TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে বিলুপ্ত হতে পারে ডিভিএলএ কর্তৃপক্ষকে অন্য সংস্থার সঙ্গে একীভূত করার পরিকল্পনা

ব্রিটেনে ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী সরকারি সংস্থা ড্রাইভার অ্যান্ড ভেহিকল লাইসেন্সিং এজেন্সি (ডিভিএলএ) বিলুপ্ত কিংবা অন্য সংস্থার সঙ্গে একীভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের প্রস্তাবিত ১০ বছর মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশটির সরকারি প্রশাসনে বড় ধরনের পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর লক্ষ্য হিসেবে সরকারি সংস্থাগুলোর অপ্রয়োজনীয় আমলাতন্ত্র কমানো এবং ক্ষমতা আঞ্চলিক পর্যায়ে হস্তান্তরের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

জিবি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্নহাম তার ‘স্টেট পুনর্গঠন’ পরিকল্পনার আওতায় অকার্যকর, জবাবদিহিহীন কিংবা দুর্বল কার্যসম্পাদনকারী সরকারি সংস্থাগুলোর ক্ষমতা ও দায়িত্ব পুনর্বিন্যাস করতে চান। এ লক্ষ্যে বিভিন্ন সরকারি বিভাগকে একটি ‘রিওয়্যারিং দ্য স্টেট কমিশন’-এর মাধ্যমে তাদের অধীনস্থ স্বতন্ত্র সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা করতে বলা হয়েছে। যেসব সংস্থার দায়িত্ব আঞ্চলিক মেয়রদের কাছে হস্তান্তর করা সম্ভব, সেগুলো চিহ্নিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি নিবন্ধনের দায়িত্বে থাকা ডিভিএলএকে ড্রাইভার অ্যান্ড ভেহিকল স্ট্যান্ডার্ডস এজেন্সি (ডিভিএসএ)-এর সঙ্গে একীভূত করার বিষয়টি বিবেচনা করছে লেবার সরকার। ডিভিএসএ মূলত ড্রাইভিং পরীক্ষা এবং গাড়ির এমওটি (MOT) পরীক্ষার দায়িত্ব পালন করে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দুই সংস্থাই সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রশাসনিক ব্যর্থতা ও সেবা প্রদানে বিলম্বের কারণে সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে ডিভিএসএর ড্রাইভিং পরীক্ষার জন্য দীর্ঘ অপেক্ষার সময় নিয়ে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে ড্রাইভিং পরীক্ষার তারিখ পেতে চালকদের ১৯ সপ্তাহেরও বেশি অপেক্ষা করতে হচ্ছে।

অন্যদিকে, চিকিৎসাগত কারণে গাড়ি চালানোর উপযুক্ত কি না, তা যাচাইয়ের ক্ষেত্রেও ডিভিএলএ নির্ধারিত সময়সীমা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। চিকিৎসাসংক্রান্ত আবেদন পাওয়ার ৫০ দিনের মধ্যে চালককে গাড়ি চালানোর উপযুক্ত ঘোষণা করার লক্ষ্যমাত্রা থাকলেও সংস্থাটি নিয়মিতভাবে তা পূরণ করতে পারেনি।

সরকারি সংস্থা পুনর্গঠনের এই উদ্যোগ সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমলের পরিকল্পনার ধারাবাহিকতা বলেও মনে করা হচ্ছে। ২০২৫ সালে স্টারমার বিভিন্ন স্বতন্ত্র সরকারি সংস্থার কার্যক্রম পর্যালোচনার ঘোষণা দিয়েছিলেন। সেই পরিকল্পনায় বিশ্বের বৃহত্তম স্বতন্ত্র সরকারি স্বাস্থ্য সংস্থা এনএইচএস ইংল্যান্ড বিলুপ্ত করে এর দায়িত্ব স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগের অধীনে নেওয়ার প্রস্তাবও ছিল।

তবে এনএইচএস ইংল্যান্ডের কর্মীদের বেতন ও চাকরির চুক্তি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় সেই পরিকল্পনা বাধাগ্রস্ত হয়। স্বাস্থ্য সংস্থাটির ব্যবস্থাপকদের বেতন স্বাস্থ্য বিভাগের সমপর্যায়ের কর্মকর্তাদের তুলনায় বেশি হওয়ায় কর্মীদের সরকারি চাকরির কাঠামোয় অন্তর্ভুক্ত করা কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত কর্মীদের বর্তমান চুক্তি বহাল রাখার সুযোগ দিয়ে নতুন একটি প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী ইয়েভেট কুপার জানিয়েছেন, নতুন কাঠামোটি সাময়িক ব্যবস্থা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আরও বিকেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থায় যাওয়ার প্রক্রিয়াকে সহায়তা করবে।

বার্নহামের ১০ বছর মেয়াদি পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে দেওয়ার কথা থাকলেও তা আগামী জানুয়ারিতে পিছিয়ে যেতে পারে। দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ডিসেম্বর অথবা জানুয়ারিতে পরিকল্পনাটি উপস্থাপনের সম্ভাবনার কথা জানিয়েছেন।

গত জুলাইয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, এই পরিকল্পনার মাধ্যমে ব্রিটেনের বর্তমান অবস্থা থেকে ভবিষ্যতে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানোর একটি দীর্ঘমেয়াদি পথনকশা তৈরি করা হবে।

সূত্রঃ জিবি নিউজ

এমকে

আরো পড়ুন

গাজায় ভয়াবহ মানবিক সংকটে নীরব থাকবে না ব্রিটেনঃ জাতিসংঘে অ্যান্ডি বার্নহামের কড়া বার্তা

৩২ বছরে প্রথমবার শীর্ষ তিনে নেই অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

ব্রিটেনে দ্বৈত নাগরিকের সংখ্যা এক দশকে দ্বিগুণ