যুক্তরাজ্যে তাপপ্রবাহ, খরা এবং একের পর এক দাবানলের মধ্যে বড় ধরনের জরুরি আইন জারি করেছে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সরকার। নতুন এই অস্থায়ী আইনের আওতায় আসদা, টেসকো, মরিসনস, সেইন্সবেরিস, অ্যালডি, অ্যামাজনসহ দেশের সব শপিংমল, সুপারমার্কেট ও অনলাইন খুচরা বিক্রেতার জন্য ডিসপোজেবল বা একবার ব্যবহারযোগ্য বারবিকিউ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
সরকারের অফিস ফর প্রোডাক্ট সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (OPSS) জানিয়েছে, জরুরি কোবরা (COBRA) বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মতে, বর্তমান তাপপ্রবাহ ও খরার পরিস্থিতিতে ডিসপোজেবল বারবিকিউ জননিরাপত্তা ও পরিবেশের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করছে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া একাধিক গুরুতর দাবানলের পেছনে ডিসপোজেবল বারবিকিউ ভূমিকা রেখেছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলোকে নিরাপদ পণ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে না এবং দোকান কিংবা অনলাইনে বিক্রির অনুমতি নেই।
এই নিষেধাজ্ঞার ফলে আসদা, টেসকো, মরিসনস, সেইন্সবেরিস, অ্যামাজনসহ সব খুচরা বিক্রেতা আইনি বাধ্যবাধকতার আওতায় পড়েছে। তবে অ্যালডি জানিয়েছে, তারা ২০২২ সাল থেকেই স্বেচ্ছায় ডিসপোজেবল বারবিকিউ বিক্রি বন্ধ রেখেছে।
সরকার স্পষ্টভাবে সতর্ক করেছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো প্রতিষ্ঠান ডিসপোজেবল বারবিকিউ বিক্রি করলে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থাসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। যদিও এটি আপাতত অস্থায়ী আইন, তবে কবে এটি প্রত্যাহার করা হবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।
OPSS জানিয়েছে, এই নির্দেশনা জেনারেল প্রোডাক্ট সেফটি রেগুলেশনস ২০০৫ (GPSR) অনুযায়ী কার্যকর করা হয়েছে। সংস্থাটি এবং স্থানীয় ট্রেডিং স্ট্যান্ডার্ডস কর্তৃপক্ষ যৌথভাবে আইনটি বাস্তবায়ন করবে এবং প্রয়োজনে অপরাধমূলক শাস্তিও নিশ্চিত করবে।
প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, বর্তমানে ব্রিটেন একটি “টিন্ডারবক্স”-এর মতো অবস্থায় রয়েছে, যেখানে বাইরে সামান্য আগুনও মানুষের বাড়িঘর ও জীবনের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তার তথ্য অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে একসঙ্গে ৩৭টি দাবানল সক্রিয় রয়েছে, যার মধ্যে কয়েকটিকে বড় ধরনের জরুরি ঘটনা হিসেবে ঘোষণা করা হয়েছে।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে

