যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ অপরাধ পরিসংখ্যান প্রকাশের পর দেশটির বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে (মধ্য লন্ডন বাদে) মিডলসব্রো বর্তমানে বসবাসের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। অপরাধের হারে দীর্ঘদিন শীর্ষে থাকা ব্ল্যাকপুলকে এবার পেছনে ফেলেছে উত্তর-পূর্ব ইংল্যান্ডের এই শহর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপাত্তে দেখা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্ল্যাকপুল ছিল সর্বোচ্চ অপরাধপ্রবণ এলাকা। তবে সেখানে অপরাধের হার চার শতাংশ কমে যাওয়া এবং মিডলসব্রোতে এক শতাংশ বৃদ্ধি পাওয়ায় সর্বশেষ তালিকায় মিডলসব্রো প্রথম স্থানে উঠে এসেছে।
গত ১২ মাসে মিডলসব্রোতে মোট ২৩ হাজার ৪১৯টি অপরাধ নথিভুক্ত হয়েছে। প্রতি এক হাজার বাসিন্দার বিপরীতে সেখানে ১৫০টি অপরাধের ঘটনা ঘটেছে, যা ইংল্যান্ড ও ওয়েলসের মধ্যে (মধ্য লন্ডন বাদে) সর্বোচ্চ অপরাধের হার।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্ল্যাকপুল, যেখানে প্রতি এক হাজার বাসিন্দার বিপরীতে অপরাধের হার ১৪৬টি। এরপর রয়েছে ম্যানচেস্টার (১৪৩), হার্টলপুল (১৩৪) এবং ব্রিস্টল (১৩১)।
সর্বশেষ পরিসংখ্যান আরও বলছে, কয়েকটি গুরুতর অপরাধের ধরন আগের বছরের তুলনায় বেড়েছে। যৌন অপরাধ ও অনুসরণ-হয়রানির ঘটনা চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে ১০ শতাংশ, মাদক-সংক্রান্ত অপরাধ ১২ শতাংশ এবং অস্ত্র বহনের অপরাধ বেড়েছে আট শতাংশ।
তবে এসব বৃদ্ধির মধ্যেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে অপরাধ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত এক বছরে প্রতারণা-সংক্রান্ত অপরাধ বাদ দিয়ে মোট ৫২ লাখ অপরাধ রেকর্ড করা হয়েছে, যা আগের বছরের তুলনায় এক শতাংশ কম।
বিশেষজ্ঞদের মতে, কোনো এলাকার মোট অপরাধের সংখ্যা নয়; বরং প্রতি এক হাজার মানুষের বিপরীতে অপরাধের হারই নিরাপত্তা মূল্যায়নের সবচেয়ে কার্যকর সূচক। কারণ এতে জনসংখ্যার পার্থক্য বিবেচনায় এনে বিভিন্ন এলাকার মধ্যে বাস্তবসম্মত তুলনা করা সম্ভব হয়।
এদিকে রাজধানী লন্ডনের অপরাধ পরিসংখ্যান আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। পুরো লন্ডনে প্রতি এক হাজার বাসিন্দার বিপরীতে ১০২টি অপরাধ নথিভুক্ত হলেও পর্যটকের ব্যাপক উপস্থিতির কারণে ওয়েস্টমিনস্টারে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৩৫৫টি, যা দেশের সর্বোচ্চ। এছাড়া ক্যামডেনে প্রতি এক হাজারে ১৮০টি এবং কেনসিংটন ও চেলসিতে ১৪৬টি অপরাধ রেকর্ড হয়েছে।
অন্যদিকে, নিরাপত্তার দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নরফোকের ব্রডল্যান্ড। সেখানে প্রতি এক হাজার বাসিন্দার বিপরীতে অপরাধের হার মাত্র ৩৫টি, ফলে টানা আরেক বছর এটি ইংল্যান্ড ও ওয়েলসের মূল ভূখণ্ডের সবচেয়ে নিরাপদ বসবাসের এলাকা হিসেবে স্বীকৃতি ধরে রেখেছে।
বিশ্লেষকদের মতে, সামগ্রিক অপরাধের হার কিছুটা কমলেও সহিংস ও গুরুতর অপরাধের সংখ্যা বৃদ্ধি পাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। তাই অপরাধ দমনে লক্ষ্যভিত্তিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করার প্রয়োজনীয়তা বাড়ছে।
সূত্রঃ মিরর
এম.কে

