TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মাখন কাটার ছুরি থেকে চাপাতি— ছুরি বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক করছে ব্রিটেন

ব্রিটেনে ছুরি দিয়ে সহিংসতা ও অপরাধ কমাতে বিশ্বের প্রথমবারের মতো সব ধরনের ছুরি বিক্রির ক্ষেত্রে বাধ্যতামূলক লাইসেন্স ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে সরকার। নতুন এই নিয়মের আওতায় মাখন কাটার ছুরি, রান্নাঘরের ছুরি থেকে শুরু করে চাপাতি পর্যন্ত সব ধরনের ছুরি বিক্রেতাকে লাইসেন্স নিতে হবে। নিয়ম লঙ্ঘন করলে গুনতে হতে পারে জরিমানা, এমনকি বাতিল হতে পারে বিক্রির অনুমতিও।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ছুরি বিক্রির সঙ্গে জড়িত দোকান, অনলাইন বিক্রেতা এবং ব্যক্তিগত বিক্রেতাদেরও নতুন লাইসেন্স ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য অনিয়ন্ত্রিত অনলাইন বিক্রেতাদের কার্যক্রম বন্ধ করা। এসব বিক্রেতার কাছ থেকে শিশু ও অপরাধীদের হাতে সহজেই বিপজ্জনক ছুরি পৌঁছে যাচ্ছে বলে উদ্বেগ রয়েছে। বিদেশি বিক্রেতাদেরও যুক্তরাজ্যভিত্তিক মধ্যস্থতাকারীর মাধ্যমে লাইসেন্সসংক্রান্ত নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।

নতুন ব্যবস্থায় রান্নাঘরের সাধারণ ছুরিও অন্তর্ভুক্ত করা হচ্ছে। কারণ, বিভিন্ন প্রাণঘাতী হামলায় ধারালো রান্নাঘরের ছুরি ব্যবহারের ঘটনা ঘটেছে। আগে ধারণা করা হয়েছিল, গৃহস্থালির কাজে ব্যবহৃত ছুরি লাইসেন্স ব্যবস্থার বাইরে রাখা হতে পারে। তবে সরকার এখন হোমওয়্যার ও কাটলারি বিক্রির দোকানগুলোকেও এই ব্যবস্থার আওতায় আনতে চায়।

লাইসেন্স পেতে বিক্রেতাদের পুলিশি যাচাই ও অপরাধের রেকর্ড পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের ক্ষেত্রে যেভাবে যাচাই করা হয়, অনেকটা সেভাবেই এই প্রক্রিয়া পরিচালিত হতে পারে। পাশাপাশি ছুরি নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে বিক্রয়কেন্দ্র পরিদর্শনের ব্যবস্থাও বিবেচনা করা হচ্ছে।

প্রতিটি লাইসেন্সের মেয়াদ হতে পারে তিন বছর। লাইসেন্সের ফি নির্ধারণ করা হবে পুরো ব্যবস্থার পরিচালন ব্যয়ের ভিত্তিতে। বড় কোনো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের একাধিক শাখা থাকলে প্রতিটি দোকানের জন্য আলাদা লাইসেন্স নিতে হবে।

নিষিদ্ধ অস্ত্র বিক্রি, অন্য কোনো অপরাধে জড়িত হওয়া কিংবা লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে বিক্রেতার অনুমতি বাতিল করা হতে পারে। পুলিশও নিয়ম ভঙ্গকারী বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।

তবে প্রাচীন অস্ত্র সংগ্রাহক, সামরিক ইতিহাস গবেষক এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে জড়িতদের জন্য কিছু ছাড় রাখার বিষয়টি বিবেচনা করছে সরকার।

দক্ষিণপোর্টে টেলর সুইফটের গানের থিমে আয়োজিত একটি নাচের ক্লাসে হামলার ঘটনায় বেঁচে যাওয়া লিয়েন লুকাস নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ওই হামলায় ছয় বছর বয়সী বেবে কিং, সাত বছর বয়সী এলসি ডট স্ট্যানকম্ব এবং নয় বছর বয়সী অ্যালিস দা সিলভা আগুইয়ার নিহত হয়। হামলাকারী অ্যাক্সেল রুদাকুবানা এই হামলায় ব্যবহৃত বড় রান্নাঘরের ছুরিটি অনলাইনে অ্যামাজন থেকে কিনেছিল।

লুকাস বলেন, দীর্ঘদিন ধরে ছুরি দিয়ে হামলার ঘটনা ঘটার পর কীভাবে প্রতিক্রিয়া জানানো যায়, সেদিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধের জন্যও সমানভাবে উদ্যোগী হতে হবে। ছুরি সহজে পাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া ব্যবস্থাগুলো পরিবর্তন করা জরুরি।

অন্যদিকে, ভুল পরিচয়ের কারণে হামলার শিকার হয়ে নিহত ১৬ বছর বয়সী রোনান কান্দার মা পূজা কান্দাও এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তার ছেলে উলভারহ্যাম্পটনে বাড়ির কাছেই তলোয়ারের আঘাতে নিহত হয়েছিল।

পূজা বলেন, বিপজ্জনক অস্ত্র যারা বিক্রি করেন, সেগুলো শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে, সেই দায়িত্বও তাদের নিতে হবে।

তবে প্রস্তাবিত লাইসেন্স ব্যবস্থার সমালোচনা করতে পারে সংরক্ষণবাদী ও শুটিং সংগঠনগুলো। তাদের বক্তব্য, অপরাধী ও গ্যাং সদস্যরা নিজেদের বাড়িতেই সহজে বিভিন্ন ধরনের ছুরি সংগ্রহ করতে পারে। এ ছাড়া পুলিশ কর্মকর্তারাও আশঙ্কা প্রকাশ করেছেন, নতুন লাইসেন্স ব্যবস্থা ইতোমধ্যে জনবল সংকটে থাকা পুলিশের ওপর বাড়তি দায়িত্ব তৈরি করবে। সরকার এখনো এই ব্যবস্থার পূর্ণ ব্যয় ও প্রশাসনিক প্রভাব মূল্যায়ন করেনি।

২০২৫ সালের ডিসেম্বরে দক্ষিণপোর্টের হত্যাকাণ্ডের পর এ বিষয়ে পরামর্শ গ্রহণ শুরু করেছিল সরকার। এরপর অনলাইনে ছুরি কেনার ক্ষেত্রে দুই ধাপের বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়। একই সঙ্গে ছয়টি বা তার বেশি ছুরির বড় অর্ডার সম্পর্কে বিক্রেতাদের কর্তৃপক্ষকে জানানোর নিয়ম চালু করা হয়।

সরকারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে শেষ হওয়া এক বছরে ব্রিটেনে ছুরি বা ধারালো অস্ত্র সংশ্লিষ্ট অপরাধের সংখ্যা ছিল ৪৮ হাজার ৬১৫টি। আগের বছরের তুলনায় এই সংখ্যা ৬ শতাংশ কমলেও ২০১৬ সালের মার্চের তুলনায় ৪৯ শতাংশ বেশি।

পুলিশিংবিষয়ক মন্ত্রী সারাহ জোনস বলেন, যারা ছুরি বিক্রি করে অর্থ উপার্জন করেন, তাদের নিশ্চিত করতে হবে যে অস্ত্রগুলো নিরাপদ ও আইনসম্মতভাবে বিক্রি হচ্ছে। লাইসেন্স ব্যবস্থা বিক্রেতাদের জবাবদিহি বাড়াবে এবং শিশু ও অপরাধীদের হাতে বিপজ্জনক অস্ত্র পৌঁছানো কঠিন করবে। আগামী ১০ বছরের মধ্যে ছুরি অপরাধ অর্ধেকে নামিয়ে আনার সরকারি লক্ষ্যের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, কারাগার থেকে মুক্তির আগে আরও হাজার হাজার অপরাধীর শরীরে ইলেকট্রনিক মনিটরিং ট্যাগ লাগানোর পরিকল্পনা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার।

বর্তমানে লাইসেন্সের শর্তে কারাগার থেকে মুক্তি পাওয়া অধিকাংশ অপরাধী, এমনকি পিছু নেওয়া বা পারিবারিক সহিংসতার মতো অপরাধে জড়িত ব্যক্তিরাও ইলেকট্রনিক নজরদারি ছাড়াই মুক্তি পাচ্ছেন।

ইংল্যান্ড ও ওয়েলসের অতিরিক্ত বন্দি ধারণক্ষমতার চাপ কমাতে আগামী এক বছরে আরও কয়েক দফায় বন্দিদের আগাম মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। গত বছর ছয়টি কারাগারে মুক্তির আগেই বন্দিদের শরীরে ট্যাগ লাগানোর কার্যক্রম শুরু হয়েছিল। আগামী মার্চের শেষ নাগাদ আরও ৮৩টি কারাগারে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের ব্রিস্টল পার্কে প্রাণঘাতী বিরল রোগের আশঙ্কাঃ হ্রদের পানি এড়িয়ে চলার সতর্কতা

কিৎসক নেই, অ্যাপয়েন্টমেন্ট স্থগিতঃ ব্রিটিশ স্বাস্থ্যব্যবস্থার করুণ চিত্র

নিউজ ডেস্ক

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চাপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী