ব্রিটেনের ইয়র্কশায়ারের একটি বন্যপ্রাণী পার্কে বাঘের খাঁচায় ঝাঁপ দেওয়ার পর বাঘের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে ডনকাস্টারের ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করার পর জরুরি বিভাগের কর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে সাউথ ইয়র্কশায়ার পুলিশ।
পুলিশের বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে বাঘের খাঁচায় এক ব্যক্তির প্রবেশের খবর পায় তারা। এরপর খাঁচায় থাকা বাঘটি তার ওপর হামলা চালায়। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে চিকিৎসাকর্মীদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং বিশেষভাবে প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তারা তাদের সহায়তা করছেন।
ঘটনার সময় পার্কে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, খাঁচায় প্রবেশের আগে ওই ব্যক্তিকে উত্তেজিত দেখাচ্ছিল। পরে তিনি বাঘের খাঁচায় ঝাঁপ দেন। বাঘটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টার সময় গুলির মতো শব্দ শোনা যায় বলে জানিয়েছেন কয়েকজন দর্শনার্থী। তবে ওই শব্দ গ্যাস ক্যানিস্টার থেকে এসেছিল কি না, তা নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও পুলিশ এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত করেনি।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পুরো ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক খালি করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, হামলার পর বাঘটি তার খাঁচার ভেতরেই ছিল এবং প্রাণীটির কোনো আঘাত লাগেনি। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য বাইরে কোনো ঝুঁকি নেই বলেও নিশ্চিত করেছে পুলিশ।
ইয়র্কশায়ার অ্যাম্বুল্যান্স সার্ভিসের এক মুখপাত্র জানান, ঘটনাস্থলে দুটি স্থল অ্যাম্বুল্যান্স, ইয়র্কশায়ার এয়ার অ্যাম্বুল্যান্স এবং একজন চিকিৎসক পাঠানো হয়েছিল।
পার্ক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, বাঘের খাঁচায় গুরুতর একটি ঘটনা ঘটেছে। জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সক্রিয় করা হয় এবং কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। দর্শনার্থী, কর্মী ও প্রাণীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানায় কর্তৃপক্ষ। ঘটনার কারণে পার্কটি বন্ধ ঘোষণা করা হয় এবং পরদিনও বন্ধ রাখার কথা জানানো হয়।
পুলিশ অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও শেয়ার না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। ঘটনার পরিস্থিতি ও কীভাবে ওই ব্যক্তি বাঘের খাঁচায় প্রবেশ করেছিলেন, তা জানতে তদন্ত চলছে।
সূত্রঃ ডেইলি এক্সপ্রেস
এমকে

