TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মেয়রের গাড়ি কিনতে প্রায় ৩৯ হাজার পাউন্ড খরচঃ সমালোচনার মুখে হ্যারো কাউন্সিল

লন্ডনের হ্যারো কাউন্সিলের মেয়রের জন্য প্রায় ৩৯ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ লাখ টাকা) ব্যয়ে নতুন বিলাসবহুল হাইব্রিড গাড়ি কেনার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে কাউন্সিল ট্যাক্সের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ পরিবারগুলো। এমন পরিস্থিতিতে মেয়রের গাড়ি কেনার পেছনে বিপুল অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন করদাতাদের স্বার্থসংশ্লিষ্ট একটি সংগঠনের প্রতিনিধি।

মাই লন্ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য অধিকার আইনে (এফওআই) পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে হ্যারো কাউন্সিল ৩৮ হাজার ৮৩৭ পাউন্ড ব্যয়ে পাঁচ দরজার লেক্সাস ইএস ৩০০এইচ মডেলের একটি হাইব্রিড গাড়ি কিনেছে। টয়োটার তৈরি এই গাড়িটি বিলাসবহুল মাঝারি আকারের সেডান হিসেবে পরিচিত।

সাবেক মেয়র কাউন্সিলর অঞ্জনা প্যাটেলের দায়িত্ব পালনকালে গাড়িটি কেনা হয়। এর আগে কাউন্সিলর সালিম চৌধুরী মেয়রের দায়িত্বে ছিলেন। নতুন গাড়ি কেনার পর মেয়রের নাগরিক ও আনুষ্ঠানিক দায়িত্ব পালনের ব্যয় ২০২৪-২৫ অর্থবছরের ৩০ হাজার ৯৭২ পাউন্ড থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ৬৮ হাজার ৫৭২ পাউন্ডে দাঁড়িয়েছে।

কাউন্সিল জানিয়েছে, আগের মেয়রের গাড়িটি ১৩ বছরের বেশি পুরোনো হয়ে গিয়েছিল। নিয়মিত যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় সেটি পরিবর্তনের প্রয়োজন ছিল। নতুন গাড়িটি দীর্ঘমেয়াদে ব্যবহার করা হবে, যাতে কাউন্সিলের বিনিয়োগের সর্বোচ্চ সুফল পাওয়া যায়।

বর্তমানে কনজারভেটিভ পার্টির কাউন্সিলর যোগেশ তেলি ২০২৬ সালের মে মাস থেকে হ্যারোর আনুষ্ঠানিক মেয়রের দায়িত্ব পালন করছেন। তিনি কাউন্সিলের পূর্ণাঙ্গ সভায় সভাপতিত্ব করার পাশাপাশি বিভিন্ন সরকারি ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে পুরো এলাকার প্রতিনিধিত্ব করেন।

গাড়ি কেনার সমালোচনা করে ট্যাক্সপেয়ার্স অ্যালায়েন্সের গ্রাসরুটস ডেভেলপমেন্ট ম্যানেজার বেঞ্জামিন এলকস বলেন, জীবনযাত্রার ব্যয় সংকটের মধ্যে কাউন্সিল কেন এত দামি গাড়ি কিনতে অর্থ ব্যয় করছে, তা নিয়ে করদাতারা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলবেন।

তিনি আরও বলেন, হ্যারোতে কাউন্সিল ট্যাক্স বাড়ছে, অন্যদিকে পরিবারগুলো দৈনন্দিন ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে মেয়রের জন্য দামি গাড়ি কেনা সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়াতে পারে। তার মতে, মেয়রের জন্য নতুন গাড়ি কেনার পরিবর্তে জরুরি জনসেবা নিশ্চিত করা এবং কাউন্সিল ট্যাক্স কমানোর দিকে কর্তৃপক্ষের মনোযোগ দেওয়া উচিত।

অন্যদিকে হ্যারো কাউন্সিলের এক মুখপাত্র বলেন, আগের মেয়রের গাড়িটি ১৩ বছরের বেশি পুরোনো ছিল এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হচ্ছিল। সে কারণেই গাড়িটি পরিবর্তন করা হয়েছে। নতুন হাইব্রিড লেক্সাস গাড়িটিও দীর্ঘমেয়াদে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে, যাতে কাউন্সিলের বিনিয়োগের যথাযথ মূল্য পাওয়া যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়ন করতে সক্ষম হলেও পরবর্তী অর্থবছরে হ্যারো কাউন্সিলের সম্ভাব্য বাজেট ঘাটতি ৭ মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যেতে পারে। প্রাপ্তবয়স্কদের সামাজিক সেবা এবং অস্থায়ী আবাসনের ব্যয় বৃদ্ধি কাউন্সিলের আর্থিক চাপ বাড়াচ্ছে।

সূত্রঃ মাই লন্ডন

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের ফিলিস্তিনপন্থী মুসলিম সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল মিসর

ব্রিটেনে অভিবাসীদের ভাতা ও সামাজিক আবাসন বন্ধের ঘোষণা ব্যাডেনকের

রিফর্ম ইউকে’তে প্রকাশ্য দ্বন্দ্বঃ বহিষ্কার নীতি নিয়ে জিয়া ইউসুফ-রবার্ট জেনরিক মুখোমুখি