19.9 C
London
October 1, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

দলীয় নেতাকর্মীদের অন্যায় বরদাশত নয়—মিষ্টির পদত্যাগে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্দেশ পাওয়ার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ৩ মে বিএনপির কোটায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন। অর্থাৎ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাসের মধ্যেই তাকে পদত্যাগ করতে হলো।

মিষ্টির পদত্যাগের পেছনে তাৎক্ষণিক প্রেক্ষাপট হিসেবে উঠে এসেছে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা। প্রতিষ্ঠানটির অভিযোগ অনুযায়ী, মুখোশ পরা প্রায় ২০০ থেকে ২৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়। নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভাঙচুর ও লুটপাটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।

রাড্ডা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ওষুধ, ভ্যাকসিন, সরকারি টিকাদান কর্মসূচির নথি, পরিবার পরিকল্পনার সামগ্রীসহ বিভিন্ন সরঞ্জাম লুট করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকার বেশি বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা করা হয়।

ঘটনাটির সঙ্গে বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে। টিবিএসের এক প্রতিবেদনে তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের বরাতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাদের নাম উঠে আসার কথা বলা হয়েছে। তবে তদন্ত এখনো চলমান বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

রাড্ডা ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগও ওঠে। তবে তিনি ওই অভিযোগ অস্বীকার করেছেন। টিবিএসকে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, হামলার সঙ্গে কোনো বিএনপি নেতা জড়িত নন এবং এ ঘটনায় তার নিজের সম্পৃক্ততার অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন।

এর আগে রাড্ডা ঘটনার তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একই সময়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা অর্থের বিনিময়ে হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। একই ঘটনায় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার বিষয়টিও শাহ আলী থানার ওসি স্বীকার করেছেন। পরে পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথাও জানানো হয়।

মিষ্টির পদত্যাগের সিদ্ধান্তের মধ্য দিয়ে দলীয় পরিচয় বা রাজনৈতিক অবস্থান নির্বিশেষে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগে সাংগঠনিক ও রাজনৈতিক জবাবদিহির বার্তা দেওয়া হয়েছে—এমন আলোচনা তৈরি হয়েছে। তবে প্রধানমন্ত্রী বা বিএনপির পক্ষ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার আনুষ্ঠানিক কারণ হিসেবে নির্দিষ্ট কোনো অভিযোগের কথা প্রকাশ করা হয়নি।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তদন্ত ও আইনগত প্রক্রিয়ার ওপর।

সূত্রঃ যুগান্তর \ টিবিএস

এমকে

আরো পড়ুন

বের হতে চান ডাকাতরা, অক্ষত রয়েছেন জিম্মিরা : ভেতর থেকে কর্মকর্তা

পালটে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম

সকালের চা-কফি নিজেই বানিয়ে খাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক