12.7 C
London
October 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে বাজেটের আগে বড় আর্থিক সিদ্ধান্তে সতর্কবার্তাঃ ভুল করলে পস্তাতে হবে

ব্রিটেনে আগামী ২৮ অক্টোবর শরৎকালীন বাজেট ঘোষণার আগে নাগরিকদের তাড়াহুড়ো করে আর্থিক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছেন এক আর্থিক বিশেষজ্ঞ। গুজব, জল্পনা ও আতঙ্কের ভিত্তিতে বড় সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে অনুশোচনা করতে হতে পারে বলে সতর্ক করেছেন ইনভেস্টিং ইনসাইডার্সের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আন্তোনিয়া মেডলিকট।

১৮ অক্টোবর প্রকাশিত ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থমন্ত্রী জন হিলি আসন্ন বাজেটে পেনশন, উত্তরাধিকার কর, জ্বালানি শুল্ক এবং আয়করের সীমা নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরবেন। সম্ভাব্য পরিবর্তন নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

জ্বালানি শুল্ক বাড়লে ব্যয় বাড়তে পারেঃ

মেডলিকটের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে জ্বালানির দাম দ্রুত বেড়েছে। এর সঙ্গে অস্থায়ী জ্বালানি শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হলে গাড়িচালকদের খরচ আরও বাড়তে পারে। তার বক্তব্য অনুযায়ী, আগামী জানুয়ারিতে প্রতি লিটারে ২ পেনি এবং মার্চে আরও ২ পেনি শুল্ক বাড়ার কথা রয়েছে।

জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতে সরকার শুল্ক ছাড়ের মেয়াদ বাড়াতে পারে বলে ধারণা করছেন তিনি। তবে এ বিষয়ে কোনো ঘোষণা না এলে পরিবারগুলোকে বাড়তি জ্বালানি ব্যয়ের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন।

শেয়ার বিনিয়োগে কর ছাড়ের সুযোগঃ

আসন্ন বাজেটে মূলধনি মুনাফা করের নিয়ম পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে অধিকাংশ ব্যক্তির জন্য বছরে ৩ হাজার পাউন্ড পর্যন্ত মূলধনি মুনাফায় কর ছাড়ের সীমা রয়েছে। এর বেশি করযোগ্য মুনাফার ওপর করদাতার করের স্তর অনুযায়ী ১৮ বা ২৪ শতাংশ হারে কর প্রযোজ্য হতে পারে।

মেডলিকটের আশঙ্কা, সরকার এই করমুক্ত সীমা কমাতে বা বাতিল করতে পারে কিংবা করের হার বাড়াতে পারে। এতে আইএসএর বাইরে রাখা শেয়ার ও অন্যান্য বিনিয়োগ থেকে অর্জিত মুনাফায় প্রভাব পড়তে পারে।

যাদের স্টকস অ্যান্ড শেয়ারস আইএসএর বার্ষিক বিনিয়োগসীমা পুরোপুরি ব্যবহার করা হয়নি, তারা এই ব্যবস্থার সুবিধা বিবেচনা করতে পারেন। আইএসএর মধ্যে থাকা বিনিয়োগের মুনাফা সাধারণত মূলধনি মুনাফা করমুক্ত থাকে।

তবে আইএসএর বাইরে থাকা শেয়ার বিক্রি করে আইএসএর মধ্যে পুনরায় কেনার ক্ষেত্রে কর, লেনদেনের খরচ ও বাজারের ওঠানামার ঝুঁকি বিবেচনা করতে হবে।

উত্তরাধিকার করেও আসতে পারে পরিবর্তনঃ

আগামী বছর থেকে অব্যবহৃত পেনশন তহবিল উত্তরাধিকার করের আওতায় আনার পরিবর্তন কার্যকর হওয়ার কথা রয়েছে। এর বাইরে করমুক্ত উপহার দেওয়ার ওপর আজীবন সীমা আরোপ এবং নতুন কর চালুর বিষয়েও আলোচনা চলছে।

মেডলিকটের মতে, এসব পদক্ষেপ প্রস্তাবিত জাতীয় পরিচর্যা পরিষেবার ব্যয় মেটাতে রাজস্ব সংগ্রহের উপায় হিসেবে বিবেচিত হতে পারে। তবে সম্ভাব্য পরিবর্তন নিয়ে গুঞ্জনের ভিত্তিতে এখনই উত্তরাধিকার পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন না এনে বিদ্যমান আর্থিক ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া উচিত।

গুজবে পেনশনের টাকা তুলে নেওয়ার ঝুঁকিঃ

মেডলিকট গত বছরের একটি উদাহরণ দিয়ে সতর্ক করেছেন। সে সময় পেনশন থেকে করমুক্ত অর্থ উত্তোলনে সরকারের বিধিনিষেধ আরোপের আশঙ্কায় অনেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়েছিলেন। কিন্তু প্রত্যাশিত পরিবর্তন কার্যকর না হওয়ায় তাদের তোলা অর্থের কিছু অংশ চলতি হিসাবে পড়ে ছিল, যেখানে পেনশন তহবিলে বিনিয়োগ করা থাকলে আরও বেশি প্রবৃদ্ধির সুযোগ থাকতে পারত বলে তিনি উল্লেখ করেন।

তার পরামর্শ, বাজেট ঘোষণার আগে নিজের আয়, সঞ্চয়, বিনিয়োগ ও পেনশনের ওপর সম্ভাব্য পরিবর্তনের প্রভাব বুঝে প্রস্তুতি নিতে হবে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো পরিবর্তন নিশ্চিত নয়। সাধারণত বাজেট ঘোষণার দিনই সব নতুন নীতি কার্যকর হয় না; অনেক ক্ষেত্রে পরিবর্তন কার্যকর হওয়ার আগে প্রস্তুতির সময় দেওয়া হয়।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

৫ বছরে লন্ডনের মেয়র সাদিক খানের যতো অর্জন ও ব্যর্থতা

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে বড় ধরনের বিপর্যয়ে লেবারঃ জরিপে রিফর্মের অপ্রতিরোধ্য উত্থান

ধর্ম যার যার, সাংবিধানিক দায়িত্ব সবার—ব্রিটেনে পুরোনো বিধিনিষেধ তুলে নিতে বার্নহ্যামের বিল