TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

“মুসলমানদের গ্রেট ব্রিটেন ছাড়তে হবে”—টমি রবিনসনের বক্তব্যে তীব্র বিতর্ক

যুক্তরাজ্যের কট্টর ডানপন্থী কর্মী টমি রবিনসন আবারও ইসলামবিরোধী বক্তব্য দিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন। শনিবার অনুষ্ঠিত এক ইসলামবিরোধী সমাবেশের পর তিনি ঘোষণা দেন, যদি কখনও তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হন, তাহলে “ইসলাম বন্ধ করে দেবেন”। একইসঙ্গে তিনি দাবি করেন, “মুসলমানদের এই দেশ ছেড়ে চলে যাওয়ার সময় এসেছে।”

স্যোশাল মিডিয়াতে বক্তব্য দিতে গিয়ে টমি রবিনসন, (যার প্রকৃত নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন) যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতিকে দেশের সংস্কৃতি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এবং মানবাধিকার সংগঠনগুলো একে ঘৃণাত্মক উসকানি হিসেবে আখ্যা দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপজুড়ে অভিবাসন, শরণার্থী সংকট এবং পরিচয় রাজনীতিকে কেন্দ্র করে কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। যুক্তরাজ্যেও কিছু উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী মুসলিম ও অভিবাসীবিরোধী প্রচারণা বাড়িয়েছে। টমি রবিনসন দীর্ঘদিন ধরেই ইসলামবিরোধী বক্তব্য ও আন্দোলনের জন্য পরিচিত।

তিনি পূর্বে ইংলিশ ডিফেন্স লীগ (EDL)-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং একাধিকবার আইনি জটিলতায়ও পড়েছেন।

ব্রিটিশ মুসলিম নেতারা বলেছেন, এ ধরনের বক্তব্য শুধু মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ উসকে দেয় না, বরং সমাজে বিভাজন ও সহিংসতার ঝুঁকিও বাড়ায়।

বিভিন্ন মানবাধিকার সংগঠন সতর্ক করেছে যে, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যে অর্থনৈতিক চাপ, অভিবাসন বিতর্ক এবং সামাজিক অস্থিরতাকে কেন্দ্র করে কিছু উগ্র গোষ্ঠী জনসমর্থন আদায়ের চেষ্টা করছে।

তবে ব্রিটেনের মূলধারার রাজনৈতিক দলগুলো সাধারণত ধর্মীয় সহনশীলতা ও বহুসাংস্কৃতিক সমাজব্যবস্থার পক্ষে অবস্থান নেয়। কিন্তু এইবার রিফর্ম ইউকে নিজেদের অবস্থান ডানপন্থীদের পক্ষে জানান দিচ্ছে এবং শেষ স্থানীয় নির্বাচনে বিপুল আসনে ভাগ বসিয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে টমি রবিনসনের বক্তব্য ছড়িয়ে পড়ার পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে আশঙ্কা করছেন, এ ধরনের বক্তব্য ঘৃণাজনিত অপরাধ বাড়িয়ে দিতে পারে। ব্রিটিশ মুসলিম সংগঠনগুলো সরকারের প্রতি ঘৃণাত্মক বক্তব্য ও উসকানিমূলক রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের আগামী নির্বাচনে বড় ইস্যু হবে মুসলিম: গ্যালোওয়ে

জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন পাবেন যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক সবাই

গণমাধ্যমের স্বাধীনতার প্রতি বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: মুনা তাসনিম