TV3 BANGLA
আন্তর্জাতিক

বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ছিন্নঃ যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বেড়েছে ৫০ শতাংশ

বিশ্বব্যাপী পরিবার পরিকল্পনা ও যৌনবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে সহজলভ্য পদ্ধতি কনডম আজ এক অভূতপূর্ব সংকটের মুখে। আফ্রিকার দেশ কেনিয়ায় তীব্র ঘাটতি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি তৈরি করেছে, অন্যদিকে ভারতসহ অন্যান্য দেশে কাঁচামালের সরবরাহ শৃঙ্খল ছিন্ন হয়ে যাওয়ায় কনডমের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে।

কেনিয়া মেডিকেল সাপ্লাই অথরিটির জরুরি প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে কনডমের মজুত প্রায় শেষের পথে। কেনিয়ার বার্ষিক চাহিদা প্রায় ৪০ কোটি পিস, অথচ সরবরাহ আছে মাত্র ১৫ কোটি পিস। দাতা সংস্থাগুলোর অর্থায়ন হ্রাস এবং বিনামূল্যে বিতরণ কর্মসূচি স্থগিত হওয়ার ফলে এই সংকট সৃষ্টি হয়েছে।

একটি টিভি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, অভিজাত এলাকার বাসিন্দারাও কনডম ব্যবহারে অনীহা দেখাচ্ছেন। তরুণী মায়েরা জানিয়েছেন, অপরিকল্পিত গর্ভধারণের ভয়ে তারা প্রতিনিয়ত আতঙ্কে থাকেন, যা তাদের দাম্পত্য জীবনকেও ভাঙনের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে কনডম সহজলভ্য করতে উদ্যোগ নিয়েছে। সংস্থার মতে, কনডম ব্যবহার না করলে এইচআইভি, এইডস, গনোরিয়ার মতো যৌনবাহিত রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে, পাশাপাশি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও জনসংখ্যা বৃদ্ধির হারও বাড়বে। নারীরা তাদের ইচ্ছার বিরুদ্ধে সন্তান জন্ম দিতে বাধ্য হচ্ছেন, যা একটি ভয়াবহ পরিস্থিতি হিসেবে চিহ্নিত।

কেনিয়ার মতো চরম ঘাটতি না থাকলেও ভারতেও কনডমের দাম ব্যাপক হারে বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের জেরে কনডম তৈরির কাঁচামালের সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়েছে, ফলে উৎপাদন খরচ বেড়ে দেশে কনডমের দাম ৪০ থেকে ৫০ শতাংশ বেড়েছে।

কনডম তৈরির উপকরণ ও উৎসঃ

১. প্রাকৃতিক ল্যাটেক্স (রাবার গাছ থেকে প্রাপ্ত): প্রধান উপাদান
২. অ্যামোনিয়া (ল্যাটেক্স স্থিতিশীল রাখতে): ভারত তার চাহিদার ৮৬ শতাংশ সৌদি আরব, কাতার ও ওমান থেকে আমদানি করে
৩. সিলিকন তেল (পিচ্ছিলতার জন্য): প্রধানত চীন থেকে আসে, বর্তমানে দাম আকাশছোঁয়া
৪. সালফার ও জিঙ্ক অক্সাইড (কনডম শক্তিশালী করতে): ব্যয়বহুল হয়ে উঠেছে
৫. ফ্লেভার ও রং: বিশ্বব্যাপী সরবরাহ প্রতিবন্ধকতায় প্রভাবিত

বিশেষজ্ঞদের মতে, এই সংকট দীর্ঘমেয়াদি হলে উন্নয়নশীল দেশগুলোর পরিবার পরিকল্পনা কার্যক্রম ও যৌনস্বাস্থ্য সুরক্ষা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ডব্লিউএইচও সকল দেশকে জরুরি ভিত্তিতে কনডমের সহজলভ্যতা নিশ্চিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্রঃ এইদিন ডট ইন

এম.কে

আরো পড়ুন

সাঁতার কেটে গর্ভবতী আফ্রিকান মায়ের স্প্যানিশ ছিটমহলে প্রবেশ

যুদ্ধে ইরানকে সমর্থন দিলো চীন

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকেও এগিয়ে আসার আহ্বান ফ্রান্সের