13 C
London
September 28, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ফ্যামিলি ভিসায় ইংরেজি পরীক্ষার প্রয়োজন নেই ৫ শ্রেণির বিদেশিদের

যুক্তরাজ্যে ফ্যামিলি ভিসার আবেদনকারীদের জন্য ইংরেজি ভাষার যোগ্যতা প্রমাণের নিয়ম রয়েছে। তবে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে আবেদনকারীদের এই শর্ত থেকে ছাড় দেওয়া হয়। ব্রিটিশ সরকারের বর্তমান নির্দেশনা অনুযায়ী, পাঁচ শ্রেণির আবেদনকারীকে ইংরেজি ভাষার জ্ঞান প্রমাণ করতে বা অনুমোদিত ইংরেজি পরীক্ষা দিতে হয় না।

প্রথমত, শিশু হিসেবে ফ্যামিলি ভিসার আবেদনকারীরা এই ছাড়ের আওতায় রয়েছেন। দ্বিতীয়ত, কোনো আত্মীয়ের কাছ থেকে পরিচর্যা নেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হিসেবে ব্রিটেনে আসতে চাওয়া ব্যক্তিদেরও ইংরেজি ভাষার শর্ত পূরণ করতে হয় না।

তৃতীয় শ্রেণিতে রয়েছেন এমন আবেদনকারীরা, যারা ফ্যামিলি ভিসায় পাঁচ বছর ব্রিটেনে থাকার পর পার্টনার বা প্যারেন্ট হিসেবে ভিসা বাড়ানোর আবেদন করছেন। সরকারি নিয়মে এই পরিস্থিতিতে আবার ইংরেজি ভাষার প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই।

চতুর্থত, আবেদনের সময় ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা ইংরেজি ভাষার পরীক্ষা থেকে ছাড় পান। বয়স প্রমাণের জন্য পাসপোর্ট বা গ্রহণযোগ্য ভ্রমণ নথি ব্যবহার করা যেতে পারে।

পঞ্চম শ্রেণিতে রয়েছেন এমন ব্যক্তিরা, যাদের শারীরিক বা মানসিক কোনো সমস্যা রয়েছে এবং সেই কারণে ইংরেজি ভাষার শর্ত পূরণ করা সম্ভব নয়। তবে শুধু কোনো শারীরিক বা মানসিক সমস্যা থাকলেই স্বয়ংক্রিয়ভাবে ছাড় পাওয়া যায় না। সংশ্লিষ্ট অবস্থার কারণে ইংরেজি শেখা বা অনুমোদিত পরীক্ষা দেওয়া সম্ভব নয়—এমন বিষয় প্রমাণ করতে হতে পারে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, সাধারণভাবে ফ্যামিলি ভিসার প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ইংরেজি ভাষার জ্ঞান প্রমাণ করতে হয়। এটি করা যেতে পারে অনুমোদিত ইংরেজি পরীক্ষায় প্রয়োজনীয় ফল অর্জন, ইংরেজিতে পড়ানো কোনো ডিগ্রি অথবা নির্দিষ্ট ক্ষেত্রে অন্যান্য স্বীকৃত যোগ্যতার মাধ্যমে।

প্রথমবার ফ্যামিলি ভিসার ক্ষেত্রে সাধারণত প্রয়োজনীয় ন্যূনতম ইংরেজি দক্ষতা এ-১ পর্যায়। পরবর্তী সময়ে ভিসা বাড়ানোর ক্ষেত্রে আবেদনকারীর আগের পরীক্ষার ফল এবং পরিস্থিতির ওপর নির্ভর করে উচ্চতর ভাষাগত যোগ্যতা প্রয়োজন হতে পারে।

এ ছাড়া যুক্তরাজ্যের সরকারি তালিকায় কয়েকটি দেশের নাগরিকদেরও ইংরেজি ভাষার প্রমাণ থেকে ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রেলিয়া, বাহামাস, বার্বাডোস, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ।

তবে ইংরেজি ভাষার পরীক্ষা থেকে ছাড় পাওয়া মানেই ফ্যামিলি ভিসার অন্য সব শর্ত থেকে ছাড় পাওয়া নয়। আবেদনকারীর সম্পর্ক, আর্থিক সক্ষমতা, আবাসন এবং ভিসার ধরন অনুযায়ী অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করতে হতে পারে।

সূত্রঃ ইউকে.গভ\ লিজিট.এনজি

এম.কে

আরো পড়ুন

ভারতীয় ছাত্রের ভয়াবহ পরিকল্পনাঃ ১৩ বছরের মেয়েকে বিয়ে করে যুক্তরাজ্যে থাকার চেষ্টা

রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে পূর্ব ইউরোপে সৈন্য পাঠাবে যুক্তরাজ্য: বরিস জনসন

অনলাইন ডেস্ক

স্বাধীনতা উপভোগ করুন, তবে ঝুঁকি থেকে সাবধান: ব্রিটিশ প্রধানমন্ত্রী