ব্রিটেনে স্কিলড ওয়ার্কার ভিসাধারীদের স্থায়ী বসবাসের সুযোগ বা ইন্ডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে স্কিলড ওয়ার্কার জাস্টিস অ্যালায়েন্স (এসডব্লিউজেএ)। সংগঠনটির দাবি, ১২ মে ২০২৫-এর আগে স্কিলড ওয়ার্কার ভিসায় যুক্তরাজ্যে আসা কিংবা অন্য ভিসা থেকে এই রুটে পরিবর্তন করা কর্মী এবং তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের ক্ষেত্রে নতুন নিয়ম পূর্ববর্তী সময় থেকে কার্যকর করা উচিত নয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ইলেকট্রনিক ইমিগ্রেশন নেটওয়ার্ক (ইআইএন) জানায়, সম্ভাব্য জুডিশিয়াল রিভিউ বা বিচারিক পর্যালোচনার জন্য প্রাথমিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে সংগঠনটি। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্মীদের আগের নিয়ম অনুযায়ী পাঁচ বছরের স্থায়ী বসবাসের পথ বহাল রাখতে হবে। তবে আগের অভিবাসন বিধিতে প্রযোজ্য বেতনসংক্রান্ত শর্ত এবং অন্তর্বর্তীকালীন বিধান পূরণ করতে হবে।
সরকারের প্রস্তাবিত ‘আর্নড সেটেলমেন্ট’ নীতির আওতায় অধিকাংশ আবেদনকারীর জন্য আইএলআর পাওয়ার যোগ্যতার সময়সীমা ১০ বছর করার পরিকল্পনা রয়েছে। যারা এখনো স্থায়ী বসবাসের অনুমতি পাননি, তাদের অনেকের ক্ষেত্রেই নতুন নিয়ম প্রযোজ্য হতে পারে। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ এ নীতির বিস্তারিত তুলে ধরেন। ইআইএনের প্রতিবেদন অনুযায়ী, আগামী মাস থেকে সংশ্লিষ্ট পরিবর্তনগুলো বিধিতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে এবং ২০২৭ সালের মধ্যে তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
স্কিলড ওয়ার্কার জাস্টিস অ্যালায়েন্স বলছে, সরকার ভবিষ্যতের জন্য অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে পারে—এ বিষয়ে তাদের আপত্তি নেই। তবে আগে প্রকাশিত পাঁচ বছরের স্থায়ী বসবাসের নিয়মের ওপর নির্ভর করে যারা চাকরি, পরিবার ও আর্থিক জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন শর্ত পূর্ববর্তী সময় থেকে কার্যকর করা অন্যায্য হবে।
সংগঠনটি জানিয়েছে, এ বিষয়ে তারা নীতিগত গবেষণা, সংসদীয় পর্যায়ে যোগাযোগ এবং জনমত তৈরির উদ্যোগ নিয়েছিল। কিন্তু বিদ্যমান ভিসাধারীদের জন্য প্রয়োজনীয় অন্তর্বর্তীকালীন সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে এখন সম্ভাব্য আইনি চ্যালেঞ্জের বিষয়ে স্বাধীন বিশেষজ্ঞ মতামত নেওয়ার উদ্যোগ চলছে।
ইআইএনকে দেওয়া বক্তব্যে সংগঠনটি জানিয়েছে, সম্ভাব্য মামলার প্রধান আইনি ভিত্তি হিসেবে তিনটি বিষয় বিবেচনা করা হচ্ছে—আইনের পূর্ববর্তী কার্যকারিতা বা রেট্রোস্পেকটিভ প্রয়োগ, ‘লেজিটিমেট এক্সপেকটেশন’ বা সরকারের পূর্বঘোষিত নীতির ওপর মানুষের যৌক্তিক প্রত্যাশা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ন্যায্যতার অভাব। এ ছাড়া জনআইনের অন্যান্য আইনি ভিত্তিও বিবেচনায় রয়েছে।
তবে এখনো সরকারের বিরুদ্ধে আদালতে জুডিশিয়াল রিভিউ দায়েরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্বাধীন আইনজীবীদের পরামর্শ, হাতে থাকা প্রমাণ, সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের সময় ও বিষয়বস্তু এবং প্রয়োজনীয় অর্থায়নের ওপর নির্ভর করবে আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না।
প্রাথমিকভাবে জনআইনে বিশেষজ্ঞ একজন কিংস কাউন্সেলের কাছ থেকে লিখিত আইনি মতামত নেওয়ার খরচ সংগ্রহে তহবিল গঠন করছে সংগঠনটি। পরবর্তী সময়ে প্রয়োজন হলে প্রমাণ সংগ্রহ ও মামলা প্রস্তুতির জন্য আরও অর্থ সংগ্রহ করা হতে পারে। এ জন্য জাস্টগিভিংয়ের মাধ্যমে অনুদান সংগ্রহের আবেদনও চালু করেছে তারা।
এ ছাড়া একই ধরনের স্বার্থসংশ্লিষ্ট অভিবাসীদের প্রতিনিধিত্বকারী অন্যান্য সংগঠনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে স্কিলড ওয়ার্কার জাস্টিস অ্যালায়েন্স। তবে এ ক্ষেত্রে লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে সামঞ্জস্য এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা থাকতে হবে।
সূত্রঃ ইলেকট্রনিক ইমিগ্রেশন নেটওয়ার্ক
এমকে

