12.8 C
London
October 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে টিভি লাইসেন্স ছাড়াই টিভি দেখার সুযোগঃ টাকা বাঁচানোর সহজ উপায়

ব্রিটেনে টিভি লাইসেন্সের একটি কম পরিচিত নিয়ম সামনে এসেছে, যার আওতায় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আলাদা টিভি লাইসেন্স ছাড়াই ল্যাপটপ, মোবাইল ফোন বা ট্যাবলেটে টেলিভিশন দেখতে পারেন। তবে এ সুবিধা পেতে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।

টিভি লাইসেন্সিং কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বাড়ির বাইরে থাকা শিক্ষার্থীদের সাধারণত টিভি লাইসেন্স প্রয়োজন হয়। টেলিভিশনের যেকোনো চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা, স্ট্রিমিং পরিষেবায় সরাসরি টিভি অনুষ্ঠান দেখা কিংবা বিবিসি আইপ্লেয়ারে অনুষ্ঠান দেখার ক্ষেত্রে লাইসেন্সের নিয়ম প্রযোজ্য।

তবে শিক্ষার্থীর শিক্ষাবর্ষের বাইরের ঠিকানায়—যেমন মা-বাবা বা অভিভাবকের বাড়িতে—বৈধ টিভি লাইসেন্স থাকলে, নির্দিষ্ট শর্তে সেই লাইসেন্সের আওতায় বিশ্ববিদ্যালয়ে থেকেও টিভি দেখা যেতে পারে।

এ ক্ষেত্রে শিক্ষার্থীকে এমন যন্ত্র ব্যবহার করতে হবে, যা নিজস্ব ব্যাটারিতে চলে। যন্ত্রটি বিদ্যুতের সকেটে লাগানো থাকা যাবে না এবং কোনো টিভি অ্যান্টেনার সঙ্গেও সংযুক্ত করা যাবে না। অর্থাৎ, ল্যাপটপ, মোবাইল ফোন বা ট্যাবলেট নিজস্ব ব্যাটারিতে চালিয়ে ব্যবহার করলে এই সুবিধা পাওয়া যেতে পারে।

ব্রিটেনের সাবেক এক বিবিসি কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মটি তুলে ধরে বিস্ময় প্রকাশ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, পরিবারের একজন সদস্যের কাছ থেকে বিষয়টি জানার পর নিয়মটি তার কাছে অত্যন্ত অদ্ভুত বলে মনে হয়েছে।

ভোক্তা অধিকারবিষয়ক ওয়েবসাইট মানি সেভিং এক্সপার্টও নিয়মটিকে অদ্ভুত বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে, যন্ত্রটি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত থাকা অবস্থায় বা টিভি অ্যান্টেনার মাধ্যমে অনুষ্ঠান দেখলে এ ছাড় প্রযোজ্য হবে না।

অন্যদিকে, যেসব শিক্ষার্থী নিজেদের টিভি লাইসেন্স কিনেছেন, তাদের কেউ কেউ গ্রীষ্মকালীন ছুটিতে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে অর্থ ফেরত পাওয়ার যোগ্য হতে পারেন।

ব্রিটেন সরকারের ওয়েবসাইটেও নিয়মটি ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসনে নিজের কক্ষে টিভি দেখতে লাইসেন্স প্রয়োজন হতে পারে। তবে শিক্ষাবর্ষের বাইরের ঠিকানার লাইসেন্স ব্যবহার করে ব্যাটারিচালিত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং অ্যান্টেনার সঙ্গে সংযুক্ত নয়—এমন যন্ত্রে টিভি দেখার ক্ষেত্রে ছাড় পাওয়া যেতে পারে।

সূত্রঃ মাই লন্ডন\টিভি লাইসেন্সিং কর্তৃপক্ষ

এমকে

আরো পড়ুন

লেবার রাজনীতিবিদদের সরকারের নেয়া অভিবাসন ও আশ্রয় নীতির সমালোচনা

যুক্তরাজ্যে মানবদেহে নিপাহ ভাইরাসের টিকা পরীক্ষা শুরু

যুক্তরাজ্যের তুষারপাত: ১২ বছরে এমন শীত দেখেনি ব্রিটিশরা!

অনলাইন ডেস্ক