20.9 C
London
October 15, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

মার্কিন গোল্ডেন ভিসার জন্য ট্রাম্পকার্ড ওয়েবসাইট চালু

৫০ লাখ ডলারের মার্কিন রেসিডেন্সি ভিসার জন্য একটি নতুন ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে ‘TrumpCard.gov’ ওয়েবসাইটে এই ‘গোল্ডেন ভিসা’র জন্য নাম নিবন্ধন করা যাবে।

ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘হাজার হাজার মানুষ ফোন করছেন আর জানতে চাইছেন, কীভাবে তারা বিশ্বের সবচেয়ে মহান দেশ ও বাজারে প্রবেশের জন্য এই সুন্দর পথ বেছে নিতে পারবেন।’

ট্রাম্প গত এপ্রিলে এয়ারফোর্স ওয়ানে বসে এই ভিসার কথা প্রথম প্রকাশ্যে আনেন। এয়ারফোর্স ওয়ানে বসে তার মুখসহ একটি সোনালি রঙের প্রোটোটাইপ প্রদর্শন করেন। তিনি বলেছিলেন, এই বিশেষ অনুমতিপত্র ‘সম্ভবত দুই সপ্তাহের মধ্যেই’ পাওয়া যাবে।

অবশ্য এখনো এই ভিসা পাওয়া যাচ্ছে না। তবে গতকাল চালু হওয়া ওয়েবসাইটে আগ্রহী ব্যক্তিরা তাদের নাম, পছন্দের ভিসার ধরন ও ই–মেইল ঠিকানা জমা দিতে পারবেন। সেখানে লেখা রয়েছে—‘The Trump Card is Coming’ (ট্রাম্পকার্ড আসছে)।

ট্রাম্প আগেই বলেছেন, এই নতুন ভিসা মূলত প্রচলিত গ্রিনকার্ডের একটি দামি সংস্করণ, যা ব্যবসায়ী ও কর্মসংস্থান সৃষ্টিকারীদের আকৃষ্ট করবে। এই ভিসা মার্কিন জাতীয় ঘাটতি কমাতেও সাহায্য করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ট্রাম্প বলেছেন, এই বিশেষ কার্ড যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে একটি মূল্যবান পথ হতে পারে।

গত ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, তার প্রশাসন এই কার্ড ‘সম্ভবত ১০ লাখ ডলার’ পর্যন্ত মূল্যে বিক্রি করতে চায়। রুশ ধনকুবেররাও এই কার্ড পাওয়ার যোগ্য হতে পারেন, এমন ধারণাও তিনি একেবারে নাকচ করে দেননি।

সূত্রঃ এএফপি

এম.কে
১২ জুন ২০২৫

আরো পড়ুন

আরব দেশগুলোর আকাশপথ অবরোধে ইসরায়েলের বিপর্যয়ের আশঙ্কাঃ প্রতিবেদন

যুদ্ধবিরতিতে চুপ থাকায় নিজের দেশেই ক্ষোভের মুখে নেতানিয়াহু

সিরিয়ার উপকূল থেকে ইউটার্ন নিয়ে ‘অদৃশ্য হয়ে যায়’ আসাদের উড়োজাহাজ