকটের জন্ম দিচ্ছে

যে পাঁচটি স্বাস্থ্যসমস্যা থাকলে অতিরিক্ত পিআইপি দেওয়া হবে

অনলাইন ডেস্ক