9.4 C
London
May 13, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে নতুন নীতিমালা ভেঙে বিপাকে লিডল ও আইসল্যান্ডঃ শিশু স্থূলতা রোধে কঠোর অবস্থান

যুক্তরাজ্যে অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন নিয়ন্ত্রণে নতুন নীতিমালা কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো দুইটি সুপারমার্কেটের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে দেশটির বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা।

নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, লিডল এবং আইসল্যান্ডের প্রকাশিত বিজ্ঞাপনগুলো নতুন নিয়ম ভঙ্গ করেছে। এসব বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যম এবং একটি জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রচার করা হয়েছিল।

গত ৫ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নীতিমালায় টেলিভিশনে রাত ৯টার আগে এবং অনলাইনে যেকোনো সময় উচ্চ চর্বি, লবণ ও চিনি সমৃদ্ধ খাবারের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। শিশুদের মধ্যে বাড়তে থাকা স্থূলতা রোধে সরকারের উদ্যোগের অংশ হিসেবেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

লিডল নর্দার্ন আয়ারল্যান্ড একটি জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্বকে অর্থের বিনিময়ে তাদের বেকারি পণ্যের প্রচারণায় যুক্ত করে। সংশ্লিষ্ট ভিডিওতে ফরাসি পেস্ট্রি “প্যাঁ সুইস” দেখানো হয়, যা ভ্যানিলা ক্রিম ও চকোলেট চিপস দিয়ে তৈরি। অভিযোগকারীরা এটিকে কম স্বাস্থ্যকর খাবার হিসেবে উল্লেখ করে, যা নতুন নিয়মের লঙ্ঘন।

প্রতিষ্ঠানটি দাবি করেছিল, বিজ্ঞাপনটি মূলত ব্র্যান্ডভিত্তিক প্রচারণা ছিল। তবে তারা স্বীকার করেছে যে এতে নির্দিষ্ট অস্বাস্থ্যকর পণ্য প্রদর্শিত হয়েছে, যা নীতিমালার পরিপন্থী।

অন্যদিকে, আইসল্যান্ড একটি অনলাইন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ব্যানার বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন মিষ্টিজাতীয় পণ্য প্রচার করে। এসব পণ্যের মধ্যে ছিল বিভিন্ন ধরনের ক্যান্ডি ও চকোলেট, যা পুষ্টিগত মানদণ্ডে উত্তীর্ণ না হওয়ায় “কম স্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত হয়।

আইসল্যান্ড জানিয়েছে, তারা সরবরাহকারীদের কাছ থেকে পুষ্টিগত তথ্য সংগ্রহ করলেও কিছু ঘাটতি রয়েছে। এ সমস্যা সমাধানে তারা নিয়মিতভাবে পণ্যের পুষ্টিগুণ যাচাইয়ের জন্য আলাদা তথ্যসেবা নিয়োগ দিয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা অভিযোগগুলো পর্যালোচনা করে উভয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নিষিদ্ধ করে এবং ভবিষ্যতে এমন কোনো পণ্য প্রচার না করার নির্দেশ দিয়েছে, যা অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপনবিষয়ক নতুন নীতিমালা লঙ্ঘন করে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

আশ্রয়প্রার্থী স্থানান্তর গতিশীল করতে রুয়ান্ডায় বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুদের জন্য ‘অ্যাপ কারফিউ’ ভাবছে যুক্তরাজ্য সরকার

এবার এমপি পদ থেকেও টিউলিপের পদত্যাগ দাবি, পিটিশন দাখিল