19.5 C
London
October 4, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের সব লিডল স্টোরে বড় পরিবর্তনঃ আসছে নতুন প্রযুক্তির সেলফ-চেকআউট

যুক্তরাজ্যের লিডল স্টোরগুলোতে চেকআউট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। নতুন প্রজন্মের সেলফ-চেকআউট মেশিন ধীরে ধীরে দেশটির বিভিন্ন শাখায় চালু করা হচ্ছে। নতুন স্টোরগুলোতে শুরু থেকেই এসব মেশিন বসানো হবে এবং পুরোনো শাখাগুলোতেও পর্যায়ক্রমে নতুন প্রযুক্তি যুক্ত করা হবে।

নতুন সেলফ-চেকআউট মেশিনের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে ওপরের দিকে বসানো ক্যামেরা এবং বড় ভার্টিক্যাল স্ক্রিন থাকবে। ক্রেতারা পণ্য স্ক্যান করার সময় পর্দায় নিজেদেরই সরাসরি দেখতে পারবেন। এই ব্যবস্থাকে অনেকটা ভিডিও সহকারী রেফারির রিপ্লে ব্যবস্থার মতো বলে বর্ণনা করা হয়েছে।

লিডলের নতুন মেশিনে কর্মীদের দৃষ্টি আকর্ষণের জন্য এলইডি আলোও থাকবে। কোনো ক্রেতার সহায়তার প্রয়োজন হলে এই আলোর মাধ্যমে কর্মীরা বিষয়টি বুঝতে পারবেন।

লিডলের এক মুখপাত্র জানিয়েছেন, নতুন মেশিনগুলো ক্রেতাদের জন্য আরও সহজ ও ব্যবহারবান্ধব করার পাশাপাশি কেনাকাটার অভিজ্ঞতা উন্নত এবং কার্যকারিতা বাড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

নতুন প্রযুক্তির এই চেকআউট ইতোমধ্যে ক্রেতাদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। কেউ কেউ এগুলোকে অত্যাধুনিক ও আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন।

লিডলের মূল প্রতিষ্ঠান শোয়ার্জ গ্রুপ এসব মেশিন তৈরি করেছে। যুক্তরাজ্যের পাশাপাশি জার্মানির শত শত লিডল ও কাউফল্যান্ড স্টোরেও একই প্রযুক্তি চালু করা হচ্ছে।

নতুন ব্যবস্থা চালুর ফলে কিছু লিডল স্টোরের চেকআউট এলাকাতেও পরিবর্তন আসতে পারে। কয়েকটি শাখায় কর্মী পরিচালিত চেকআউট কমিয়ে সেখানে অতিরিক্ত সেলফ-চেকআউট মেশিন বসানোর জন্য জায়গা তৈরি করা হবে।

তবে নতুন প্রযুক্তি চালু হলেও কেনাকাটা শেষে আগের মতোই রসিদ সংগ্রহ করতে হবে। এরপর দোকান থেকে বের হওয়ার সময় নির্দিষ্ট গেটে সেই রসিদ স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরই ক্রেতারা কেনাকাটার পণ্য নিয়ে স্টোর থেকে বের হতে পারবেন।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ‘নৌকা থামাতে’ সমুদ্রেই নামবে অভিবাসনবিরোধীরাঃ ভয়াবহ সংঘাতের আশঙ্কা

যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামে অপরাধের হার জাতীয় গড়ের দ্বিগুণের কাছাকাছি

কারা আগে পাবেন করোনার ভ্যাকসিন

অনলাইন ডেস্ক