TV3 BANGLA
আন্তর্জাতিক

নেতানিয়াহুর ভাষণের মাঝেই স্ত্রী সারার সঙ্গে বেনেটের তুমুল বাকযুদ্ধঃ সংসদে থমকে গেল বক্তব্য

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালে তার স্ত্রী সারা নেতানিয়াহু ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে এ ঘটনা ঘটে। বেনেটের একের পর এক প্রশ্ন ও পাল্টা বক্তব্যের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে নেতানিয়াহুকেও বক্তব্য থামিয়ে পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষা করতে দেখা যায়।

১১ নভেম্বর প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ছড়িয়ে পড়া ভিডিওতে এই ঘটনার কথা উঠে এসেছে।

ঘটনার সূত্রপাত হয় নেতানিয়াহুর ভাষণের সময়। তিনি ইসরায়েলে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনে বিদেশি শক্তির অর্থায়ন ও প্রভাব বিস্তারের অভিযোগ তদন্তের দাবি তোলেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী এবং বিয়াহাদ পার্টির নেতা নাফতালি বেনেট তাকে বাধা দিয়ে কাতারের সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগীদের কথিত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন।

বেনেট চিৎকার করে জানতে চান, নেতানিয়াহুর দপ্তরে কাতারের উপদেষ্টাদের ভূমিকা কী? ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? কাতারকে কেন শত্রুরাষ্ট্র ঘোষণা করা হচ্ছে না?

বেনেটের এসব প্রশ্নের পর দর্শক গ্যালারিতে বসে থাকা নেতানিয়াহুর স্ত্রী সারা পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি বেনেটের আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা নিয়ে প্রশ্ন তোলেন। দুই পক্ষের মধ্যে উচ্চস্বরে বাকবিতণ্ডা শুরু হলে অধিবেশনকক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সারা বেনেটকে উদ্দেশ করে বলেন, তিনি আরবদের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করেন, অথচ অন্যদের নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তাকে বেনেটকে ভণ্ড ও নির্লজ্জ বলেও আক্রমণ করতে শোনা যায় বলে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে।

শুধু সারা নন, নেতানিয়াহুর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ও উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং লিকুদ পার্টির সংসদীয় নেতা অফির কাটজও বেনেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বেন-গভির বেনেটকে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পার্লামেন্টের স্পিকার আমির ওহানা সংসদ সদস্যদের আচরণ নিয়ে আপত্তি জানান। নেতানিয়াহু কিছুক্ষণের জন্য বক্তব্য বন্ধ রেখে উত্তেজনা প্রশমিত হওয়ার অপেক্ষা করেন। পরে তিনি আবার ভাষণ শুরু করেন।

এই বাকবিতণ্ডার পেছনে রয়েছে নেতানিয়াহুর ঘনিষ্ঠ দুই উপদেষ্টার বিরুদ্ধে কাতারের স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করার সময় তার দুই সহযোগী কাতারের স্বার্থে প্রচারণা চালানোর জন্য অর্থ পেয়েছিলেন। বিষয়টি ইসরায়েলের রাজনীতিতে ‘কাতারগেট’ বিতর্ককে নতুন করে সামনে এনেছে।

বেনেট এই অভিযোগের জবাব দাবি করে প্রশ্ন তোলেন, নেতানিয়াহু যদি কাতারের প্রভাব নিয়ে এতটাই উদ্বিগ্ন হন, তাহলে তার নিজের উপদেষ্টাদের ভূমিকা তদন্ত করা হচ্ছে না কেন? একই সঙ্গে ৭ অক্টোবরের হামলার আগে ও পরে সরকারের ভূমিকা খতিয়ে দেখতে স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান তিনি।

নেসেটের এই উত্তপ্ত অধিবেশন এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে বড় ধরনের রাজনৈতিক টানাপোড়েন চলছে।

সদ্য নির্বাচিত পার্লামেন্টে বিরোধী শিবিরের নেতা গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন। তার নেতৃত্বাধীন ইয়াশার পার্টি নেতানিয়াহু সরকারের কয়েকটি বিতর্কিত নীতি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ৭ অক্টোবরের হামলা নিয়ে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন, বিচার বিভাগের ক্ষমতা খর্ব করা আইন বাতিল এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাব রয়েছে।

আইজেনকোটের জোট ৬৭ জন সংসদ সদস্যের সমর্থন পেয়েছে বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের কার্যকর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এখনো রাজনৈতিক সমঝোতা প্রয়োজন।

অন্যদিকে, নেতানিয়াহু বিরোধী জোটের সঙ্গে আরব সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতার তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, আরব দলগুলোর সমর্থননির্ভর সরকার গঠন ইসরায়েলের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য বিপজ্জনক।

এ বক্তব্যের পর আইজেনকোট নেতানিয়াহুর ভাষণকে ‘লজ্জাজনক ও বিদ্বেষপূর্ণ’ বলে সমালোচনা করেন। এমনকি বুধবার লিকুদ পার্টির সঙ্গে নির্ধারিত বৈঠকও বাতিল করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এবারের অধিবেশন কেবল সংসদীয় বিতর্ক নয়, বরং নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ, কাতারের সঙ্গে কথিত যোগাযোগ এবং ৭ অক্টোবরের হামলার দায় নির্ধারণ নিয়ে ইসরায়েলের গভীর বিভক্তির প্রতিফলন হিসেবে সামনে এসেছে।

সূত্রঃ টাইমস অব ইসরায়েল\ ইয়েদিওথ আহরোনোথ\ ওয়াইনেট নিউজ

এমকে

আরো পড়ুন

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

যুক্তরাজ্যসহ ইউরোপ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নীতি

এক মিনিটেরও কম সময়ে পুরো উপন্যাস পড়বে এআই