13.7 C
London
October 29, 2026
TV3 BANGLA
সিসিটিভি ফুটেজে তাহসিফ সাউরি। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

নিখোঁজের আগে এক ব্যক্তির সঙ্গে কথা ও হাত মেলান তাহসিফঃ সিসিটিভি ফুটেজে নতুন তথ্য

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট ও কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনা তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। নিখোঁজ হওয়ার আগে বাসার নিচে এক ব্যক্তির সঙ্গে তার কথা বলা ও হাত মেলানোর দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ওই সময় তাদের পাশে একটি নীল মোটরসাইকেল চালু অবস্থায় ছিল। পরে দুজনকেই সেখান থেকে চলে যেতে দেখা যায়। তবে ওই ব্যক্তির পরিচয় এবং তাহসিফের মৃত্যুর সঙ্গে তার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দৈনিক ইত্তেফাক। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বাসার নিচতলার সিসিটিভি ফুটেজে ঘটনাটি দেখা যায়। ফুটেজে সবুজ পাঞ্জাবি পরা তাহসিফকে ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে ও হাত মেলাতে দেখা গেছে। এ সময় মোটরসাইকেলটির হেডলাইট জ্বলছিল।

তাহসিফের পরিবারের ভাষ্য অনুযায়ী, ২৭ অক্টোবর সারাদিন পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছিলেন তিনি। মাকে সঙ্গে নিয়ে বাবা ও পরিবারের অন্য সদস্যদের জন্যও কেনাকাটা করেন। সন্ধ্যার পর দীপ নামের এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, ছেলের নিখোঁজ হওয়ার পর রাত ১টা ৩৫ মিনিটে তার কাছ থেকে একটি বার্তা পান তারা। সেখানে লেখা ছিল, ‘আম্মু আমি আসছি’। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে বুধবার ভোর সোয়া ৫টার দিকে পুলিশের কাছ থেকে ছেলের মরদেহ উদ্ধারের খবর পান তারা।

তার বাবা আরও জানান, রাজাবাড়ী ঘাট এলাকায় আগে কখনো যাননি তাহসিফ। ফলে কীভাবে তিনি ওই এলাকায় গেলেন এবং কী পরিস্থিতিতে তার মৃত্যু হলো, তা নিয়ে পরিবারের মধ্যে প্রশ্ন রয়েছে।

তাহসিফের সাবেক কর্মস্থল বাংলাদেশ বিমানবাহিনী থেকে চাকরিচ্যুতির বিষয়েও কথা বলেছেন তার বাবা। তিনি জানান, শৃঙ্খলাজনিত কারণে তাহসিফকে বরখাস্ত করা হয়েছিল বলে বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। একই সময়ে আরও কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে তাহসিফ বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।

এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা রেঞ্জের নৌ-পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তাহসিফের শরীরে আঘাত বা জখমের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ-পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের এক আত্মীয়কে খবর দেওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

তাহসিফের মৃত্যু ঘিরে আলোচনায় এসেছে ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনাও। ওই দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে দেশত্যাগ করেন। তার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তাহসিফের সংশ্লিষ্টতা ছিল বলে আলোচনা রয়েছে।

গত ২১ জুলাই ইউটিউবের ‘স্পিক উইথ রশীদ’ চ্যানেলে প্রকাশিত এক দীর্ঘ সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তাহসিফ। তিনি বলেন, একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, তিনি ভিডিওটি ছড়িয়ে দিয়েছিলেন। তবে ভিডিওটি ধারণ করার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা সেখানে বলা হয়নি। ভিডিও ধারণ বা ছড়িয়ে দেওয়ার সঙ্গে তিনি যুক্ত ছিলেন কি না, সে বিষয়ে প্রমাণও জানতে চান তিনি।

সাক্ষাৎকারে তাহসিফ মন্তব্য করেন, ওই ঘটনার কারণেও তাকে বিমানবাহিনী থেকে সরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। তবে তার চাকরিচ্যুতি ও মৃত্যুর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

এমকে

আরো পড়ুন

ঢাকা-সিলেট রুটে ডাবল রেললাইন হবেঃ প্রধানমন্ত্রী

খালেদা জিয়াকে লন্ডনে নিতে চিকিৎসকদের ‘গ্রিন সিগনাল’ এর অপেক্ষা

শাস্তি হবে সাদিয়া-মেহেদীর, বাতিল হচ্ছে পাইলট লাইসেন্স