যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাটারিং ও কর্মক্ষেত্রে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ইজিক্যাটারকে ২৩০ কোটি মার্কিন ডলারে নগদ অর্থের বিনিময়ে অধিগ্রহণের চুক্তি করেছে উবার টেকনোলজিস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশি-আমেরিকান নিহাদ রহমান।
নিহাদ রহমান ২০২২ সালে ইজিক্যাটারে প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি জেপি মরগ্যান চেজে ব্যবস্থাপনা পরিচালক এবং জেনারেল ইলেকট্রিকে নেতৃত্বস্থানীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ইজিক্যাটারের অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা হন এবং একই বছরের মে মাসে স্থায়ীভাবে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।
বাংলাদেশি সূত্রে পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব খন্দকার মাহবুব উদ্দিনের নাতি হিসেবে নিহাদ রহমানের পারিবারিক পরিচয়ও সামনে এসেছে।
বস্টনভিত্তিক ইজিক্যাটার যুক্তরাষ্ট্রের ১ লাখ ৪০ হাজারের বেশি রেস্তোরাঁর সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে। প্রতিষ্ঠানটি মূলত করপোরেট ক্যাটারিং ও কর্মক্ষেত্রে বড় পরিসরের খাবারের অর্ডার পরিচালনা করে। গত ১২ মাসে প্ল্যাটফর্মটির বুকিংয়ের পরিমাণ ২৫০ কোটি ডলারের বেশি ছিল বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।
উবার জানিয়েছে, ইজিক্যাটারের ক্যাটারিং ও ব্যবসাভিত্তিক কার্যক্রমকে উবার ইটস এবং উবার ফর বিজনেসের সঙ্গে একীভূত করা হবে। এর মাধ্যমে করপোরেট ক্যাটারিং বাজারে উবারের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ইজিক্যাটারের রেস্তোরাঁ নেটওয়ার্ক ও ব্যবসাভিত্তিক অর্ডার ব্যবস্থাপনার অবকাঠামো উবারের বিদ্যমান খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে যুক্ত হবে।
চুক্তিটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী কয়েক মাসের মধ্যে কার্যকর হওয়ার কথা। চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত উবার ও ইজিক্যাটার পৃথক প্রতিষ্ঠান হিসেবেই কার্যক্রম চালিয়ে যাবে।
সূত্রঃ রয়টার্স
এমকে

