পশ্চিম লন্ডনের হেইস শহরের কেন্দ্রীয় এলাকার অবনতি, অপরাধ, অসামাজিক কর্মকাণ্ড, জুয়ার দোকান এবং ফাস্টফুডের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় শহরটির পুনর্গঠনে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে হিলিংডন কাউন্সিল। আগামী ২০ নভেম্বর কাউন্সিলের ক্যাবিনেট সভায় এ পরিকল্পনা অনুমোদনের জন্য তোলার কথা রয়েছে।
১৬ নভেম্বর প্রকাশিত মাই লন্ডন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হিলিংডন এলাকার দ্বিতীয় বৃহত্তম শহরকেন্দ্র হেইসের জন্য এটিই কাউন্সিলের প্রথম পূর্ণাঙ্গ স্থানিক উন্নয়ন কৌশল। শহরটির দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনা দূর করা এবং বসবাস ও ব্যবসার পরিবেশ উন্নত করাই এর মূল লক্ষ্য।
হিথ্রো বিমানবন্দরের কাছাকাছি অবস্থান, নতুন আবাসন প্রকল্প এবং এলিজাবেথ লাইনের যোগাযোগ সুবিধা থাকা সত্ত্বেও হেইস এখনো হিলিংডনের অন্যতম বঞ্চিত এলাকা হিসেবে রয়ে গেছে। স্থানীয় আদমশুমারির তথ্য অনুযায়ী, শহরটির জনসংখ্যা ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও মানুষ সেখানে স্থায়ীভাবে বসবাস বা ব্যবসা চালিয়ে যেতে আগ্রহী হচ্ছে না। সামাজিক সুযোগ-সুবিধার অভাব, নাগরিক দায়িত্ববোধের ঘাটতি এবং যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতাকে এর সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছে কাউন্সিল।
জাস ভাল্লা ওয়ার্কসের তৈরি একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বাইরে গড়ে ওঠা বাণিজ্যিক কেন্দ্রগুলোর কারণে হেইসের প্রধান সড়কের উচ্চমূল্যের খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কমে গেছে। সেগুলোর জায়গায় বেড়েছে স্বর্ণ বন্ধক রাখার দোকান, জুয়ার প্রতিষ্ঠান এবং ফাস্টফুডের দোকান। একই সঙ্গে অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছে।
শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৪ শতাংশ জানিয়েছেন, হেইসের এমন কিছু জায়গা রয়েছে যেখানে নিরাপত্তাহীনতার কারণে তারা যেতে চান না। অন্যদিকে, ৪৪ শতাংশ দোকানমালিক জানিয়েছেন, অসামাজিক কর্মকাণ্ড তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে। ৫৬ শতাংশ ব্যবসায়ী বলেছেন, এসব সমস্যার অধিকাংশই সন্ধ্যার সময় ঘটে।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, শহরে বিনামূল্যে মানুষের একত্র হওয়ার মতো উন্মুক্ত জনপরিসরের অভাব রয়েছে। বিশেষ করে তরুণদের জন্য পর্যাপ্ত সামাজিক ও বিনোদনমূলক জায়গা না থাকায় ফাস্টফুডের দোকান ও খাবারের প্রতিষ্ঠানগুলো অনানুষ্ঠানিক মিলনস্থলে পরিণত হয়েছে। এর ফলে তরুণদের স্বাস্থ্য ও সামগ্রিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হেইস শহরকে পুনরুজ্জীবিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দিচ্ছে হিলিংডন কাউন্সিল।
প্রথমত, শহরের প্রধান বাণিজ্যিক সড়ককে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তুলতে চায় কাউন্সিল। এর মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করার পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয়ত, হেইস রেলস্টেশন, প্রধান সড়ক এবং আশপাশের আবাসিক এলাকাগুলোর মধ্যে নিরাপদ যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে। পথচারীদের চলাচল সহজ করা এবং শহরের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ বাড়ানো হবে।
তৃতীয়ত, খাল, পার্ক ও সবুজ জায়গাগুলোর সঙ্গে শহরের কেন্দ্রীয় এলাকার সংযোগ বাড়িয়ে পরিবেশ উন্নয়নের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে গ্র্যান্ড ইউনিয়ন খালকে কেন্দ্র করে শহরকে আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হবে।
চতুর্থত, শহরের পরিত্যক্ত বাণিজ্যিক স্থাপনাগুলোকে আবার জনসাধারণের ব্যবহারের উপযোগী করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাস্তা ও উন্মুক্ত স্থানগুলোকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ এবং মানুষের জন্য আকর্ষণীয় করে তোলা হবে। যেসব জায়গায় মানুষ নিরাপত্তাহীনতা অনুভব করেন, সেগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
পঞ্চমত, হেইসের ঐতিহাসিক ঐতিহ্য ও স্থানীয় পরিচয় তুলে ধরে ভবিষ্যৎ উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলা হবে।
কাউন্সিলের পরিকল্পনায় স্টেশন রোড ও কোল্ডহারবার লেনকে শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হেইস অ্যান্ড হারলিংটন স্টেশনকে এলিজাবেথ লাইনের সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে। পাশাপাশি শহরের মধ্য দিয়ে প্রবাহিত গ্র্যান্ড ইউনিয়ন খাল, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বিনোদনকেন্দ্র এবং ঐতিহাসিক স্থাপনাগুলোকে উন্নয়নের সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কাউন্সিলের মতে, এসব গুরুত্বপূর্ণ স্থাপনা কাছাকাছি অবস্থান করলেও বর্তমানে সেগুলো বিচ্ছিন্ন পরিবেশে রয়েছে। নতুন পরিকল্পনার মাধ্যমে এসব এলাকার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা হবে।
আগামী ২০ নভেম্বর ক্যাবিনেট সভায় পরিকল্পনাটি অনুমোদিত হলে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলোর বাস্তবায়ন কাঠামো তৈরি এবং বিনিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুত করা হবে। প্রকল্পের জটিলতা অনুযায়ী ধাপে ধাপে কাজ শুরু হবে। শুরুতে দ্রুত বাস্তবায়নযোগ্য উদ্যোগগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে কাউন্সিল।
সূত্রঃ মাই লন্ডন
এমকে

