যুক্তরাজ্যের ইংল্যান্ডে ক্যানসার রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে চিকিৎসা শুরু করতে না পারায় প্রায় ১০ হাজার অতিরিক্ত ক্যানসার রোগী ভোগান্তিতে পড়তে পারেন বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, নেতৃত্বের ঘাটতি, পর্যাপ্ত মনোযোগ ও প্রয়োজনীয় সম্পদের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের লক্ষ্য হলো, জরুরি ভিত্তিতে চিকিৎসকের কাছে পাঠানো অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবে চিহ্নিত হওয়ার পর সর্বোচ্চ ৬২ দিনের মধ্যে অন্তত ৮০ শতাংশ ক্যানসার রোগীর চিকিৎসা শুরু করা। আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে এই অন্তর্বর্তী লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা রয়েছে।
কিন্তু লক্ষ্যমাত্রা পূরণের সময় ঘনিয়ে এলেও বাস্তব পরিস্থিতি সন্তোষজনক নয়। হাতে সময় রয়েছে মাত্র ১০০ দিনের কিছু বেশি। অথচ গত সেপ্টেম্বর মাসে নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসা শুরু করতে পেরেছেন মাত্র ৭০ দশমিক ৭ শতাংশ রোগী। আগস্ট মাসে এই হার ছিল ৭১ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে সময়মতো চিকিৎসা শুরুর হার আরও কমেছে।
এনএইচএসের প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ ২০২৭-এর মধ্যে ৮০ শতাংশের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রতি মাসে অতিরিক্ত ২ হাজার ৮৫০ জন ক্যানসার রোগীর চিকিৎসা নির্ধারিত ৬২ দিনের মধ্যে শুরু করতে হবে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্তমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে প্রায় ১০ হাজার রোগী লক্ষ্যমাত্রা অনুযায়ী সময়মতো চিকিৎসা পাবেন না। তাদের মতে, ক্যানসার চিকিৎসার অপেক্ষার সময় কমাতে প্রয়োজনীয় পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব এবং স্বাস্থ্যসেবায় পর্যাপ্ত অর্থ ও জনবল নিশ্চিত করা জরুরি।
এ পরিস্থিতি ইংল্যান্ডের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর নতুন করে চাপ তৈরি করেছে। বিশেষ করে ক্যানসার শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা শুরু করা রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা শুরুতে বিলম্ব হলে রোগীদের শারীরিক ও মানসিক ভোগান্তি বাড়তে পারে।
এনএইচএসের পরিসংখ্যানে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে সময়মতো চিকিৎসা শুরুর হার কমে যাওয়ার বিষয়টি পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে। ফলে আগামী চার মাসের কিছু বেশি সময়ে চিকিৎসার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো না গেলে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

