অস্ট্রেলিয়ার সিনেট অধিবেশন চলাকালে সহকর্মীর ছয় মাস বয়সী শিশুকে হাসানোর চেষ্টা করে আলোচনায় এসেছেন স্বতন্ত্র সিনেটর লিডিয়া থর্প। গত ২৪ নভেম্বর সংসদীয় কার্যক্রম চলার সময় ঘটে যাওয়া এই মজার মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনার সময় পশ্চিম অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা পেম্যান তার ছয় মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে সিনেটের বক্তব্য দেওয়ার স্থানে দাঁড়িয়ে কয়েকটি আইন প্রণয়নসংক্রান্ত বিষয়ে নিজের সমর্থন নথিভুক্ত করার অনুরোধ জানাচ্ছিলেন।
এ সময় পাশে থাকা সিনেটর লিডিয়া থর্প শিশুটির দিকে ঝুঁকে নানা রকম মুখভঙ্গি ও মজার অঙ্গভঙ্গি করতে থাকেন। থর্পের এসব কাণ্ডে শিশুটিও তার দিকে ফিরে তাকায়।
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সরাসরি সম্প্রচারের ভিডিও থেকে ধারণ করা দৃশ্যটি ২৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আনুষ্ঠানিক সংসদীয় কার্যক্রমের মধ্যে সহকর্মীর শিশুকে নিয়ে দুই সিনেটরের এই স্বতঃস্ফূর্ত মুহূর্ত অনলাইনে বেশ সাড়া ফেলেছে।
ভিডিওটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএনআই। এ ছাড়া সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস ঘটনাটি নিয়ে ভিডিও প্রকাশ করেছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া \ এএনআই
এমকে

