16.3 C
London
September 28, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বড় পানির পাইপ ফেটে বিপর্যয়ঃ লন্ডনের পাঁচ বরায় হাজারো বাড়িতে পানি সরবরাহ বন্ধ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বড় পানির পাইপ ফেটে হাজারের উপর বাড়িতে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। পানির সংকটে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বোতলজাত পানি সংগ্রহ করতে সুপারমার্কেটের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন।

এলবিসি জানিয়েছে, পানির সরবরাহে এই সংকটে লন্ডনের কিংস্টন আপন থেমস, মার্টন, রিচমন্ড আপন থেমস, সাটন ও ওয়ান্ডসওয়ার্থ—এই পাঁচটি বরার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি সারের এলমব্রিজ ও স্পেলথর্ন এলাকাতেও পানি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।

থেমস ওয়াটার জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম লন্ডনের বিভিন্ন পোস্টকোডে পানির সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ দল সারের ওয়েস্ট মোলেসিতে ফেটে যাওয়া পানির পাইপের কারণে সৃষ্ট পানি প্রবাহ বন্ধ করার কাজ করছে।

থেমস ওয়াটার এক বিবৃতিতে জানিয়েছে, বড় একটি পানির প্রধান পাইপ ফেটে যাওয়ার কারণে বিস্তৃত এলাকায় পানির সরবরাহে প্রভাব পড়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, ক্ষতিগ্রস্ত এলাকার চারপাশ দিয়ে বিকল্প পথে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে এবং সারবিটন এলাকায় পানি সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। তবে শুরুতে পানির চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, পাইপটি যে স্থানে ফেটেছে, সেটির অবস্থানের কারণে মেরামত করতে কিছুটা সময় লাগতে পারে।

পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর স্থানীয় সুপারমার্কেটগুলোর সামনে বোতলজাত পানি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

মোলেসলি কাউন্সিলের কাউন্সিলর স্টিভ বক্স একটি ছবি প্রকাশ করে জানান, একটি সুপারমার্কেটের বাইরে বিপুলসংখ্যক মানুষ পানি কেনার জন্য অপেক্ষা করছিলেন। তার দাবি, কিছু জায়গায় বোতলজাত পানি রেশন করে বিক্রি করা হচ্ছিল।

অন্য এক বাসিন্দা জানিয়েছেন, স্থানীয় একটি সুপারমার্কেটে বোতলজাত পানি পুরোপুরি শেষ হয়ে গেছে।

সারে লাইভকে এক বাসিন্দা জানান, এই পরিস্থিতির কারণে কিছু স্কুল বন্ধ হয়ে গেছে এবং একটি সুপারমার্কেটে পানি বিক্রি শেষ হয়ে গেছে।

পানি সরবরাহ সংকটের কারণে দক্ষিণ-পশ্চিম লন্ডন ও সারের কয়েকটি স্কুলও বন্ধ রাখতে হয়েছে।

বন্ধ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লং ডিটন ইনফ্যান্ট অ্যান্ড নার্সারি স্কুল এবং থেমস ডিটন ইনফ্যান্ট স্কুল। এছাড়া এশার সিক্সথ ফর্ম অ্যান্ড কলেজ এবং নিউ মালডেনে হলি ক্রস স্কুলও বন্ধ হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এশার অ্যান্ড ওয়ালটনের এমপি মনিকা হার্ডিং জানিয়েছেন, প্রতি সেকেন্ডে প্রায় ৭৫০ লিটার পানি নষ্ট হয়ে যাচ্ছে।

এদিকে, থেমস ওয়াটার জানিয়েছে, তাদের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে রয়েছে এবং ভাঙা পাইপ থেকে পানি বের হওয়া বন্ধ করে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছে।

সূত্রঃ এলবিসি,ল\ থেমস ওয়াটার \ সারে লাইভ

এম.কে

আরো পড়ুন

গুরুতর যৌন অপরাধীদের জন্য যে ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার

‘লন্ডন যেন মুসলিমদের শহর’—বোরকা বিতর্কে সমালোচনার মুখে রিফর্ম ইউকের মেয়র প্রার্থী

ছয় দশকের মধ্যে সর্বোচ্চ জাতীয় ঋণ যুক্তরাজ্যে