TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে প্রবেশে ফ্রান্স ছেড়ে এবার নেদারল্যান্ডসকে রুট হিসেবে ব্যবহার করছে মানবপাচারকারীরা

ব্রিটেনে অবৈধভাবে প্রবেশের জন্য মানবপাচারকারী চক্র নতুন নতুন কৌশল ও যাত্রাপথ ব্যবহার করছে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক অভিবাসনমন্ত্রী ও ডোভার আসনের লেবার এমপি মাইক ট্যাপ। নেদারল্যান্ডসের উপকূল থেকে ৩৮ জন অভিবাসী নিয়ে একটি রাবারের নৌকা ব্রিটেনের উদ্দেশে যাত্রার চেষ্টা করার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

গত শনিবার দক্ষিণ নেদারল্যান্ডসের উপকূলে ইঞ্জিনবিহীন একটি নৌকাকে ভাসতে দেখে রাডার ব্যবস্থায় শনাক্ত করা হয়। পরে জরুরি উদ্ধারকারী দল নৌকাটিকে জেল্যান্ড প্রদেশের কাছাকাছি ক্যাডজান্ড বন্দরে নিয়ে যায়। নৌকাটিতে থাকা ৩৮ জন অভিবাসীর অবস্থা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঠান্ডা আবহাওয়ার মধ্যে ইঞ্জিন ছাড়াই নৌকাটিতে তাদের অবস্থান করতে হচ্ছিল।

এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই সুদানি নাগরিককে গ্রেপ্তার করেছে নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ। দেশটির সরকারি কৌঁসুলিদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার একজন ম্যাজিস্ট্রেট তাদের ১৪ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেন। বর্তমানে তাদের চলাচল ও যোগাযোগে বিধিনিষেধ রয়েছে। আইনজীবীদের সঙ্গে যোগাযোগ ছাড়া অন্য কারও সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না।

তদন্তকারীরা পরে নিশ্চিত হন, নৌকাটি নেদারল্যান্ডসের ভূখণ্ড থেকেই যাত্রা শুরু করেছিল। বৃহস্পতিবার পর্যন্ত ক্যাডজান্ড উপকূলে নৌকাটির ইঞ্জিনের সন্ধান চলছিল।

ডোভার আসনের লেবার এমপি মাইক ট্যাপ বলেন, মানবপাচারকারীদের নৌযাত্রা ঠেকাতে অভিযান জোরদার হলে অপরাধী চক্রও তাদের কৌশল পরিবর্তন করবে। নতুন নতুন যাত্রাস্থল ও পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করবে তারা। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনার কৌশলও পরিস্থিতির সঙ্গে দ্রুত পরিবর্তন করতে হবে।

তিনি আরও বলেন, চলতি বছরে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এই সমস্যা মোকাবিলায় এখনো অনেক পথ বাকি।

নেদারল্যান্ডসের উপপ্রধানমন্ত্রী ও অভিবাসনবিষয়ক মন্ত্রী বার্ট ভ্যান ডেন ব্রিঙ্ক ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি ডাচ সংবাদমাধ্যম আরটিএলকে বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যা ফ্রান্সের কালে অঞ্চলে সীমাবদ্ধ ছিল। পরে তা উত্তরের দিকে বেলজিয়ামের দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এবার প্রথমবারের মতো নেদারল্যান্ডসের জলসীমায় এমন ঘটনা দেখা গেল।

নেদারল্যান্ডস রেড ক্রসের বাস্তিয়ান ভ্যান ব্লকল্যান্ড বলেন, নৌকাটির পরিস্থিতি ছিল অত্যন্ত বিপজ্জনক। ঠান্ডা আবহাওয়ার মধ্যে ৩৮ জন মানুষ ইঞ্জিনবিহীন একটি ছোট নৌকায় অবস্থান করছিলেন। তাদের পা নৌকার বাইরে ঝুলছিল।

এদিকে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছেছেন মোট ২১ হাজার ৮৬৯ জন অভিবাসী।

বছরের বাকি সময় দুই মাসের কিছু বেশি থাকলেও শীত ও শরতের শেষ দিকে সাধারণত এ ধরনের যাত্রা কমে আসে। ফলে ২০২৬ সালে মোট অভিবাসী আগমনের সংখ্যা ২০২৫ সালের পরিসংখ্যান ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ সরকারের দাবি, চলতি বছর ছোট নৌকায় অভিবাসীদের আগমন উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে গ্রীষ্মকালে, যখন তুলনামূলক উষ্ণ আবহাওয়ার কারণে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা বাড়ে, তখন ২০২০ সালের পর সর্বনিম্ন সংখ্যক অভিবাসীর আগমন রেকর্ড করা হয়েছে।

তবে নেদারল্যান্ডস থেকে নতুন এই যাত্রার ঘটনা ইউরোপের বিভিন্ন দেশ হয়ে ব্রিটেনে অবৈধভাবে প্রবেশের নতুন পথ তৈরি হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।

সূত্রঃ এলবিসি

এমকে

আরো পড়ুন

বিধ্ব’স্ত রূপে দেখা মিলল টিউলিপ সিদ্দিকির

সেন্ট জর্জ পতাকায় ভয়ঃ বর্ণবাদী আতঙ্কে ব্রিটিশ স্বাস্থ্যখাত

ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের জন্য ৫ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা দিতে যাচ্ছেন ফারাজ