13.7 C
London
October 17, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের টেসকোতে চাকরির সুযোগঃ ২৮ হাজারের বেশি কর্মী নিবে অভিজ্ঞতা ও সিভি ছাড়া

ক্রিসমাসের মৌসুমি চাহিদা সামাল দিতে যুক্তরাজ্যজুড়ে ২৮ হাজারের বেশি অস্থায়ী কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে সুপারমার্কেট চেইন টেসকো। প্রতিষ্ঠানটির সুপারস্টোর ও এক্সট্রা শাখাগুলোতে এই নিয়োগ দেওয়া হবে।

নতুন কর্মীদের প্রধান দায়িত্ব হবে দোকানে ক্রেতাদের সহায়তা করা এবং অনলাইনে অর্ডার করা নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে বাড়িতে সরবরাহের জন্য প্রস্তুত করা।

নিয়োগপ্রাপ্ত কর্মীদের ঘণ্টাপ্রতি বেতন শুরু হবে ১৩.২৮ পাউন্ড থেকে। তবে লন্ডনের এম-২৫ সড়কসীমার ভেতরে অবস্থিত টেসকোর দোকানগুলোতে ঘণ্টাপ্রতি বেতন দেওয়া হবে ১৪.৫৫ পাউন্ড। নাইট ডিউটি করলে ঘণ্টাপ্রতি অতিরিক্ত ২.৩৫ পাউন্ড পাবেন কর্মীরা।

এই পদগুলোতে আবেদন করতে কোনো জীবনবৃত্তান্ত বা আগে খুচরা বিক্রয় খাতে কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে না। সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে, যা প্রায় ৩০ মিনিট স্থায়ী হবে।

দিনের বিভিন্ন সময়ে নমনীয় কর্মঘণ্টায় কাজের সুযোগ থাকবে। এর মধ্যে ভোর ও সন্ধ্যার ডিউটিও রয়েছে। বড়দিনের পর টেসকোতে স্থায়ী পদ খালি হলে অস্থায়ী কর্মীদের স্থায়ী চাকরিতে যোগ দেওয়ার সুযোগও তৈরি হতে পারে।

টেসকো গ্রুপের জনবল সেবা বিভাগের পরিচালক এলা গোলাব বলেন, ক্রিসমাসের মৌসুমে ক্রেতাদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে নতুন কর্মী নিয়োগে তারা আগ্রহী। প্রতিটি কেনাকাটার সময় ক্রেতাদের আন্তরিক ও সহায়ক সেবা দিতে পারবেন—এমন কর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি।

তিনি আরও বলেন, এই কাজে প্রতিটি কর্মদিবসই ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসে। কর্মীরা প্রতিটি পালায় নিজেদের কাজের প্রভাব বুঝতে পারবেন এবং ক্রেতাদের সন্তুষ্টি নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারবেন। বড়দিনের পরও যারা টেসকোতে কাজ চালিয়ে যেতে চান, তাদের জন্য প্রতিষ্ঠানটিতে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।

টেসকোর ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অক্টোবরজুড়ে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সূত্রঃ ইস্ট অ্যাংলিয়ান ডেইলি টাইমস

এমকে

আরো পড়ুন

লন্ডনের হেইনল্টে সন্ত্রাসী হামলায় একজন অপ্রাপ্তবয়স্ক বালক নিহত

“খুব শিগগিরই ৪ ইঞ্চি বরফে ঢেকে যাবে লন্ডন”

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় কট্টর ডানপন্থী মিছিল ঠেকাতে পুলিশের কড়াকড়ি