বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নানা প্রতিকূলতা পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান ট্রাম্প। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
চিঠিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।
বোয়িং-সংক্রান্ত সিদ্ধান্তে তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের বিষয়টিও ট্রাম্প গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা তিনি সবসময় মনে রাখবেন বলেও চিঠিতে জানান।
এর পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রত্যাশার কথা জানিয়ে ট্রাম্প বলেন, তিনি শিগগির বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠকের সুযোগ পাবেন বলে আশা করছেন।
ট্রাম্পের এই চিঠিতে দুই দেশের সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা এবং বিমান পরিবহন খাতে সম্ভাব্য অংশীদারত্বের বিষয়গুলো নতুন করে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত হিসেবে বিষয়টি দেখা হচ্ছে।
সূত্রঃ বাসস
এম.কে

