25.6 C
London
July 31, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে খনির বিস্ফোরণের পর আকস্মিক বন্যাঃ খনি বন্ধের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী

যুক্তরাজ্যের ওয়েলস অঞ্চলের রাজধানী কার্ডিফের উপকণ্ঠে একটি পাথর খনিতে পরিকল্পিত বিস্ফোরণের পর আকস্মিক বন্যায় অন্তত ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির কারণে ১৩টি বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সংশ্লিষ্ট খনি স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে খনিতে বিস্ফোরণের কিছুক্ষণ পরই পাহাড়ি ঢাল বেয়ে বিপুল পরিমাণ পানি, কাদা ও পাথর নেমে আসে। এতে সড়ক, বাড়িঘর, বাগান এবং একটি ফুটবল মাঠ প্লাবিত হয়। প্রায় ৪০ জন বাসিন্দা সরাসরি এই ঘটনার প্রভাবে পড়েছেন।

বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে পুরো বাড়ি কেঁপে ওঠে। অনেকেই এটিকে ছোটখাটো ভূমিকম্পের মতো অনুভূতি বলে বর্ণনা করেছেন। একজন বাসিন্দা বলেন, এটি যেন বোমা বিস্ফোরণের মতো ছিল, আরেকজন জানান, সাধারণ দিনের তুলনায় কম্পনের মাত্রা ছিল কয়েকগুণ বেশি।

অনেক পরিবারের ঘরে কাদা জমে গেছে এবং আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ব্যক্তিগত সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। এক নারী বাসিন্দা বলেন, বহু অর্থ ব্যয় করে সাজানো তাঁর বাগান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তিনি খনির মালিকদের নিজ বাড়িতে এসে ক্ষয়ক্ষতি দেখার আহ্বান জানান।

স্থানীয় কাউন্সিল জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে জরুরি সহায়তা, অস্থায়ী আবাসন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। তবে কাদা, পাথর ও ধ্বংসাবশেষে সড়কের ব্যাপক ক্ষতি হওয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এখনও বন্ধ রয়েছে।

পরিবেশ কর্তৃপক্ষ জানিয়েছে, নিকটবর্তী নদীর পানির রঙ পরিবর্তিত হয়েছে। সম্ভাব্য দূষণের বিষয়টি খতিয়ে দেখতে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে নদীতে না নামতে এবং পোষা প্রাণীকে নদীর পানিতে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও নিরাপত্তা কর্তৃপক্ষ এবং দক্ষিণ ওয়েলস পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। খনির মালিক প্রতিষ্ঠান জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করবে এবং নিজেদের পক্ষ থেকেও পৃথক তদন্ত পরিচালনা করবে।

ওয়েলস সরকারের স্থানীয় সরকার ও আবাসনবিষয়ক মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসন এখন সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

এদিকে, ক্ষতিগ্রস্ত বাসিন্দারা দাবি করেছেন, ভবিষ্যতে এমন বিপর্যয় ঠেকাতে খনিতে বিস্ফোরণ কার্যক্রম বন্ধ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

“ইতিহাস গড়া কূটনীতিকঃ শরণার্থী থেকে ব্রিটেনের হাইকমিশনার কানবার হোসেইন-বোর”

তরুণ শিক্ষার্থী হত্যাকাণ্ড ঘিরে অভিবাসন বিতর্কে উত্তপ্ত ব্রিটেন

যুক্তরাজ্যে দরিদ্র ও এশীয় পটভূমির রোগীরা এনএইচএস চিকিৎসায় বঞ্চিত, দীর্ঘ অপেক্ষার ফাঁদে লাখো মানুষ