TV3 BANGLA
আন্তর্জাতিক

কায়রোতে জ্বালানি ট্যাংকার উল্টে ভয়াবহ আগুনঃ নিহত ৩১

মিশরের রাজধানী কায়রোতে জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। বুধবার সন্ধ্যায় কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

কায়রোর পুরোনো নগরকেন্দ্রের উত্তরে ওয়াররাক এলাকার রিং রোডের একটি অংশে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আগুন দ্রুত আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। আহতদের মধ্যে অনেকেই দগ্ধ হয়েছেন এবং ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাদের আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জ্বালানিবাহী ট্যাংকারটি মহাসড়কে উল্টে গিয়ে আশপাশের যানবাহনের ওপর পেট্রল ছড়িয়ে দেয়। এরপর আগুন ধরে যায়। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে শুরুতে কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাননি।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম জানিয়েছে, ট্যাংকারটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্যাংকারটি সড়কের মাঝের ডিভাইডার অতিক্রম করে উল্টে যায় এবং আগুন ধরে যায়।

ঘটনার পর পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে বলে তথ্যমতে জানা যায়। নিহতদের পরিচয় শনাক্ত করতে মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার ও চিকিৎসাসেবা দিতে ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। দেশটির স্বাস্থ্যমন্ত্রীও আহতদের চিকিৎসার বিষয়টি তদারক করতে কায়রোর একটি হাসপাতালে যান।

আগুন নিয়ন্ত্রণে আসার পরও সড়কে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। জরুরি সেবাকর্মীরা দুর্ঘটনাকবলিত এলাকা পরিষ্কার করেন এবং পুড়ে যাওয়া গাড়িগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। পরে সড়কটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

মিশরে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অপরিকল্পিত আবাসিক এলাকা, পুরোনো অবকাঠামো এবং জরুরি উদ্ধার কার্যক্রমে বিলম্বের কারণে দেশটিতে এ ধরনের দুর্ঘটনা মোকাবিলা কঠিন হয়ে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।

এ ছাড়া দেশটিতে সড়ক দুর্ঘটনাও উদ্বেগজনক। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মিশরের সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যা আগের বছরের তুলনায় বেশি।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

যুদ্ধে ক্ষতিগ্রস্ত কাতারের এলএনজি স্থাপনা, সংকটের মুখে বাংলাদেশ-পাকিস্তান

কানাডায় আশ্রয় আবেদন নাটকীয়ভাবে কমেছেঃ স্টুডেন্ট-ভিজিট ভিসায় স্থায়ী হওয়ার পথ কঠিন

কেন ইরানের ভরসা হয়ে উঠতে পারছে না চীন