TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পারিবারিক পুনর্মিলন স্থগিতের কারণে যুক্তরাজ্যে বিপাকে ১৬ হাজারের বেশি শরণার্থী

যুক্তরাজ্যে শরণার্থীদের পারিবারিক পুনর্মিলন কর্মসূচি স্থগিত থাকার কারণে ১৬ হাজারেরও বেশি মানুষ পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ হারিয়েছেন বলে জানিয়েছে শরণার্থী কাউন্সিল। সংস্থাটির মতে, এর ফলে বহু নারী ও শিশু যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকায় আটকে পড়ছেন, আর কেউ কেউ নিরাপত্তার আশায় মানবপাচারকারীদের সহায়তা নিতে বাধ্য হচ্ছেন।

গত বছরের সেপ্টেম্বরে সরকার শরণার্থীদের পারিবারিক পুনর্মিলন কর্মসূচি স্থগিত করে। এ ব্যবস্থার আওতায় শরণার্থী মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি তার স্বামী বা স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের যুক্তরাজ্যে নিয়ে আসতে পারতেন। শরণার্থী কাউন্সিলের হিসাব অনুযায়ী, গত ১০ মাসে প্রায় ১৬ হাজার ৩০০ জন আবেদন করার সুযোগ হারিয়েছেন; এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

সরকার বিকল্প নিরাপদ ও বৈধ পথ চালু করার উদ্যোগের কথা জানালেও এসব পথে আগমন গত এক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। নতুন কমিউনিটি স্পনসরশিপ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ চালুর পরিকল্পনা থাকলেও সংশ্লিষ্ট মহলের মতে, সেগুলো বর্তমান চাহিদার তুলনায় সীমিত সংখ্যক মানুষকে সহায়তা করতে পারবে।

লন্ডনে বসবাসরত এক ইরানি শরণার্থী জানান, দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার কারণে তিনি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে তাঁর স্বামীকে যুক্তরাজ্যে আনতে পারেননি। তিনি এ পরিস্থিতিকে মানবাধিকারের পরিপন্থী বলে উল্লেখ করেন।

শরণার্থী কাউন্সিলের বহির্বিষয়ক পরিচালক ইমরান হোসেন নিরাপদ ও বৈধ পথ সম্প্রসারণের পাশাপাশি পারিবারিক পুনর্মিলন কর্মসূচি দ্রুত পুনর্বহালের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শরণার্থীদের জন্য নতুন নিরাপদ পথ আগামী শরৎকাল থেকে চালু হবে, তবে ভবিষ্যতে পারিবারিক পুনর্মিলন আর স্বয়ংক্রিয় অধিকার হিসেবে বিবেচিত হবে না; আবেদনকারীদের আরও কঠোর শর্ত পূরণ করতে হবে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে প্রতি মাসের মর্গেজ বাড়তে পারে ৫০০ পাউন্ড বা তারো বেশি

ভুলভাবে বিদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে লাইসেন্স হারিয়েছে ১০০ এর বেশি কেয়ারহোম

নিউজ ডেস্ক

বাংলাদেশসহ তিন দেশে আইইএলটিএস প্রতারণা, ব্রিটেনে ভিসা জালিয়াতির আশঙ্কা