যুক্তরাজ্যে কাউন্সিল ট্যাক্স ও স্ট্যাম্প ডিউটি ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তিনি বলেছেন, করব্যবস্থা আরও ন্যায্য করতে সরকারকে সামনে “বড় সিদ্ধান্ত” নিতে হতে পারে। তবে একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় স্পষ্ট করেছে, সম্পত্তি বা জমির বর্তমান বাজারমূল্যের ভিত্তিতে নতুন কর চালু করে কাউন্সিল ট্যাক্স ও স্ট্যাম্প ডিউটি বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই।
বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে লরা কুয়েন্সবার্গকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্ডি বার্নহ্যাম বলেন, বর্তমানে কাউন্সিল ট্যাক্স ব্যবস্থায় বড় ধরনের বৈষম্য রয়েছে। তার ভাষায়, গ্রেটার ম্যানচেস্টারের অনেক বাসিন্দা এমন কাউন্সিল ট্যাক্স পরিশোধ করছেন, যা লন্ডনের আরও বড় ও অধিক মূল্যবান বাড়ির মালিকদের তুলনায় বেশি।
তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী র্যাচেল রিভস কাউন্সিল ট্যাক্সের ব্যান্ড পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়ে সঠিক পদক্ষেপ নিয়েছিলেন। বহু বছর ধরে সম্পত্তির মূল্য পুনর্মূল্যায়ন না হওয়ায় উচ্চমূল্যের বাড়ির মালিকরা তুলনামূলকভাবে কম কর দিয়ে আসছেন। এ কারণে বিদ্যমান ব্যবস্থায় ন্যায্যতা ফিরিয়ে আনতে সংস্কারের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।
বার্নহ্যাম আরও বলেন, লেবার পার্টি যে নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে ক্ষমতায় এসেছে, সরকার সেই অঙ্গীকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে ভবিষ্যতে কোনো পরিবর্তন আনা হলে তা নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এজন্য সামনের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এরই মধ্যে ‘দ্য আই’ পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়, সরকার কাউন্সিল ট্যাক্স ও স্ট্যাম্প ডিউটির পরিবর্তে বাড়ির বর্তমান বাজারমূল্যের ওপর বছরে শূন্য দশমিক ৪৮ শতাংশ হারে একটি নতুন কর অথবা ভূমিমূল্যভিত্তিক কর চালুর বিষয়টি বিবেচনা করছে। তবে রোববার রাতে ডাউনিং স্ট্রিট ওই প্রতিবেদন সরাসরি অস্বীকার করে জানায়, এমন কোনো পরিকল্পনা সরকারের বিবেচনায় নেই।
অন্যদিকে বিরোধীদল কনজারভেটিভ পার্টি সম্ভাব্য সংস্কার নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছে। ছায়া আবাসনমন্ত্রী স্যার জেমস ক্লেভারলি অভিযোগ করেন, লেবার সরকার মধ্যবিত্ত পরিবারের ওপর আরও করের বোঝা চাপানোর পথ খুঁজছে। তার দাবি, কাউন্সিল ট্যাক্স ও স্ট্যাম্প ডিউটির পরিবর্তে বাড়ির মূল্যের ওপর নতুন কর চালু হলে সাধারণ পরিবারগুলোর করের পরিমাণ আরও বেড়ে যাবে।
তিনি আরও বলেন, কনজারভেটিভ পার্টি পারিবারিক বাড়ির ওপর কর কমানোর পক্ষে এবং প্রধান আবাসিক বাড়ির ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি সম্পূর্ণ বাতিলের নীতিকে সমর্থন করে।
এদিকে ‘ফেয়ারার শেয়ার’ প্রচারণা গোষ্ঠীর হিসাব অনুযায়ী, যদি বছরে শূন্য দশমিক ৪৮ শতাংশ হারে একক সম্পত্তি কর চালু করা হয়, তাহলে হার্টলপুলের মতো এলাকার অনেক পরিবার বছরে প্রায় ৯৫০ পাউন্ড পর্যন্ত সাশ্রয় করতে পারে।
বর্তমানে ১ লাখ ২৫ হাজার পাউন্ডের বেশি মূল্যের সম্পত্তি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। তবে প্রথমবারের ক্রেতাদের জন্য ৩ লাখ পাউন্ড পর্যন্ত সম্পত্তি কেনায় এই কর প্রযোজ্য নয়। যদিও সম্পত্তির মূল্য ৫ লাখ পাউন্ড অতিক্রম করলে সেই করছাড় আর কার্যকর থাকে না।
কাউন্সিল ট্যাক্স সংস্কারের দাবিতে লেবার পার্টির ভেতর থেকেও চাপ বাড়ছে। কাউন্সিল ট্যাক্স সংস্কারবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের চেয়ারম্যান এবং লেবার সংসদ সদস্য জনাথন ব্র্যাশ বলেছেন, বর্তমান ব্যবস্থায় মৌলিক পরিবর্তন জরুরি। তার মতে, কাউন্সিল ট্যাক্স যুক্তরাজ্যের সবচেয়ে অন্যায্য করব্যবস্থাগুলোর একটি এবং হার্টলপুলের মতো এলাকায় এই বৈষম্য আরও স্পষ্টভাবে দেখা যায়।
ফলে সরকার আনুষ্ঠানিকভাবে নতুন করব্যবস্থার পরিকল্পনা অস্বীকার করলেও, কাউন্সিল ট্যাক্স সংস্কার নিয়ে রাজনৈতিক বিতর্ক এবং ভবিষ্যৎ পরিবর্তনের আলোচনা এখন যুক্তরাজ্যের রাজনীতিতে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে

