12 C
London
September 21, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করলে পাবেন আজীবন পারিবারিক পেনশন

বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসরকালীন সুবিধার ক্ষেত্রে নতুন নিয়ম নির্ধারণ করেছে সরকার। মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তে আজীবন পারিবারিক পেনশন পাবেন। তবে এর জন্য প্রতিবছর পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হবে। ৫০ বছরের বেশি বয়সী বিধবার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।
২০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন এবং ছুটি নগদায়নের নিয়ম নির্ধারণ করা হয়েছে। নতুন বিধানগুলো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।
নতুন ব্যবস্থায় পেনশনযোগ্য চাকরিকাল পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার নির্ধারণ করা হবে।
পাঁচ বছর চাকরি করলে মূল বেতনের ২১ শতাংশ হারে পেনশন নির্ধারণ হবে। ১০ বছর চাকরিতে এই হার ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ এবং ২০ বছরে ৭২ শতাংশ।
এরপর ২১ বছরের চাকরিতে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ এবং ২৪ বছরে ৮৭ শতাংশ হারে পেনশন নির্ধারণ করা হবে। ২৫ বছর বা তার বেশি চাকরিকালে সর্বোচ্চ ৯০ শতাংশ হারে পেনশন পাওয়ার বিধান রাখা হয়েছে।
বিদ্যমান পেনশনভোগীদের জন্য গত ৩০ জুন পাওয়া নিট পেনশনের ভিত্তিতে নতুন পেনশন নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন স্তরের পেনশনভোগীদের জন্য ৫৫ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।
৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধি হবে ১০০ শতাংশ। এতে নতুন নিট পেনশন হবে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা।
৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ৭৫ শতাংশ বৃদ্ধি দেওয়া হবে। এ ক্ষেত্রে নতুন নিট পেনশন হবে ১৮ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার টাকা।
২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ৬৫ শতাংশ বৃদ্ধি হবে এবং নতুন পেনশন দাঁড়াবে ৩৫ হাজার ১ টাকা থেকে ৪৯ হাজার টাকা।
৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ৬০ শতাংশ বৃদ্ধি হবে। নতুন নিট পেনশন হবে ৪৯ হাজার ১ টাকা থেকে ৬২ হাজার টাকা।
৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৫৫ শতাংশ। এই শ্রেণিতে নতুন নিট পেনশনের পরিমাণ হবে ৬২ হাজার ১ টাকা থেকে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা।
তবে বর্তমানে যেসব পেনশনভোগী ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা নির্ধারিত সময় পর্যন্ত বর্তমান হারে পেনশন পাবেন। পরবর্তী সময়ে প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম অনুযায়ী বার্ষিক বৃদ্ধি কার্যকর হবে।
নতুন প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের আনুতোষিকের হার পরিবর্তন করা হয়নি। পাঁচ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম চাকরির ক্ষেত্রে প্রতি টাকায় ২৬৫ টাকা আনুতোষিক দেওয়া হবে।
১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম চাকরিতে প্রতি টাকায় ২৬০ টাকা, ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম চাকরিতে ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরির ক্ষেত্রে প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক পাওয়ার বিধান রাখা হয়েছে।
অবসরের সময় সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ১৮ মাসের ছুটি নগদায়ন করতে পারবেন। অর্থাৎ নির্ধারিত শর্ত পূরণ হলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার সুযোগ থাকবে।
অবসর-উত্তর ছুটি বা পিআরএল এবং ছুটি নগদায়নের ক্ষেত্রে দুই দিনের অর্জিত ছুটিকে এক দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তর করা যাবে। নির্ধারিত শর্ত পূরণ হলে পিআরএল ভোগ না করলেও এই সুবিধা পাওয়ার সুযোগ থাকবে।
এ ছাড়া কোনো সরকারি কর্মচারী চাকরির পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়লে বা মারা গেলে নির্ধারিত শর্তে এককালীন বিশেষ আর্থিক সহায়তার বিধানও রাখা হয়েছে।
নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের পেনশন, পারিবারিক পেনশন, আনুতোষিক এবং অবসরকালীন বিভিন্ন সুবিধার হিসাব ও প্রদানের ক্ষেত্রে নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
সূত্রঃ বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপন
এমকে

আরো পড়ুন

মামলামুক্ত আওয়ামী সমর্থকদের মনোনয়ন দেবে জাতীয় পার্টিঃ মোস্তাফিজার রহমান মোস্তফা

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৮ তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর

জোটসঙ্গীদের ধানের শীষ প্রতীক দিতে আদালতে আবেদন মির্জা ফখরুলের