ব্রিটেনে টেসকোর নির্বাচিত ১০ লাখ ক্লাবকার্ড গ্রাহককে বিনা মূল্যে ক্যাডবেরি চকলেট দেওয়ার উদ্যোগ নিয়েছে সুপারমার্কেট কর্তৃপক্ষ। গ্রাহক আনুগত্য কর্মসূচির অংশ হিসেবে চালু করা নতুন ‘ক্লাবকার্ড ফ্রিবিজ’ প্রচারের আওতায় এ উপহার দেওয়া হচ্ছে।
এই অফারে নির্বাচিত গ্রাহকরা ২২৩ গ্রামের এক প্যাকেট ক্যাডবেরি ফ্যামিলি ট্রিট সাইজ চকলেট বার মাল্টিপ্যাক বিনা মূল্যে নিতে পারবেন। ২১ অক্টোবর থেকে শুরু হওয়া অফারটি চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।
টেসকোর ক্লাবকার্ড অ্যাপে গিয়ে গ্রাহকদের দেখতে হবে তাদের অ্যাকাউন্টে ডিজিটাল কুপন দেওয়া হয়েছে কি না। অতীতের কেনাকাটার অভ্যাস বিবেচনা করে গ্রাহক নির্বাচন করা হয়েছে। ফলে সব ক্লাবকার্ড সদস্য এই উপহার পাবেন না।
কুপনটি ব্যবহার করে অনলাইনে হোম ডেলিভারি, দ্রুত পণ্য সরবরাহের সেবা ‘উশ’ অথবা সরাসরি টেসকোর দোকান থেকে চকলেট নেওয়া যাবে। তবে বিনা মূল্যে চকলেট পেতে হলে নির্বাচিত গ্রাহকের অ্যাপে কুপন থাকা আবশ্যক।
টেসকোর তথ্য অনুযায়ী, ব্রিটেনের ২৪ লাখ নয়, বরং ২ কোটি ৪০ লাখের বেশি পরিবারে ক্লাবকার্ড রয়েছে। এই আনুগত্য কর্মসূচির মাধ্যমে গ্রাহকরা কেনাকাটার ভিত্তিতে পয়েন্ট ও বিভিন্ন বিশেষ সুবিধা পেয়ে থাকেন।
এদিকে, ক্লাবকার্ড সদস্যদের পয়েন্ট সংগ্রহের সুযোগও সম্প্রসারণ করেছে টেসকো। গত ১৪ অক্টোবর থেকে গ্রাহকরা অনলাইনে ৫০০টি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে কেনাকাটা করে ক্লাবকার্ড পয়েন্ট সংগ্রহ করতে পারছেন। আগে এই সুবিধা ছিল মাত্র ১৩টি বাইরের অংশীদার প্রতিষ্ঠানে।
নতুন অংশীদারদের মধ্যে রয়েছে নাইকি, বোডেন ও টিকিটমাস্টার। এসব প্রতিষ্ঠানের অনলাইন দোকানে কেনাকাটার আগে গ্রাহকদের টেসকো অ্যাপের ক্লাবকার্ড বিভাগ অথবা ক্লাবকার্ড ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করতে হবে। তা না হলে কেনাকাটার বিপরীতে পয়েন্ট পাওয়ার সুবিধা মিলবে না।
প্রতিষ্ঠানভেদে পয়েন্টের হার আলাদা। কয়েকটি ব্র্যান্ডে প্রতি এক পাউন্ড খরচে সাধারণ এক পয়েন্টের চেয়েও বেশি পয়েন্ট পাওয়া যায়। উদাহরণ হিসেবে, নাইকিতে প্রতি পাউন্ডে সর্বোচ্চ চার পয়েন্ট পাওয়া যেতে পারে। সে হিসাবে ১০০ পাউন্ডের কেনাকাটায় ৪০০ পয়েন্ট জমবে, যা দিয়ে চার পাউন্ডের ভাউচার নেওয়া যাবে। নির্দিষ্ট সাতটি রেস্তোরাঁর ক্লাবকার্ড রিওয়ার্ড পার্টনারের কাছে এই ভাউচার ব্যবহার করলে এর মূল্য বাড়িয়ে ১২ পাউন্ড পর্যন্ত করা সম্ভব।
সূত্রঃ দ্য ইকো
এমকে

