TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক মার্কিন সেনা এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে

ব্রিটেনে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে গ্রেপ্তার হওয়া এক মার্কিন সেনা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার গুরুতর অভিযোগ রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আটক মার্কিন সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল ব্র্যান্ডন ক্যারল টাইনার। ৪১ বছর বয়সী এই কর্মকর্তা ২০০৮ সাল থেকে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত। গত ১০ নভেম্বর ইংল্যান্ডের গ্লুচেস্টার এলাকার কাছ থেকে তাকে গ্রেপ্তার করে ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ।

টাইনার গ্লুচেস্টারশায়ারের ইনসওয়ার্থে অবস্থিত ইমজিন ব্যারাকে কর্মরত ছিলেন। এটি ন্যাটোর মিত্রবাহিনীর দ্রুত মোতায়েনযোগ্য সেনা কোরের সদর দপ্তর। সেখানে দায়িত্ব পালনকালে তিনি অত্যন্ত সংবেদনশীল সামরিক ও নিরাপত্তাসংক্রান্ত তথ্যের নাগাল পেতেন বলে জানা গেছে। এসব তথ্য রাশিয়ার হাতে গেলে তা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিরাপত্তার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারত বলে আশঙ্কা করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

ব্রিটিশ জাতীয় নিরাপত্তা আইন ২০২৩-এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আইনের সংশ্লিষ্ট ধারাগুলোতে সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অপরাধের বিষয় উল্লেখ রয়েছে।

ব্রিটিশ পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলা একটি গোয়েন্দা অভিযানের অংশ হিসেবে টাইনারকে গ্রেপ্তার করা হয়। অভিযানে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই যৌথভাবে কাজ করেছে।

গ্রেপ্তারের পর ব্রিটিশ পুলিশ তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের তদন্তসংক্রান্ত নথি দেশটির সরকারি কৌঁসুলিদের কাছে পাঠিয়েছিল। বিষয়টি নিয়ে ব্রিটিশ অ্যাটর্নি জেনারেলের দপ্তর এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও যুক্ত হয়। পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হেফাজতে হস্তান্তর করা হবে।

ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশের প্রধান সহকারী কমিশনার লরেন্স টেলর বলেন, পরবর্তী সময়ে তদন্তের দায়িত্ব যুক্তরাষ্ট্রের অংশীদারদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। এ ধরনের গুপ্তচরবৃত্তির আশঙ্কা দেখা দিলে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে দুই দেশের যৌথ অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন।

এই সিদ্ধান্তের ফলে টাইনারের বিচার যুক্তরাজ্যের আদালতে হবে না। বরং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিজস্ব আইন ‘ইউনিফর্ম কোড অব মিলিটারি জাস্টিস’ অনুযায়ী তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, গুপ্তচরবৃত্তির তদন্ত এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও যুক্তরাজ্যের বিভিন্ন সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতেই ওই সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি শনাক্ত করতে এবং দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো একসঙ্গে কাজ করেছে। দেশের প্রতি শপথ ভঙ্গ করে জাতীয় নিরাপত্তা বিপন্ন করার বিষয়ে এফবিআইয়ের কোনো ছাড় নেই বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন বলেন, এই ঘটনা দায়িত্ব পালনের শপথ ভঙ্গের অভিযোগে অভিযুক্ত যেকোনো সেনাসদস্যের জন্য একটি কঠোর সতর্কবার্তা। সহকর্মীদের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেললে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।

অন্যদিকে, গ্রেপ্তারের পর রাশিয়া এই ঘটনার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, গ্রেপ্তারের ঘটনার সঙ্গে কী সম্পর্ক রয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন। তবে রাশিয়ার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, এ ঘটনার সঙ্গে মস্কোর কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, টাইনার এর আগে আফগানিস্তান ও ইরাকে দায়িত্ব পালন করেছিলেন। তবে গ্রেপ্তারের সময় তিনি ন্যাটোর দ্রুত মোতায়েনযোগ্য বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগের বিষয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া এখন যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে।

সূত্রঃ বিবিসি নিউজ

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে কমেছে বিয়ে, বেড়েছে ডিভোর্স

অবৈধ কর্মী রাখায় লন্ডনের রেস্টুরেন্টে £১২০,০০০ জরিমানা, লাইসেন্স বাতিলের আশঙ্কা

ব্রেক্সিটের পর মিলিয়ন পাউন্ডের বাণিজ্য শুল্ক

অনলাইন ডেস্ক