TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় বড় ধাক্কা বাংলাদেশিদেরঃ ৭৯ শতাংশ আবেদন প্রত্যাখ্যান

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আবেদন করেও বড় ধরনের বাধার মুখে পড়ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। আবেদনকারীদের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে সাক্ষাৎকার নেওয়ার পর প্রায় ৭৯ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে যুক্তরাজ্যে আশ্রয় আবেদনের সংখ্যার দিক থেকেও বাংলাদেশ রয়েছে শীর্ষ তিন দেশের মধ্যে। ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগ ও অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশি আবেদনকারীদের নিয়ে যুক্তরাজ্যের কঠোর নজরদারি বাড়ছে।

সম্প্রতি যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসন বিভাগ (ইউকেভিআই) প্রকাশিত একটি গবেষণা ও খাতভিত্তিক ব্রিফিং প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি হাতে পাওয়ার পর শিক্ষা ও আন্তর্জাতিক শিক্ষার্থীসংক্রান্ত সংবাদমাধ্যম দ্য পিআইই নিউজ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্যে পড়াশোনার উদ্দেশ্যে আবেদন করা ১১ হাজার ৪১৫ জন সম্ভাব্য শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। এসব সাক্ষাৎকারের পর ৯ হাজার ৪৩ জন আবেদনকারীকে বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করেননি ইউকেভিআই কর্মকর্তারা। অর্থাৎ সাক্ষাৎকারে অংশ নেওয়া মোট আবেদনকারীর প্রায় ৭৯ শতাংশের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রেও প্রত্যাখ্যানের হার ৭৯ শতাংশ। অর্থাৎ সাক্ষাৎকারের মুখোমুখি হওয়া প্রতি ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে প্রায় ৭৯ জনই ভিসা পাননি।

ইউকেভিআইয়ের পরিসংখ্যানে সাক্ষাৎকারের পর ভিসা প্রত্যাখ্যানের হারে সবচেয়ে বেশি অবস্থানে রয়েছে নেপাল। দেশটির আবেদনকারীদের ৯২ শতাংশের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এরপর রয়েছে ভারত, যেখানে প্রত্যাখ্যানের হার ৮৯ শতাংশ।

অন্যান্য দেশের মধ্যে নাইজেরিয়ার ৮৪ শতাংশ, বাংলাদেশের ৭৯ শতাংশ, শ্রীলঙ্কার ৭৯ শতাংশ এবং পাকিস্তানের ৭৩ শতাংশ আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

তবে ইউকেভিআই জানিয়েছে, এসব পরিসংখ্যান ২০২৬ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত মাত্র ছয় মাসের তথ্যের ভিত্তিতে তৈরি। তাই এই হারকে পুরো বছরের ভিসা পরিস্থিতির চূড়ান্ত চিত্র হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।

ব্রিটিশ কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, বিভিন্ন দেশ থেকে আসা ভিসা আবেদনের প্রবণতা, ঝুঁকি এবং আবেদনকারীদের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে তাদের মূল্যায়নের ভিত্তিতে সাক্ষাৎকার ও যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিশেষ করে নাইজেরিয়া থেকে অতিরিক্ত যাচাই-বাছাই প্রয়োজন এমন আবেদনের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটির শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

ইউকেভিআইয়ের ব্রিফিং প্রতিবেদনে ভিসা প্রত্যাখ্যানের কয়েকটি সাধারণ কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো, আবেদনকারীর পছন্দের বিশ্ববিদ্যালয়, শিক্ষাক্রম এবং যুক্তরাজ্যে পড়াশোনার উদ্দেশ্য সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকা।

সাক্ষাৎকারে আবেদনকারীদের কাছে জানতে চাওয়া হচ্ছে, কেন তারা যুক্তরাজ্যে পড়তে চান, কেন নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়টি বেছে নিয়েছেন এবং ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম তাদের ভবিষ্যৎ কর্মজীবনের পরিকল্পনার সঙ্গে কীভাবে সম্পর্কিত।

এসব প্রশ্নের সন্তোষজনক ও বিশ্বাসযোগ্য উত্তর দিতে ব্যর্থ হলে আবেদনকারীর প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীরা যে বিষয়ে পড়তে যাচ্ছেন, সে বিষয়ে তাদের প্রস্তুতি ও জ্ঞানও যাচাই করছেন কর্মকর্তারা।

ফলে শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কিংবা প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য দেখাতে পারাই এখন ভিসা পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে না। সাক্ষাৎকারে নিজের পড়াশোনার উদ্দেশ্য, বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে না পারলে ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হচ্ছে।

আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগে কঠোর যাচাই-বাছাইয়ের বিষয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ার্ক, স্টাডি, ফ্যামিলি অ্যান্ড ইউক্রেন সার্ভিসেস বিভাগের প্রধান অলিভার রে।

তার বক্তব্যের মূল বিষয় হলো, প্রকৃত শিক্ষার্থীদের যুক্তরাজ্যে আসার সুযোগ বন্ধ করা নয়; বরং যারা সত্যিকার অর্থে পড়াশোনা করতে চান, তাদের শনাক্ত করা এবং শিক্ষার্থী ভিসার অপব্যবহার ঠেকানো।

শিক্ষার্থী ভিসার পাশাপাশি যুক্তরাজ্যে আশ্রয় আবেদনের ক্ষেত্রেও বাংলাদেশিদের অবস্থান দেশটির অভিবাসন নীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনে বাংলাদেশকে আশ্রয় আবেদনের সংখ্যার দিক থেকে শীর্ষ তিন দেশের একটি হিসেবে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে প্রবেশের পর একাংশের আশ্রয় আবেদন করার বিষয়টি ব্রিটিশ কর্তৃপক্ষের নজরদারির আওতায় রয়েছে। ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসার আবেদন যাচাইয়ের ক্ষেত্রে আবেদনকারীর প্রকৃত উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

সব মিলিয়ে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় নির্বাচন, বিষয়ভিত্তিক জ্ঞান, পড়াশোনার উদ্দেশ্য এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে পড়ছে।

সূত্রঃ দ্য পিআইই নিউজ

এমকে

আরো পড়ুন

সংখ্যালঘু ইস্যুতে ‘ভুল ধারণা’ কূটনীতিকদের কাছে স্পষ্ট করল সরকার

নিউজ ডেস্ক

ধর্ষক ও খুনিদের বিয়ে বন্ধের আইন!

নিউজ ডেস্ক

শীর্ষ দশে নেই ভারত-পাকিস্তান, বাংলাদেশ অষ্টম