TV3 BANGLA
আন্তর্জাতিক

জার্মানিতে বহিষ্কার এড়াতে নার্সকে ধর্ষণের অভিযোগঃ অনাগত সন্তানের পিতা হওয়ার চেষ্টা অভিবাসীর

জার্মানিতে বহিষ্কার এড়াতে এক নার্সকে ধর্ষণ করে তাকে গর্ভবতী করার চেষ্টা করেছিলেন তুরস্কের ২০ বছর বয়সী এক আশ্রয়প্রার্থী—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে এরই মধ্যে তিন বছর দুই মাসের কারাদণ্ড পেয়েছেন ইউসুফজান এস.। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাডেন-ভুর্টেমবার্গ রাজ্যের হাইলব্রন শহরে ২৬ বছর বয়সী এক নার্সের সঙ্গে এ ঘটনা ঘটে। ওই নারীর জন্ম তুরস্কে হলেও তিনি জার্মানির নাগরিক।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জার্মানিতে প্রবেশ করে আশ্রয়ের আবেদন করেন ইউসুফজান। তবে তার আবেদন প্রত্যাখ্যান করা হয় এবং তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষ দুই দফায় তাকে বহিষ্কারের হুমকিও দিয়েছিল। এরপরও তিনি দেশ ছাড়েননি। সেখানে সরকারি সহায়তা এবং বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গানের ভিডিও প্রকাশ করেও আয় করতেন বলে আদালতে জানিয়েছেন।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ইনস্টাগ্রামের মাধ্যমে ওই নার্সের সঙ্গে যোগাযোগ করেন ইউসুফজান। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ২০২৫ সালের মার্চের শেষ দিকে তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। কিন্তু নারীটি তাতে সম্মতি দেননি।

অভিযোগে বলা হয়, এরপরও ইউসুফজান একাধিকবার তাকে ধর্ষণ করেন এবং তাকে গর্ভবতী করেন। তার উদ্দেশ্য ছিল, ওই নারীর গর্ভে সন্তান জন্ম নিলে সেই সন্তানের সূত্র ধরে জার্মানিতে থাকার বৈধতা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এমনকি গর্ভের সন্তান নষ্ট করলে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যার হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত ৫ জুন ইউসুফজান ওই অন্তঃসত্ত্বা নার্সকে জোর করে হাইলব্রন টাউন হলে নিয়ে যান। সেখানে অনাগত সন্তানের পিতা হিসেবে তার নাম স্বীকার করে কিছু আইনি নথিতে স্বাক্ষর করতে বাধ্য করেন। প্রসিকিউশনের অভিযোগ, নথিতে স্বাক্ষরের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই নারী ফিরে যাওয়ার চেষ্টা করলে ইউসুফজান তার মুখে ঘুষি মারেন।

প্রসিকিউটর আদালতে বলেন, “ভুক্তভোগী যখন লাইনে দাঁড়িয়ে ফিরে যেতে চেয়েছিলেন, তখন আসামি তার মুখে ঘুষি মারেন।”

ঘটনার এক সপ্তাহ পর ওই নারী পুলিশের কাছে অভিযোগ করেন। পরে ইউসুফজানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। হাইলব্রন জেলা আদালত ভুক্তভোগীর বক্তব্য গ্রহণ করে ধর্ষণের অভিযোগে তাকে তিন বছর দুই মাসের কারাদণ্ড দেন। অবৈধভাবে অস্ত্র রাখা এবং ডাকাতিসহ অন্যান্য অপরাধের বিষয়টিও এই সাজায় অন্তর্ভুক্ত ছিল।

এদিকে, ওই নারী পরবর্তী সময়ে গর্ভপাত করান।

তবে মামলার রায়ের বিরুদ্ধে প্রসিকিউশন ও আসামি—উভয় পক্ষই আপিল করেছে। প্রসিকিউশন আরও দীর্ঘ কারাদণ্ডের দাবি জানিয়েছে। অন্যদিকে, ইউসুফজান ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি চেয়েছেন। তার দাবি, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক পারস্পরিক সম্মতিতে হয়েছিল।

তবে ওই নারীকে ঘুষি মারার কথা স্বীকার করেছেন তিনি। অবৈধ অস্ত্র রাখা ও মাদক গ্রহণের বিষয়টিও স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জার্মানির আঞ্চলিক আদালতে আপিলের শুনানি চলছে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে এ মামলার চূড়ান্ত রায় আসতে পারে বলে জানিয়েছে দ্য সান।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

উগান্ডা থেকে নিউইয়র্ক, র‌্যাপার থেকে মেয়রঃ জোহরান মামদানি হয়ে উঠলেন শহরের নতুন নেতা

হুমকির মুখে বিশ্ব ব্যবস্থা, সতর্কবার্তা ব্রিটিশ-মার্কিন গোয়েন্দা প্রধানদের

৬০ ভাগ ইসরাইলি নেতানিয়াহুর পদত্যাগ চায়