18.3 C
London
August 29, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে একটি মিথ্যা ফোনেই তোলপাড়ঃ তদন্তে ফাঁস হলো পুরো প্রতারণা

গাড়ির ঋণের বোঝা থেকে মুক্তি পেতে বৈদ্যুতিক গাড়ি বিকল হওয়ার ভুয়া নাটক সাজিয়ে জরুরি সেবায় মিথ্যা ফোন করেছিলেন এক ব্যক্তি। তার দাবি ছিল, মোটরপথে চলার সময় গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং তিনি প্রাণভয়ে আছেন। তবে দীর্ঘ তদন্তে বেরিয়ে আসে, পুরো ঘটনাই ছিল সুপরিকল্পিত প্রতারণা। এ ঘটনায় তাকে চার বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নাথান ওয়েন। তার বয়স ৩৩ বছর। তিনি উত্তর ওয়েলসের প্রেস্টাটিন এলাকার বাসিন্দা।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, তিনি একটি বৈদ্যুতিক গাড়ি লিজে নেওয়ার জন্য পাঁচ হাজার চারশ পাউন্ড ঋণ নিয়েছিলেন। কিন্তু পরে ঋণের কিস্তি পরিশোধে হিমশিম খেতে থাকেন। এরপর কীভাবে গাড়ির চুক্তি বাতিল করা যায়, সেই পরিকল্পনা করতে শুরু করেন।

তদন্তে উদ্ধার হওয়া বার্তালাপে দেখা যায়, তিনি এক বন্ধুকে গাড়ি থেকে কীভাবে রেহাই পাওয়া যায় সে বিষয়ে পরামর্শ চান। জবাবে বন্ধু দুর্ঘটনার নাটক সাজানোর পরামর্শ দেন।

এরপর ঘটনার দিন তিনি জরুরি সেবায় ফোন করে দাবি করেন, তার গাড়িটি ঘণ্টায় প্রায় আটাত্তর মাইল গতিতে ছুটছে এবং তিনি সেটি নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনি আরও বলেন, গাড়ির ব্যাটারিতে অল্প চার্জ অবশিষ্ট রয়েছে এবং তিনি আতঙ্কিত অবস্থায় রয়েছেন।

এই ফোনকলের পর সড়ক পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। জননিরাপত্তার স্বার্থে একাধিক পুলিশ যানবাহন ঘণ্টায় একশ সাতাশ মাইল পর্যন্ত গতিতে ছুটে যায়। পুরো ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচনা করে পুলিশ মোটরপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

তবে তদন্তে দেখা যায়, গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। পুলিশি ভিডিওতেও দেখা যায়, তিনি নিজেই ইচ্ছাকৃতভাবে নিজের গাড়িতে একাধিকবার ধাক্কা দেন। শেষ পর্যন্ত গাড়ির ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে সেটি থেমে যায়।

ঘটনার মাত্র চল্লিশ মিনিট পর তিনি তার অর্থায়নকারী প্রতিষ্ঠানে ফোন করে একই গল্প বলেন। পরে দুটি সংবাদমাধ্যমের কাছে ঘটনাটি বিক্রি করে আটশ পাউন্ডও গ্রহণ করেন।

তদন্ত শেষে তার বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রতারণার দুটি অভিযোগ আনা হয়। আদালত সব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চার বছর তিন মাসের কারাদণ্ড দেন।

বিচারক বলেন, এই ভুয়া ঘটনার কারণে একশ আশিটিরও বেশি সংবাদ প্রকাশিত হয়, যা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সুনামে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। আদালতে আরও জানানো হয়, সেই ক্ষতি সামাল দিতে প্রতিষ্ঠানটিকে প্রায় পাঁচ কোটি পাউন্ড বিপণন কার্যক্রমে ব্যয় করতে হয়েছে।

আসামিপক্ষ আদালতে দাবি করেছিল, এর আগে তার কোনো অপরাধের রেকর্ড ছিল না এবং তিনি তার কর্মকাণ্ডের সুদূরপ্রসারী পরিণতি উপলব্ধি করতে পারেননি। তবে আদালত সেই যুক্তি গ্রহণ না করে প্রতারণা ও জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার অপরাধে তাকে কারাদণ্ড প্রদান করেন।

সূত্রঃ এলবিসি নিউজ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে টেলি-কমিউনিকেশন ব্যবসায় একীভূত হচ্ছে বড় দুই জায়ান্ট

জেনে নেই রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাজ্যের রাজার কাজ

ক্যানসার আক্রান্তের পর প্রথমবার জনসম্মুখে ব্রিটিশ রাজবধূ ক্যাথরিন